নীতিমালা ভেঙে ছয় প্রতিষ্ঠানকে আইটিসি লাইসেন্স!
নীতিমালা ভেঙে ছয় প্রতিষ্ঠানকে আইটিসি (ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেব্ল) লাইসেন্স দিচ্ছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। অথচ ‘রেগুলেটরি অ্যান্ড লাইসেন্সিং গাইডলাইনস’-এ মাত্র তিনটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার কথা রয়েছে।ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ গতকাল মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন, ‘এ খাতে প্রতিযোগিতার পরিবেশ তৈরির মাধ্যমে ইন্টারনেট সংযোগ সুবিধা বাড়ানো ও ব্যান্ডউইডথের দাম কমানোর জন্যই তিনটির জায়গায় ছয়টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার সুপারিশ করা হয়েছে।’ এ জন্য কোনো রাজনৈতিক চাপ নেই বলে জানান তিনি। গত ৩১ মার্চ প্রকাশিত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) লাইসেন্স পাওয়ার নীতিমালা সম্পর্কিত বিজ্ঞাপনে সর্বোচ্চ তিনটি লাইসেন্স দেওয়ার কথা উল্লেখ ছিল। বরং সরকার চাইলে লাইসেন্সের সংখ্যা আরও কমানো যাবে বলে বিজ্ঞাপনে বলা ছিল। নীতিমালা ভেঙে লাইসেন্স দেওয়া প্রসঙ্গে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ কিছু বলতে রাজি হননি। মূল্যায়ন কমিটির মাধ্যমে ছয় প্রতিষ্ঠানই লাইসেন্স পাবে কি না, সে বিষয়ে কিছু বলতে রাজি হননি টেলিযোগাযোগমন্ত্রী। তিনি জানান, এখন বাংলাদেশ আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংযোগের জন্য মাত্র একটি সাবমেরিন কেবলের ওপর নির্ভরশীল। এতে করে বিশ্বের কোথাও কোনো ধরনের সমস্যা হলে বাংলাদেশে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়। কিন্তু আইটিসি লাইসেন্স দেওয়ার পর প্রতিষ্ঠানগুলো অপটিক ফাইবার লাইনের মাধ্যমে পার্শ্ববর্তী দেশগুলো থেকে টেলিযোগাযোগ কোম্পানির সঙ্গে সংযুক্ত হয়ে বিকল্প ব্যবস্থায় বাংলাদেশকে আন্তর্জাতিক টেলিযোগাযোগ-ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে পারবে। মন্ত্রণালয় সূত্র জানান, আগামী সাত কর্মদিবসের মধ্যে এই ছয় প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হবে। সুপারিশ করা ছয় প্রতিষ্ঠান হচ্ছে—নভোকম, ওয়ান এশিয়া-এএইচএলজেভি, বিডি লিংক কমিউনিকেশন, ম্যাংগো টেলিসার্ভিসেস, সামিট কমিউনিকেশন এবং ফাইবার অ্যাট হোম।