নীতিমালা মেনে ভবন নির্মাণ করুন: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবাসন ব্যবসায়ী ও ডেভেলপারদের অতি মুনাফার লোভ সংবরণ করে ভবন নির্মাণে সরকারি নীতিমালা (বিল্ডিং কোড) কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের সময় যাতে বড় ধরনের বিপর্যয় এড়ানো যায়, সে জন্য তাঁদের অতি মুনাফার লোভ পরিহার করতে হবে। খবর বাসস ও ইউএনবির।ভূমিকম্পে বিধ্বস্ত হাইতি থেকে সদ্য দেশে ফেরা ৩০ সদস্যের চিকিৎসক দল গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে দেখা করতে এলে তিনি এসব কথা বলেন। ওই দলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ১০ জন এবং সেনাবাহিনীর ২০ জন চিকিৎসক ও সেবিকা ছিলেন।শেখ হাসিনা যত্রতত্র বাড়িঘর নির্মাণ করে অর্থ উপার্জনের মানসিকতা পরিহার করতে ডেভেলপারদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ভবন নির্মাণের সময় জনগণের স্বার্থের কথা মনে রাখতে হবে। ভূমিকম্পের ব্যাপারে আরও সতর্ক ও সচেতন হতে হবে।চিকিৎসক দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষ হওয়ার পর প্রধানমন্ত্রীর প্রেস-সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এসব কথা জানান।চিকিৎসক দলের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী ভূমিকম্প পরিস্থিতি মোকাবিলা করতে বাংলাদেশের প্রাক-প্রস্তুতি থাকার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ভবনের সামনে ও দুই পাশে খোলা জায়গা না রাখার প্রবণতা থেকে আবাসন ব্যবসায়ীদের বেরিয়ে আসতে হবে। ভূমিকম্পের সময় ভবন থেকে বেরিয়ে বাসিন্দারা যাতে নিরাপদ আশ্রয় নিতে পারে, সে জন্য তিনি ভবনগুলোর পাশে খানিকটা খোলা জায়গা রাখতে বলেন। তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিতে থাকায় এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য আমাদের প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে।’ভূমিকম্পবিধ্বস্ত হাইতিতে চিকিৎসক দলের অভিজ্ঞতার প্রতি আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এই ভয়াবহ ভূমিকম্প ও এর পরবর্তী করণীয় থেকে জ্ঞান লাভ করতে পারে। কেননা বাংলাদেশও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলা করছে। তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশে ভূমিকম্পের মতো যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এ অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।প্রধানমন্ত্রী হাইতিতে দুর্গত মানুষের মধ্যে সাফল্যের সঙ্গে মানবিক সেবা দেওয়ার জন্য চিকিৎসক দলের প্রশংসা করেন।রয়টার্সের দক্ষিণ এশিয়া সম্পাদকের সাক্ষাত্: রয়টার্সের দক্ষিণ এশিয়া সম্পাদক ডানকান পিটকেইর্ন গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সংসদ কার্যালয়ে সৌজন্য সাক্ষাত্ করেছেন। এ সময় বাংলাদেশের অর্থনীতি, বিদ্যুৎ পরিস্থিতি, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও সংবাদপত্রের স্বাধীনতাসহ বিভিন্ন বিষয়ে তাঁরা মতবিনিময় করেন।