‘হতদরিদ্রের জন্য কর্মসৃজন ও ন্যাশনাল সার্ভিস: কার্যকর বাস্তবায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক সিপিডির সংলাপ
নিয়োগে স্বজনপ্রীতি হলেও দরিদ্রদের জন্য উপকারী
হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য নেওয়া বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির মধ্যে সমন্বয় প্রতিষ্ঠায় ‘জাতীয় সামাজিক সংরক্ষণ নীতি’ প্রণয়নের পরামর্শ দিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। একই সঙ্গে তিনি প্রত্যেক নাগরিকের কর্মসংস্থান অধিকারের আইনি স্বীকৃতি দেওয়ারও সুপারিশ করেন। রেহমান সোবহান বলেন, এতে করে কর্মসংস্থানবঞ্চিত নাগরিকরদের সরকারকে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর সুযোগ সৃষ্টি হবে। ফলে সরকারও জনগণের কর্মসংস্থান সৃষ্টির প্রশ্নে আরও বেশি দায়বদ্ধ থাকবে। ‘হতদরিদ্রের জন্য কর্মসৃজন ও ন্যাশনাল সার্ভিস: কার্যকর বাস্তবায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক এক সংলাপে সভাপতির বক্তব্যে গতকাল বৃহস্পতিবার তিনি সরকারের প্রতি এ পরামর্শ দেন। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) রাজধানীর মহাখালীতে ব্র্যাক ইন সেন্টারে এ সংলাপের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সায়েদুল হক। নির্ধারিত বক্তা ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠিত) সাধারণ সম্পাদক সাইফুল হক ও বিশ্বব্যাংকের সামাজিক সংরক্ষণ অর্থনীতিবিদ শেখ এস আহমেদ। সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির অতিরিক্ত পরিচালক ফাহমিদা খাতুন। সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান সংলাপে স্বাগত বক্তব্য দেন। ফাহমিদা খাতুন বলেন, তাঁরা চারটি জেলায় ২৪টি জায়গায় সরকারের কর্মসৃজন কর্মসূচির ওপর সমীক্ষা চালিয়েছেন। এতে দেখা গেছে, এসব কর্মী নিয়োগের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে স্বজনপ্রীতি দেখানো হয়েছে। অনেক ক্ষেত্রে কর্মসূচিগুলোয় অনেক অস্বচ্ছতার নজির পাওয়া গেছে। তার পরও এসব কর্মসূচি হতদরিদ্রদের জীবিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে দারিদ্র্যপ্রবণ এলাকার মানুষের বেশি উপকার হয়েছে। তিনি বলেন, এসব কর্মসূচিতে বাজার মূল্যের চেয়ে কম মজুরি নির্ধারণ করা হয়েছে। এ ধরনের কর্মসূচিতে মজুরি কমই নির্ধারিত হওয়া উচিত। কিন্তু কিছু জায়গায় এত কম ধরা হয়েছে যে শ্রমিক পাওয়া দুষ্কর হয়ে গেছে। তাঁর মতে, বেশির ভাগ ক্ষেত্রে খুব স্বল্প সময়ে মধ্যে ও বিচ্ছিন্নভাবে এসব প্রকল্প নেওয়া হয়। ফলে স্থানীয়ভাবে কাজের সমন্বয়ের অভাব দেখা দেয়। তাই বার্ষিক উন্নয়ন কর্মসূচির ছোট প্রকল্পগুলোর সঙ্গে যোগসূত্র স্থাপনের মাধ্যমে প্রকল্প নেওয়া হলে ভালো ফল পাওয়া যাবে। প্রবন্ধে আরও বলা হয়, বর্তমান সরকার তিনটি জেলার ৬৫ হাজার বেকারের কর্মসংস্থানের জন্য ন্যাশনাল সার্ভিসে ১৯০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে, কিন্তু প্রয়োজন এক হাজার কোটি টাকা। বাকি টাকা কোত্থেকে আসবে, সেটাও দেখার বিষয়। আর দুই বছর চাকরি করার পর একজন বেকার কীভাবে নতুন কর্মসংস্থান পাবে, সে বিষয়ের ওপর নজর দেওয়া প্রয়োজন। সায়েদুল হক বলেন, দেশের অভ্যন্তরে কৃষি ও শিল্পের উত্পাদন না বাড়ানো গেলে কেবল সামাজিক নিরাপত্তা কর্মসূচি বেশি দিন কার্যকর থাকবে না। তাই সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি উত্পাদন বাড়ানোর প্রতি বিশেষ নজর দিচ্ছে। এ জন্য সার, কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণ সরকার ভর্তুকি দিয়ে কৃষকের হাতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। সাইফুল হক বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাড়ছে, এটা ইতিবাচক দিক। তবে এসব প্রকল্পের বেশির ভাগই নেওয়া হচ্ছে অস্থায়ী ভিত্তিতে এবং এগুলো প্রধানত ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে করা হয়। কিন্তু প্রয়োজন গ্রামাঞ্চলের মানুষের জন্য স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করা। এ জন্য গ্রামীণ শিল্প গড়ে তোলার দিকে জোর দিতে হবে। শেখ এস আহমেদ বলেন, কর্মসৃজন কর্মসূচি যেভাবে শুরু করা হয়েছিল, তাতে অনেক পরিবর্তন আনা হয়েছে। বিশ্বব্যাপী যেসব কর্মসূচি রয়েছে সেগুলো এবং নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে এটা করা হয়েছে। দারিদ্র্যের মানচিত্রের ভিত্তিতে এখন অর্থ বরাদ্দ দেওয়া হবে। যেসব জেলায় ৩৫ শতাংশ দরিদ্র রয়েছে, সেসব জেলায় মোট বরাদ্দের ৪৫ শতাংশ অর্থ দেওয়া হবে। এ ক্ষেত্রে যাদের জমি দশমিক ৫ একরের কম ও প্রধানত কায়িক শ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করে, তারাই এর সুবিধাভোগী হবে। আর এসব প্রকল্পে দুর্নীতি কমাতে তিনি ব্যাংকের মাধ্যমে মজুরি পরিশোধের পরামর্শ দেন। সরকারের দারিদ্র্যবিমোচনের প্রকল্পগুলো ধনীদের না গরিবদের জন্য এই প্রশ্ন তুলে নীলফামারী হতদরিদ্র মহিলা সেলিনা বেগম অভিযোগ করেন, ‘কাজ পেতে এলাকার নেতাদের টাকা দেওয়া লাগে। টাকা না দিলে কাজ পাওয়া যায় না। কিন্তু আমরা কাজ করতে চাই। আর কাজের বিনিময়ে টাকা চাই।’