নীরব চাঁদাবাজি, সেই তৈমুর গ্রেপ্তার
রাজধানীর সোবহানবাগ এলাকার চাঁদাবাজ হিসেবে পরিচিত হারুনুর রশিদ ওরফে তৈমুরকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে, গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে শুক্রাবাদ এলাকার একটি ভবন থেকে মদ্যপ অবস্থায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তৈমুরের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একাধিক চাঁদাবাজিসহ অন্তত আটটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।তৈমুরের চাঁদাবাজি নিয়ে গত ৫ আগস্ট প্রথম আলোয় ‘চলছে নীরব চাঁদাবাজি’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়।তৈমুর রাজধানীর ৫১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক ছিলেন। তবে চাঁদাবাজিসহ নানা অভিযোগ ওঠার পর তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা প্রথম আলোকে জানান, শুক্রাবাদের একটি ভবন থেকে মদ্যপ অবস্থায় তৈমুরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তবে সব মামলাতেই তিনি জামিনে আছেন। তবে মদ পান করে মাতলামি করার অভিযোগে নতুন একটি মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে। এই মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।জাকির হোসেন জানান, সোবহানবাগ প্রিন্স প্লাজার মালিক সমিতির নেতা থাকার সময় তৈমুরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেন স্থানীয় ব্যবসায়ীরা। প্রিন্স প্লাজা ছাড়াও আশপাশের প্রতিটি দোকান থেকে তিনি মাসিক হারে চাঁদা আদায় করতেন। এ ছাড়া সোবহানবাগে কোনো ভবন নির্মাণের সময়ও তাঁকে চাঁদা দিতে হতো। এসব অভিযোগে তাঁকে মালিক সমিতি থেকে বাদ দেওয়া হয়। এরপর প্রিন্স প্লাজাসহ আশপাশের কয়েকজন ব্যবসায়ী তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির পাঁচটি মামলা করেন। তাঁকে গ্রেপ্তারের দাবিতে সোবহানবাগ এলাকার ব্যবসায়ীরা মিছিল সমাবেশ ও পোস্টারিং করে।