প্রথম আলো তার যাত্রার ১২ বছর পূর্ণ করছে আগামী ৪ নভেম্বর। এক যুগ পূর্তি উপলক্ষে নেওয়া হয়েছে নানা অনুষ্ঠান ও আয়োজনের বিভিন্ন উদ্যোগ। এর সূচনা হিসেবে প্রথম আলোর বিভিন্ন দিক ও বিষয় নিয়ে ১২টি ধারাবাহিক নিবন্ধ ছাপা শুরু হচ্ছে আজ থেকে। আজ ছাপা হলো প্রথমটি। এক যুগ
নীতি প্রতিষ্ঠার লড়াইয়ে ১২ বছর
রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বলেছিলেন, ‘পা তোলা পা ফেলা,’ ঠিক তেমনি করেই এগোতে এগোতে আর দিন কয়েক পরই, আগামী ৪ নভেম্বর, প্রথম আলোর বয়সও হয়ে যাবে ১২ বছর। একটি পত্রিকার জন্য ১২ বছর কি খুব বেশি সময়? পশ্চিমা দুনিয়ার দিকে তাকানোর দরকার নেই। আমাদের আশপাশের দেশেই এমন বহু সংবাদপত্র আছে, যেগুলো বয়সের দিক থেকে এক-দেড় শতক পার করে এসেছে। তবু এত কম সময়েও বাংলাদেশের পত্রিকাজগতে প্রথম আলো কীভাবে একটি শক্ত ভিত তৈরি করে নিল? কী পাঠকপ্রীতিতে, কী জোরালো সাংবাদিকতায়, কী কঠোর দলনিরপেক্ষ অবস্থানে? সেসব ভেবে দেখবেন বিজ্ঞজনেরা। কিন্তু এ কথা হয়তো এখন কিছুটা জোর দিয়েই বলা যায়, সংবাদপত্র হিসেবে শুরুর দিন থেকেই প্রথম আলো কিছু সংকল্প ও স্বপ্নের কথা স্পষ্ট করেই বলেছিল। আর পরবর্তী সময়ে প্রথম আলোর সাংবাদিকতাচর্চায় সে সংকল্প ও স্বপ্নের প্রতিশ্রুতির ছাপ পাঠকেরা লক্ষ করেছেন। কী সেই সংকল্প ও স্বপ্ন? তার ভেতরে ঢোকার আগে একটু ভূমিকা করে নেওয়া যাক।জুডিথ মিলারকে কি মনে পড়ে, পাঠক? ওসামা বিন লাদেন আর আল-কায়েদাকে নিয়ে ২০০১ সালে লেখা ‘বিশ্লেষণাত্মক প্রতিবেদন’-এর জন্য পরের বছর তিনি পেয়েছিলেন পুলিৎজার পুরস্কার। কিন্তু ঠিক সে কারণে নিশ্চয়ই এখনো মনে পড়ছে না তাঁকে? তা হলে একটু খুলে বলা যাক। ২০০২ সালের সেপ্টেম্বর থেকে নিউইয়র্ক টাইমস-এ একটি সিরিজ প্রতিবেদনে তিনি দাবি করেন, অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র থেকে তিনি জানতে পেরেছেন যে ইরাকের কাছে ব্যাপক বিধ্বংসী মারণাস্ত্র আছে। এর পরের ঘটনাক্রম সবার জানা। যুক্তরাষ্ট্র হামলে পড়ে ইরাকের ওপর, সাদ্দাম হোসেনকে ঝোলানো হয় ফাঁসির দড়িতে, মধ্যপ্রাচ্য হয়ে ওঠে অগ্নিকুণ্ড। কিন্তু ইরাককে কাবু করার অনেক পরেও সেই ব্যাপক বিধ্বংসী মারণাস্ত্রের আর কোনো খোঁজ মেলে না। আরও পরে স্পষ্ট হয়, জুডিথের প্রতিবেদনটি ছিল ভুয়া। তিনি তাঁর প্রতিবেদন তৈরি করেছিলেন দুর্বল সূত্র ও নড়বড়ে তথ্যের ওপর। এরপর জুডিথ মিলারই হয়ে ওঠেন খবর। সাংবাদিকতার নীতি থেকে ছিটকে পড়লে তার পরিণাম কী ভয়ংকর হয়ে উঠতে পারে, জুডিথ মিলার তার উদাহরণ। একটি ভুল খবর ভূগোলকেও তছনছ করে দিতে পারে বটে।সুসাংবাদিকতার প্রত্যয় সাংবাদিকতার পথজুড়ে এমন সব ঝুঁকি ও ফাঁদ, কখনো বা বিচিত্র প্রলোভন ছড়ানো। বাংলাদেশের মতো যেসব দেশে গণতন্ত্র নির্মীয়মাণ আর তার পাশাপাশি সংবাদপত্রের কর্তব্য, দায় ও সীমানা বোঝাপড়া করে নিতে এখনো বহু পথ পাড়ি দিতে হবে, ঝুঁকির পরিমাণ সেখানে আরও ব্যাপক ও গভীর। এই সত্যের গভীর উপলব্ধি থেকে প্রকাশের শুরু থেকেই প্রথম আলো চেয়েছিল সাংবাদিকতার সুকঠোর নীতি ও নিরিখের দিকে তাকিয়ে অবিচল পথ চলতে। প্রথম আলোর প্রধান লক্ষ্যগুলো ছিল সত্য উদ্ঘাটনে ও পরিবেশনে বস্তুনিষ্ঠ, আপসহীন, দলনিরপেক্ষ ও সাহসী হওয়া; গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধের চেতনা ও উন্নয়নমুখিতার দিকে মুখ রেখে চলা এবং নারী, শিশু, জনজাতি, ক্ষুদ্র গোষ্ঠী-জাতি-সম্প্রদায়ের প্রতি সংবেদনশীল থাকা। এই সবকিছু মিলিয়ে প্রথম আলোর লক্ষ্য ছিল একটি যথার্থ সংবাদপত্র প্রতিষ্ঠান হয়ে ওঠার। গত ১২ বছর ধরে ধীরে ধীরে সে পথ ধরেই এগিয়ে গেছে প্রথম আলো। দুয়েকটি চকিত উদাহরণ পেশ করা যাক। ২০০৪ সালে বাংলাদেশে উগ্রবাদী জঙ্গিদের নিয়ে কিছু অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো। এ নিয়ে তখনো পর্যন্ত মুখ ফুটে কেউ কিছু বলছিলেন না। সে প্রতিবেদন নিয়ে প্রথম আলো মারাত্মক হুমকির মুখে পড়ে। ঘটনার বিস্তারে যাওয়ার দরকার নেই। সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করে এমন আন্তর্জাতিক প্রতিষ্ঠান কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) ২৩ আগস্ট ২০০৪ তারিখে নিউইয়র্ক থেকে প্রকাশিত একটি প্রতিবেদনের একটি অংশই বরং তুলে দেওয়া যাক: ‘ইসলামি উগ্রবাদী জঙ্গিদের প্রসঙ্গ বাংলাদেশে অতি স্পর্শকাতর। যেসব বিদেশি পত্রপত্রিকা এদের অস্তিত্ব বা তৎপরতা সম্পর্কে খবর দিয়েছে, সরকার তাদের আক্রমণ বা নিষিদ্ধ করেছে। ২০০২ সালে সে পরিণতি হয়েছে ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ ও টাইম-এর। বাংলাদেশে প্রথম আলোই প্রথম কোনো পত্রিকা, যারা এ বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করল।’এবার ফেরা যাক দেশে। ২২ জানুয়ারি ২০০৯। বাংলাদেশজুড়ে সেদিন উপজেলা নির্বাচন। কিন্তু ভোর থেকেই কুয়াশা আচ্ছন্ন করে রেখেছে দেশ। বোরো মৌসুমের কারণে কৃষকেরাও ভোট দিতে ফাঁকফোকরে আসছেন মাঠ থেকে। ফলে সকালের দিকে ভোটকেন্দ্র ছিল একেবারে ফাঁকা। বিভিন্ন তথ্যমাধ্যমের কর্মীরা গিয়ে ধরেছেন প্রধান নির্বাচন কমিশনারকে। তিনি হতাশা প্রকাশ করে বললেন, ‘মন্ত্রী-সাংসদেরা অনভিপ্রেত প্রভাব বিস্তার করেছেন। সব মিলিয়ে আমাদের কিছু অসন্তোষ রয়েই গেল।...যে পরিমাণে ভোটারের উপস্থিতি আশা করেছিলাম, তেমনটা হয়নি। আমরা ভোটারদের নিরাপত্তার ব্যবস্থা করেছিলাম। তার পরও ভোটাররা কেন ভোট দিতে আসেনি, তা অনুসন্ধান করা হবে।’ তথ্যমাধ্যমে খবর এল, ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল হতাশাব্যঞ্জক। কিন্তু সাংবাদিকতার কঠোর নীতি অনুসরণ করে দেশব্যাপী প্রথম আলোর প্রতিনিধিরা সারা দিন মাঠে থেকে দেখতে পেয়েছিলেন দুপুর থেকে ভোটারদের উপস্থিতি। সে দিন প্রথম আলো ছিল অন্যদের চেয়ে আলাদা, তার খবরে ছিল প্রকৃত সত্যেরই প্রতিফলন। কয়েক দিন পর প্রধান নির্বাচন কমিশনার তাঁর আগের মন্তব্য ফিরিয়ে নিলেন। স্বীকৃতি দিলেন প্রথম আলোয় প্রকাশিত সত্যের।খবরের পেছনে তথ্য যাচাই করা, ঘটনাস্থলে হাজির থাকা, সাহসের সঙ্গে যা সত্য তা প্রকাশ করায় সংবাদপত্র হিসেবে প্রথম আলো এভাবেই অবিরাম একটি নীতিনিষ্ঠ প্রতিষ্ঠান হয়ে উঠতে চেয়েছে। খবর প্রকাশে তাই বলে প্রথম আলোর কখনো কোনো ভুলভ্রান্তি হয় না, তা নিশ্চয়ই নয়। সে ভুল সত্য পাল্টে দেওয়ার চেষ্টায় নয়, সে ভুল অনিচ্ছায়। আর সে ভুল স্বীকার করতেও প্রথম আলো কুণ্ঠিত নয়। সত্য প্রকাশে খবরের সংশোধনী বা প্রতিবাদ প্রকাশকেও প্রথম আলো তার কর্তব্য বলে মানে।নীতিনিষ্ঠ সাংবাদিকতাকিন্তু একটি প্রতিষ্ঠান নীতিনিষ্ঠ হয়ে উঠতে চাইলে তার চাই সুস্পষ্ট নীতিমালা। প্রথম আলো তাই প্রণয়ন করেছে একাধিক নীতিমালা ও কিছু পালনীয় রীতি। পুস্তক-পুস্তিকা আকারে মুদ্রিত সেসব নীতিমালার মধ্যে আছে ‘প্রথম আলোর সাংবাদিকতাসংক্রান্ত নৈতিকতা’, ‘প্রথম আলোতে নারী ইস্যুভিত্তিক লেখা প্রকাশের নীতিমালা’ এবং প্রথম আলো ভাষারীতি। বাংলাদেশে নৈতিক সাংবাদিকতার পথে প্রথম আলোর এ পদক্ষেপই অগ্রণী।প্রথম আলোর সাংবাদিকতানীতির দুই শাখা। একটি সাংবাদিকদের আচরণ ও কর্তব্য বিষয়ে, আরেকটি সংবাদ সংগ্রহ ও পরিবেশনসংক্রান্ত। প্রথম আলোয় সাংবাদিকতা শুরু করার সময় কর্মীদের জানাতে হয়; জানাতে হয় যদি তাদের কোনো পারিবারিক ব্যবসা থাকে, সে বিষয়ে। কারও কাছ থেকে উপহার বা সুযোগ-সুবিধা নেওয়া, অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক মাসোহারার বিনিময়ে যুক্ত থাকা, বাংলাদেশের স্বার্থ জড়িত আছে এমন কোনো প্রতিষ্ঠানের আমন্ত্রণে বিদেশভ্রমণে যাওয়া—এ নীতিমালায় কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। নীতিমালা ভঙ্গ করায় চাকরিচ্যুত হয়েছেন বেশ কয়েকজন কর্মী। কারণ ব্যক্তি-সাংবাদিকের নৈতিক চরিত্র থেকে তাঁর সাংবাদিকতাকে প্রথম আলো বিচ্ছিন্ন করে দেখেনি।এ নীতিরই বিস্তার ঘটেছে প্রথম আলোর খবর পরিবেশনের রীতিতে। খবরের সঙ্গে সূত্র উল্লেখ করা, কারও সম্পর্কে নেতিবাচক খবর পরিবেশনের সময় তার বক্তব্য যুক্ত করা, কোনো খবরে একাধিক পক্ষ থাকলে সবার ভাষ্য একত্র করা, তথ্য পরিবেশনের সময় কোনো জাতি-গোষ্ঠী-ধর্মের প্রতি কটাক্ষ না করা, কারও ব্যক্তিগত অভ্যাস বা জীবনপ্রণালিকে খবরের বিষয়বস্তু করে না তোলা, নৃশংস আলোকচিত্র না ছাপানো ইত্যাদি বিষয়ে প্রথম আলো কঠোরভাবে তার নীতিমালা অনুসরণ করে চলে।নারীর প্রতি সংবেদনশীলতাবাংলাদেশের মতো দেশে নারী ও নারীত্বের অবমাননা ও লাঞ্ছনার ঘটনার কোনো কমতি নেই। কিন্তু আরও দুর্ভাগ্যজনক হলো, অনেক ক্ষেত্রেই নারীর অবমাননা ও লাঞ্ছনার পুনরাবৃত্তি ঘটে সেসব ঘটনার খবর ছাপাতে গিয়ে। তাই খবর পরিবেশনের জন্য প্রথম আলো প্রকাশ করেছে ও পালন করছে ‘নারী ইস্যুভিত্তিক লেখা প্রকাশের নীতিমালা’। এ নীতিমালার মৌলিক মূল্যবোধ হলো নারীর প্রতি যথার্থ সম্মান দেখানো।নারীসংক্রান্ত, বিশেষ করে অপরাধ-সংশ্লিষ্ট খবর পরিবেশনের সময় মানবিকতা, শালীনতা ও রুচির সীমা অনেক ক্ষেত্রেই একটি বড় প্রশ্ন হয়ে দেখা দেয়। এ ক্ষেত্রে সংবেদনশীলতার অভাব বাংলাদেশের সংবাদপত্রের একটি বড় সংকটের দিক। নারীর প্রতি সংবেদনশীলতা তাই প্রকাশের শুরু থেকেই ছিল প্রথম আলোর অন্যতম ঘোষিত নীতি। এ নীতিমালা অনুসরণ করে প্রথম আলো অত্যন্ত সচেতনভাবে ধর্ষণ বা অবমাননার শিকার কোনো নারীর নাম, ঠিকানা, পরিচয় বা ছবি প্রকাশ করেনি। কোনো নারী বা নারীশিশু যদি কোথাও পাচার হয়ে থাকে বা এমন কোনো দুঃসহ পরিস্থিতির শিকার হয়, যাতে তার সামাজিক জীবন ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা থাকে, তাহলেও এ নীতি কঠোরভাবে অনুসরণ করা হয়। প্রকাশ্য কোনো ঘটনার ক্ষেত্রে কোনো ছবি ছাপা হলেও ঢেকে দেওয়া হয়েছে সে নারীর মুখ, গোপন রাখা হয়েছে তার নাম-পরিচয়।আজকাল বাংলাদেশের তথ্যমাধ্যমে এ ব্যাপারে যে মৃদু পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, প্রথম আলো বিনীতভাবে প্রথম সেখানে তার পদক্ষেপটি রেখেছিল।আ মরি বাংলা ভাষাঅনেক রক্তের বিনিময়ে পাওয়া আমাদের এই দেশটির নাম আমরা দিয়েছি আমাদের ভাষার নামে। ভাষার জন্য আমরা রাজপথে ঢেলে দিয়েছি বুকের তাজা রক্ত। আমাদের ভাষার নাম বাংলা, আমাদের দেশের নাম বাংলাদেশ। প্রথম আলো মাতৃভাষা বাংলার ব্যবহারে তাই শুদ্ধাচারী। প্রকাশিত লেখায় যথাসম্ভব বাংলা ব্যবহারে, বাংলা বানান ও ভাষার শুদ্ধ ব্যবহারে এবং পুরো পত্রিকায় বানানের সাম্য রক্ষা করার ব্যাপারে প্রথম আলো অনমনীয়। বাংলা ভাষার বানান নিয়ে পণ্ডিতদের মধ্যেও অনৈক্য কম নেই। সে অনৈক্য সত্ত্বেও বাংলা একাডেমীর অভিধান ও ভাষা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে প্রকাশ করা হয়েছে প্রথম আলো ভাষারীতি। পাঠকদের মধ্যেও এ বইয়ের জন্য ব্যাপক চাহিদা লক্ষ করা গেছে। বইটির দুটি সংস্করণ নিঃশেষিত হয়েছে। এখন চলছে তৃতীয় সংস্করণ প্রকাশের কাজ। ব্যবহারের সুবিধার জন্য প্রতিটি সংস্করণ পরিমার্জনা করা হয়েছে; বাড়ানো হয়েছে অধ্যায় বা অধ্যায়ের পরিসর।খাড়াইয়ের দিকেপ্রায় ১২ বছর আগে এক প্রহরী বলেছিলেন তাঁর সংবাদপত্র পড়ার অভিজ্ঞতার কথা। আগে নাকি তাঁকে পড়তে হতো দুটি পত্রিকা: একটি এ পক্ষের, আরেকটি ও পক্ষের। দুই পত্রিকার মাঝবরাবর রেখা টেনে তাঁকে বুঝে নিতে হতো, এই হচ্ছে দেশের আসল অবস্থা। তিনি বলছিলেন, এখন আর তাঁকে দুটি পত্রিকা পড়তে হয় না। প্রথম আলো তাঁকে দুটি পত্রিকা পড়ার ঝঞ্ঝাট থেকে বাঁচিয়ে দিয়েছে।সম্পাদকীয় নীতিতে এবং খবর পরিবেশনে এই কঠোর নির্দলীয় ও সাহসী অবস্থান রক্ষা করার জন্য এসব নীতিমালা পাহারা দিয়ে রেখেছে প্রথম আলোকে; আর জোগাচ্ছে হয়তো সে শক্তিও, যা একে দ্রুত নিয়ে এসেছে প্রচারসংখ্যার শীর্ষে। এরপর প্রথম আলো ক্রমাগত ছাড়িয়ে যেতে চেয়েছে নিজেকেই। আজ থেকে শতবর্ষ পরে, প্রথম আলোর শিখর থেকে পেছনে তাকিয়ে, এর নীতিমালাকে হয়তো টুপি খুলে অভিবাদন জানাবে এর গর্বিত কোনো কর্মী।প্রথম আলোর মূল্যবোধ ও বিশ্বাসপ্রথম আলোর সব কর্মকাণ্ডের মূল ভিত্তি এর প্রবল কিছু মূল্যবোধ। নৈতিক সাংবাদিকতার চর্চায় এবং নানা মানবিক উদ্যোগে শামিল হয়ে এসব মূল্যবোধ কর্মীদের সঞ্চারিত হয়েছে স্বতঃস্ফূর্তভাবে। প্রথম আলোর এমন পাঁচটি মূল্যবোধ হলো: সুসাংবাদিকতা, জনমুখিতা, বদলের সহযোগী, সৃজনশীলতা ও সংহতি। এসব মূল্যবোধের পরিচর্যা করে প্রতিষ্ঠান হিসেবে প্রথম আলো পাড়ি দিতে চায় শতবর্ষ।সুসাংবাদিকতার প্রতি দায়বদ্ধতা থেকেই প্রথম আলো তার যাত্রা শুরু করেছিল। সংবাদ পরিবেশনে প্রথম আলো তাই বস্তুনিষ্ঠ, স্বাধীন, দলনিরপেক্ষ ও সাহসী। সাংবাদিকতার এসব নীতির ওপর নির্ভরশীলতাই এ পত্রিকাকে পাঠকপ্রিয় করে তুলেছে।প্রথম আলোর সুসাংবাদিকতার প্রতি দায়বদ্ধতাই একে করে তুলেছে জনমুখী। এর সংবাদ পরিবেশন ও নানা সামাজিক কর্মকাণ্ডের আসল লক্ষ্য এ দেশের মানুষ। জনমুখিতার মূল্যবোধ থেকে প্রথম আলো নানা রকম মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিযুক্ত করেছে।পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে। বদলে যেতে চাইছে বাংলাদেশের মানুষও। এ দেশের মানুষের ইতিবাচক এই বদলের আকাঙ্ক্ষা প্রথম আলোরও প্রেরণা। প্রথম আলো সে বদলের আকাঙ্ক্ষা ধারণ করে, বদলে যাওয়ার স্বপ্ন দেখাতে চায়। পরিবর্তিত পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে সমাজকে এগিয়ে নিতে প্রথম আলো তার সাংবাদিকতার শক্তি সর্বোত্তমভাবে ব্যবহার করতে চায়।আর এই পরিবর্তনের পথে সবচেয়ে বড় হাতিয়ার সৃজনশীলতা। বাংলাদেশের কৃষকদের সৃজনশীলতা এ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। কোটি মানুষের সৃজনশীলতা এ দেশকে তুলে এনেছে এক নতুন সম্ভাবনার দিগন্তে। ভাবনা ও চিন্তাচেতনার বৈচিত্র্যকে তাই প্রথম আলো অসম্ভব গুরুত্ব দিয়ে থাকে।আর এই সবগুলো মূল্যবোধের আদি ও অন্তে আছে সংহতি। বাংলাদেশের আপামর মানুষের সংহতি। আলোকিত বাংলাদেশে সব মানুষের এক মিলিত ও সুখী ঐকতানই প্রথম আলোর লক্ষ্য। প্রথম আলোর সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের মূলে আছে এই মূল্যবোধের প্রতি এক নিবিড় দায়বদ্ধতা।