নীতিনির্ধারণে নারীর অংশগ্রহণ হতাশাজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ এখনো বেশ কম। বিশেষ করে, সচিবালয়ে কর্মকর্তা পর্যায়ে নারীর নিয়োগ হতাশাজনক। ২০১১-১২ অর্থবছরে ২০টি মন্ত্রণালয় বা বিভাগের জেন্ডার বাজেট প্রতিবেদনে এই চিত্র ফুটে উঠেছে।সংশ্লিষ্টদের মতে, পারিবারিক বাধা, সন্তান লালনপালনের দায়িত্ব নারীর ওপর চাপানো এবং রাষ্ট্রীয় পর্যায়ে যথেষ্ট সহায়ক পরিবেশ না থাকায় সর্বস্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা যাচ্ছে না।এ প্রসঙ্গে জানতে চাইলে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নিয়োগ-প্রক্রিয়ায় পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি কাজ করে। ফলে নারীরা নিয়োগ পাচ্ছেন কম। আর নিয়োগ না হলে তো নীতিনির্ধারণী পর্যায়ে অংশগ্রহণের সুযোগ হবে না।’বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম প্রথম আলোকে বলেন, ‘নীতিনির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়াতে হলে কর্মক্ষেত্রে শিশু দিবাযত্ন কেন্দ্র তৈরিসহ নারীবান্ধব পরিবেশ তৈরিতে সরকারকে এগিয়ে আসতে হবে।’নারীর অংশগ্রহণ কমেছে: জেন্ডার বাজেট প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মকর্তা পর্যায়ে নারীর অংশগ্রহণ খুব একটা বাড়েনি। বরং ক্ষেত্র বিশেষে গত বছরের তুলনায় কমেছে। যেসব ক্ষেত্রে বেড়েছে, তা ৩০ শতাংশের বেশি হয়নি।গত ২০০৯-১০ অর্থবছরে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে সার্বিকভাবে কর্মকর্তা পর্যায়ে নারীর অংশগ্রহণ ছিল ৭১ দশমিক ৯২ শতাংশ। সচিবালয়ের জনবল-কাঠামোতে নারী কর্মকর্তা ছিলেন ২৯ শতাংশ। কিন্তু সচিবালয়ে গত অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ২০ শতাংশে। তবে সমাজসেবা অধিদপ্তর, জেলা ও উপজেলা কার্যালয়ে নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছে।চলতি বছরের হিসাবে স্থানীয় সরকার বিভাগে নিয়োজিত মোট কর্মকর্তার মাত্র ৩ দশমিক ৪ শতাংশ নারী। এ মন্ত্রণালয়ের সচিবালয় দপ্তরে নারী কর্মকর্তা এক বছরে কমে দাঁড়িয়েছে ১১ দশমিক ৪ শতাংশে।পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে ২০১১ সালে নিয়োজিত মোট কর্মকর্তার মাত্র ১২ শতাংশ নারী। এর মধ্যে সচিবালয়ে নারী কর্মকর্তার সংখ্যা গত অর্থবছরের চেয়ে ১৫ শতাংশ কমেছে।চলতি অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ে সার্বিকভাবে কর্মরত আছেন ৮ দশমিক ৬৫ শতাংশ নারী কর্মকর্তা। সচিবালয়ে এ দপ্তরে গত অর্থবছরের চেয়ে কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ১২ শতাংশে।২০১০-১১ অর্থবছরে ম ৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে কর্মরত মোট কর্মকর্তার ৯ দশমিক ৮৬ শতাংশ নারী এবং সচিবালয়ে চলতি অর্থবছরে গত অর্থবছরের চেয়ে নারী কর্মকর্তার সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৬ শতাংশে।পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ খুবই হতাশাজনক। চলতি অর্থবছরে সার্বিকভাবে এ মন্ত্রণালয়ে মোট কর্মকর্তার মধ্যে নারীর সংখ্যা আগের চেয়ে বেড়ে হয়েছে ৭ শতাংশ।অন্যদিকে সচিবালয়ে গত অর্থবছরের চেয়ে চলতি অর্থবছরে নারী কর্মকর্তার সংখ্যা দাঁড়িয়েছে ১২ শতাংশে। এমনকি সচিবালয়ে কর্মচারী পর্যায়ে কর্মরতদের শতভাগই পুরুষ। মন্ত্রণালয়ের আঞ্চলিক কার্যালয়গুলোতে নারী কর্মকর্তা ২ শতাংশে আটকে আছে।মন্দের ভালো: চলতি বছরের হিসাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবালয় পর্যায়ে ১০ দশমিক ৩৪ শতাংশ নারী। গত বছরের চেয়ে সংখ্যাটি কিছুটা বেড়েছে। প্রাথমিক শিক্ষা খাতে নিয়োজিত মোট কর্মকর্তার ১৮ দশমিক ২৭ শতাংশ নারী। কিন্তু উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে নারী কর্মকর্তা মাত্র ৭ দশমিক ৩৫ শতাংশ। তবে প্রাথমিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে মোট কর্মকর্তার ৩০ দশমিক ৩২ শতাংশই নারী।শিক্ষা খাতে নিয়োজিত মোট কর্মকর্তার ২৫ শতাংশ নারী। সচিবালয়ে কর্মকর্তা পর্যায়ে সংখ্যা কিছুটা বেড়ে ১৮ দশমিক ৬৪ শতাংশে দাঁড়িয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরে ২০০৯ সালে কর্মকর্তা পর্যায়ে শতভাগই পুরুষ ছিলেন। তবে গত অর্থবছরে এই অধিদপ্তরে প্রায় ১৪ শতাংশ নারী কর্মকর্তা যোগ দেন।বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে চলতি বছরে নিয়োজিত মোট কর্মকর্তার ২৪ দশমিক ৬ শতাংশ নারী, যা গত বছরের চেয়ে কিছুটা বেশি। সচিবালয়ে কর্মকর্তা পর্যায়ে মোট কর্মকর্তার ২৩ দশমিক ২১ শতাংশ নারী, যা গত বছরের চেয়ে কিছুটা বেশি।গত অর্থবছরে স্বাস্থ্য খাতে নিয়োজিত মোট কর্মকর্তার মধ্যে নারী ছিলেন ২১ দশমিক ৯ শতাংশ। সচিবালয়ে নারী কর্মকর্তার সংখ্যা গত বছরের তুলনায় বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৩ শতাংশ।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘উচ্চশিক্ষায় নারীর অংশগ্রহণ বাড়ছে। সরকার এ ক্ষেত্রে সহায়ক পরিবেশ তৈরি ও সহযোগিতা করছে। তবে সামাজিক বাস্তবতার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ-প্রক্রিয়ায় ছেলেরা আগে থেকেই এগিয়ে আছে। বর্তমানে উচ্চ পর্যায়ে নারীর অংশগ্রহণ কম হলেও যতগুলো জায়গাতে আছেন, সব জায়গাতেই তাঁরা প্রতিভার স্বাক্ষর রাখছেন। তাই বর্তমানের চিত্রটি অচিরেই পাল্টে যাবে বলে আমি আশাবাদী।’শতভাগ কর্মকর্তাই পুরুষ: পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের শিক্ষা ও প্রশিক্ষণ-সুবিধার শতভাগই পুরুষ কর্মকর্তারা ভোগ করছেন। কৃষি মন্ত্রণালয়ের অর্থকরী ফসল বিভাগ—তামাক ও পাট, ম ৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ জিওলজিক্যাল সার্ভে, ম ৎস্য ও প্রাণিসম্পদের তথ্য দপ্তর এবং চিড়িয়াখানায় কর্মরত জনবলের শতভাগই পুরুষ। ভূমি মন্ত্রণালয়ে ভূমি কমিশন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, সার্ভে অপারেশন ও সীমান্ত জরিপ কর্মকর্তাদের শতভাগই পুরুষ। এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের আওতায় জেলা ত্রাণ কার্যালয়গুলোতে কর্মরতদের মধ্যে নারী কর্মকর্তা, এমনকি নারী কর্মচারীও নেই। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে নাবিক ও শ্রমিক কল্যাণ পরিদপ্তর, সরকারি সমুদ্র পরিবহন অফিস, প্রকৌশল ও জাহাজ জরিপ অফিস এবং নৌ বাণিজ্য অধিদপ্তরে কর্মরত কর্মকর্তাদের শতভাগই পুরুষ। একই অবস্থা বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং কনট্রোলার অব সার্টিফাইং অথরিটিতেও বিদ্যমান।গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী প্রথম আলোকে বলেন, নারীর জন্য কোটা থাকার পরও সরকারি চাকরি এখন পর্যন্ত নারীবান্ধব হয়ে ওঠেনি। সরকারি চাকরির ক্ষেত্রে নারী প্রথম বাধাটি পায় পরিবার থেকে। এ ছাড়া দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়ার বিদ্যমান রেওয়াজের কারণেও নারীরা পিছিয়ে পড়ছেন।কর্মজীবী নারীর সভাপতি শিরিন আখতার প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়গুলোর যাবতীয় কর্মপরিকল্পনা ঢেলে সাজাতে হবে।