নিয়োগ বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তির কার্যকারিতা এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।আজ মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিটের শুনানি নিয়ে এ আদেশ দেন। একই সঙ্গে ওয়েবসাইটে দেওয়া ওই বিজ্ঞাপনটি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। চার সপ্তাহের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। ৪ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে বলা হয়, ‘৮ আগস্ট দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে আবেদনপত্র জমা দানের শেষ সময় ১২ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো। ডাক মারফত ছাড়াও সরাসরি আবেদনপত্র জমা দেওয়া যাবে। ওই বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।’ এর বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত তোফায়েল ইসলামসহ তিন ব্যক্তি গতকাল সোমবার হাইকোর্টে রিট আবেদন করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম বদরুদ্দোজা ও আমিমুল এহসান জুবায়ের।আমিমুল এহসান জুবায়ের প্রথম আলো ডটকমকে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ৪ সেপ্টেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তির কার্যকারিতা হাইকোর্ট এক মাসের জন্য স্থগিত করেছেন। ওই বিজ্ঞপ্তির আলোকে এর মধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষা হয়েছে। বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করার ফলে এই সময়ের মধ্যে নিয়োগপ্রক্রিয়া স্থগিত থাকবে বলে জানান তিনি।