ইভ টিজিং প্রতিরোধে একটি নীতিমালা তৈরির পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক মাসের মধ্যে এর অগ্রগতি সম্পর্কে জানাতে বলা হয়েছে। এ ইস্যুতে দেশের সব জেলা প্রশাসককে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চ এ নির্দেশ দেন।ইভ টিজিং প্রতিরোধে একটি নীতিমালা ও দিকনির্দেশনা প্রণয়নের নির্দেশনা চেয়ে জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী জনস্বার্থে সোমবার রিটটি করেন। প্রাথমিক শুনানির পর আদালত রুল জারিসহ এই নির্দেশনা দেন। একই সঙ্গে আদালত আগামী ৬ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।ইভ টিজিং প্রতিরোধে একটি নীতিমালা ও দিকনির্দেশনা তৈরির নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এ ছাড়া ইভ টিজিংয়ের অভিযোগ পাওয়ার পর দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শক (আইজি) ও জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। ইভ টিজিংয়ের শিকার নারী ও শিশু এবং তার পরিবারের সদস্যদের নিরাপত্তা দিতে স্বরাষ্ট্রসচিব ও আইজিকে নির্দেশ দেওয়া হয়েছে।আদালত বলেন, ইভ টিজিং প্রতিরোধে দেশে যে আইন আছে, তা পর্যাপ্ত নয়। তাই এ বিষয়ে এখন নতুন আইন ও বিধি করা প্রয়োজন। একটি নীতিমালা তৈরির জন্য স্থানীয় সরকার, স্বরাষ্ট্র, শিক্ষা, শ্রম এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা এক মাসের মধ্যে আদালতকে জানাতে আইনসচিবকে নির্দেশ দেন আদালত। নীতিমালা তৈরির আলোচনায় আইনজীবী, সুশীল সমাজ ও মানবাধিকার সংগঠনের পরামর্শ নিতে বলা হয়েছে। এ ছাড়া আদালত ইভ টিজিং সম্পর্কে সতর্ক থাকা, এ অপরাধের পরিণতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বেতার-টেলিভিশনসহ সব গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার চালানোর ব্যবস্থা নিতে শিক্ষা এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল দুপুরে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ফাহিমা নাসরিন বক্তব্য শোনার পর আদালত অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ চার আইনজীবীর মতামত নেন। তাঁরা হলেন, সাবেক অ্যাটর্নি জেনারেল কে এস নবী ও ফিদা এম কামাল, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার ও সাবেক ভাইস চেয়ারম্যান রোকনউদ্দিন মাহমুদ।আবদুল বাসেত মজুমদার বলেন, ইভ টিজিং একটি সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। এর কবল থেকে পরিত্রাণ পেতে হলে সর্বস্তরের মানুষকে নিয়ে একটি নীতিমালা করা প্রয়োজন। শুধু আইন করে এটা বন্ধ করা যাবে না। এ জন্য সমাজকে সচেতন করা দরকার।রোকনউদ্দিন মাহমুদ বলেন, ইভ টিজিংয়ে কে জড়িত, তা না দেখে সংশ্লিষ্ট ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। ক্ষতিগ্রস্তকে নিরাপত্তা দিতে হবে। অপর দুই আইনজীবী এ বক্তব্য সমর্থন করেন।ফাহিমা নাসরিন প্রথম আলোকে বলেন, আদালত রুল জারিসহ কয়েক দফা নির্দেশনা দিয়েছেন। ইভ টিজিং প্রতিরোধে স্থানীয়, জেলা ও পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য বলা হয়েছে।রিট আবেদন: আবেদনে বলা হয়, আইন করে ইভ টিজিং বন্ধ করা যাবে না। তাই এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ জন্য বিচারক, জনপ্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক, অভিভাবক, সরকারি প্রতিনিধি নিয়ে প্রতি মহল্লায় প্রতিরোধ কমিটি গঠন করা প্রয়োজন। এ জন্য জাতীয় সংসদে আইন করতে হবে। ইভ টিজিংয়ের সংজ্ঞা ও শাস্তির মেয়াদ বাড়িয়ে দণ্ডবিধির ৫০৯ ধারা সংশোধনসংক্রান্ত আইন কমিশনের সুপারিশ তুলে ধরে রিটে বলা হয়, নারীদের উত্ত্যক্ত করার (ইভ টিজিং) শাস্তির মেয়াদ বাড়িয়েও সর্বোচ্চ সাত বছর ও সর্বনিম্ন তিন বছর করার জন্য সুপারিশ পাঠানো হয়েছে। এটা এখনো আইনি রূপ পায়নি। দণ্ডবিধির ৫০৯ ধারা অনুযায়ী, কোনো নারীর শালীনতার অমর্যাদার অভিপ্রায়ে কোনো মন্তব্য, অঙ্গভঙ্গি বা কোনো কাজ করা হলে সে জন্য এক বছর শাস্তির বিধান রয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অধ্যাদেশের ৭৬ ধারায় এক বছরের শাস্তির বিধান আছে। নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইনে কিছু শাস্তির কথা উল্লেখ আছে। কিন্তু এগুলো যথেষ্ট নয়।ফাহিমা, সিমি, রুমী, চাঁপা রানী, নাটোরের শিক্ষক মিজানুর রহমানসহ প্রায় ১০০ ঘটনা তুলে ধরে রিটে বলা হয়, আগে ক্ষতিগ্রস্তরা (ভিকটিমরা) আত্মহত্যা করত। বর্তমানে প্রতিবাদকারীদের হত্যা করা হচ্ছে। এর প্রবণতা দিনদিন বাড়ছে। এ অবস্থায় প্রচলিত আইনে যে শাস্তির বিধান আছে, তা অপর্যাপ্ত। শাস্তির মেয়াদ বাড়াতে হবে। এ জন্য একটি আইন প্রণয়ন করা প্রয়োজন।