নীতিনৈতিকতার মানদণ্ড প্রয়োগ করা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো: কোম্পানি আইন সংশোধন করে হঠাৎ প্রশাসক বসানোর প্রয়োজন কেন হলো? কী উদ্দেশ্যে এটা করা হচ্ছে বলে মনে করেন?হুমায়ূন কবির: মূলত ডেসটিনির মতো প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে সরকার কোম্পানি আইনে প্রশাসক নিয়োগের বিধান সংযোজনের উদ্যোগ নিয়েছে। প্রশাসক নিয়োগের উদ্দেশ্য হলো, একদিকে প্রতিষ্ঠানগুলোকে সচল রাখা, অন্যদিকে সেগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা। কিন্তু গুরুত্বপূর্ণ বিবেচনা হওয়া উচিত, কোন ধরনের প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় হস্তক্ষেপের মাধ্যমে সচল রাখা হবে। নীতিনৈতিকতার মানদণ্ড এখানে প্রয়োগ করা দরকার। প্রতারণা-জালিয়াতির মাধ্যমে যেসব প্রতিষ্ঠান ব্যবসা করেছে বা করছে, সেসব প্রতিষ্ঠানকে যদি সচল রাখা হয়, তা হলে তো প্রকারান্তরে এই ধরনের প্রতিষ্ঠানকে উৎসাহিত করা হবে। সেটা দীর্ঘ মেয়াদে ক্ষতিকর হবে। প্রথম আলো: ব্যবসায়ীরা তো প্রশাসক নিয়োগের বিধানের তীব্র বিরোধিতা করছেন। আপনারাও তাঁদের সমর্থন করছেন। আপনাদের মূল যুক্তিটা কী?হুমায়ূন কবির: আমাদের মূল যুক্তি ও আশঙ্কার দিকটি হলো, এই ধরনের বিধান করা হলে তা ব্যবসা-বিনিয়োগের ক্ষেত্রে সরকারি নীতির প্রতি আস্থাহীনতা তৈরি করতে পারে। আর একবার এই আস্থাহীনতা তৈরি হলে সহজে বিনিয়োগ তো আসবেই না, বরং দেশ থেকেই অর্থ অন্যত্র চলে যাবে। কোনো ভয়ভীতির পরিবেশের মধ্যে ব্যবসা-বিনিয়োগ টেকসই হয় না। বিদেশি বিনিয়োগকারীরাও মনে করতে পারেন যে সরকার কোনো কারণে রুষ্ট হলে তাঁদের প্রতিষ্ঠানে প্রশাসক বসিয়ে দেবে। সুতরাং, তাঁদের উৎসাহেও ভাটা পড়বে। যদি বিনিয়োগ কমে যায়, যদি অর্থ অন্যত্র চলে যায়, তা হলে তা অর্থনীতির জন্য কখনো সুখবর হতে পারে না। আসলে বেসরকারি খাতে যত কম হস্তক্ষেপ করা যায়, ততই ভালো।প্রথম আলো: কিন্তু অতীতে তো এ ধরনের সংকটে সরকার হস্তক্ষেপ করেছে। বেসরকারি ব্যাংকে প্রশাসক নিয়োগ করার দৃষ্টান্তও আছে।হুমায়ূন কবির: দুটো দিক এখানে বুঝতে হবে। প্রথমত, অতীতে যেসব ঘটনা ঘটেছে, সেগুলোতে মূলত ব্যবস্থাপনাগত ব্যর্থতার বিষয়টি মুখ্য ছিল। ছিল আমানতকারীর স্বার্থ সংরক্ষণের বিষয়, জনগণের স্বার্থ সংরক্ষণের বিষয়। দ্বিতীয়ত, অতীতের এসব ঘটনা থেকেই প্রমাণ হয় যে বিভিন্ন কোম্পাানি বা প্রতিষ্ঠানে অনিয়ম-কেলেঙ্কারির ঘটনা বাংলাদেশে নতুন নয়। আর এসব অনিয়ম-সংকটও মোকাবিলা করা হয়েছে বিদ্যমান আইনি কাঠামোর মধ্যেই। অনেকে বলছেন, বর্তমান পরিস্থিতি অভূতপূর্ব। আসলে এটা ভুল ধারণা। একটা সমস্যা দেখা দিলে তার জন্য নতুন করে আইন করতে হয়নি বা আইনে নতুন ধারা সংযোজন করতে হয়নি। যদি তাই করতে হতো, তা হলে তো ঘন ঘন আইনে সংযোজন বা পরিবর্তন আনতে হতো। সেটা বাস্তবসম্মত নয়।প্রথম আলো: বিদ্যমান কোম্পানি আইনটি তো সংস্কারের উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। এ জন্য কাজ চলছে। তার মাধ্যমেই কি এই পরিবর্তন আনা যেত না?হুমায়ূন কবির: কোম্পানি আইনে সংস্কার করা হচ্ছে সময়ের প্রয়োজনে। তবে তা খুব অল্প সময়ে হয়ে যাবে না। কয়েক বছর সময় লেগে যেতে পারে একটি অর্থবহ সংস্কারের জন্য। আর সংস্কারের মূল উদ্দেশ্যই হলো ব্যবসা-বাণিজ্যে সহযোগিতা করা, বিনিয়োগে উৎসাহিত করা। কাজেই সংস্কারের নামে এমন কিছু করা যাবে না, যা ব্যবসায়ীদের নিরুৎসাহিত করে। প্রশাসক নিয়োগের সরকারি উদ্যোগে ব্যবসায়ীসহ বিভিন্ন মহল যে জোরালো আপত্তি তুলেছে, সরকারের উচিত হবে তা গুরুত্বসহকারে গ্রহণ করা। যাদের জন্য এই আইন ও যাদের ওপর এই আইনের প্রয়োগ হবে, তারা যখন এই সংশোধনী গ্রহণ করতে সম্মত নয়, তখন সেই পথে না যাওয়াই উত্তম।প্রথম আলো: তা হলে করণীয় কী?হুমায়ূন কবির: বিদ্যমান আইনেই কোনো প্রতিষ্ঠানকে পুনর্গঠনের বা গুটিয়ে ফেলার বিধিবিধান ও নির্দেশনা আছে। বাস্তবতা ও সুদূরপ্রসারী প্রভাব বিবেচনা করে সেসব বিধি ও নির্দেশনা অনুসরণ করাই অধিক যুক্তিযুক্ত। এ জন্য আইনজ্ঞ ও বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া যেতে পারে। আর অবশ্যই অর্থ আত্মসাৎকারী বা অসৎ উদ্দেশ্য গড়ে ওঠা প্রতিষ্ঠানকে শুরুতেই নিয়ন্ত্রণ করা উচিত। তা হলে অল্প মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বছরের পর বছর যখন এই ধরনের প্রতিষ্ঠান কর্মকাণ্ড চালিয়ে যায় ও বিস্তৃতি ঘটায়, তখন লাখ লাখ মানুষকে জড়িয়ে ফেলা হয়। তাতে ক্ষতির মাত্রা অনেক বেড়ে যায়। হুমায়ূন কবির: সাবেক সভাপতি, দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ-আইসিএবি