নীরব দুর্ভোগ নিরবধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে বলবে এগুলো বসতঘর? ওপরে টিন সাঁটিয়ে আর খুঁটিতে পলিথিনের বস্তা পেঁচিয়ে বেড়া! নদী থেকে তীরে যেদিকে চোখ যাচ্ছিল, সারি সারি বসতঘরগুলো সব এমনই দেখাচ্ছিল। তীরে উঠে যখন নদীর তীর সংরক্ষণে বসতঘরের মানুষের সাধ্যমতো চেষ্টার দেখা মেলল, তখন গিয়ে খটকা ভাঙল। না, এ হচ্ছে নদীভাঙনের নীরব দুর্ভোগকে মানিয়ে মানুষের বসবাস। বাঁশের আড় ও বালুর বস্তা ফেলে ব্যক্তি উদ্যোগে চলছে ভাঙন মোকাবিলা। এ অবস্থা সিলেটের সীমান্ত উপজেলা কোম্পানীগঞ্জের ধলাই নদের তীরের।ধলাই নামের এই একটি নদই নয়, ভারত থেকে নেমে আসা সিলেটের সীমান্ত নদী নামে পরিচিত পিয়াইন, লোভাছড়া, সারির অব্যাহত ভাঙন আর সুরমা-কুশিয়ারা নদীর সীমান্তের উৎসমুখের ভাঙনে দুই দেশের দোদুল্যমান অবস্থা সিলেটের পাঁচ উপজেলার নদীতীরের গ্রামগুলোর মানুষের বসবাস বিপন্ন করে তুলেছে।গত ২৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক হয়। বৈঠকে সীমান্ত নদীর ভাঙন পরিস্থিতি মোকাবিলায় সিলেট অঞ্চলের বড় দুই নদী সুরমা ও কুশিয়ারা খননে উভয় দেশ সম্মত হওয়ায় নিরবধি নীরব দুর্ভোগের অবসানের সম্ভাবনা দেখা দিয়েছে।ধলাইয়ের ঢলই কাল!: ধলাই একটি সীমান্ত নদ। ভারতের ভোলাগঞ্জ থেকে নেমে এসেছে কোম্পানীগঞ্জ উপজেলায় এবং সীমান্তবর্তী পূর্ব ও পশ্চিম ইসলামপুর ইউনিয়ন হয়ে ছাতকে গিয়ে মিলিত হয়েছে সুরমায়। দুই ইউনিয়নে ধলাই নদের প্রবহমান অবস্থা হচ্ছে ভাঙন আর ভাঙনের। ভোলাগঞ্জের উৎসমুখে পাথরকোয়ারি থাকায় নদের সর্বগ্রাসী ভাঙন চোখে পড়ে না। কিন্তু বসতি এলাকাগুলোতে এলেই ধলাইয়ের ভাঙন নীরব দুর্যোগের মতোই দেখায়। ধলাই নদের তীরের গ্রাম ডাকঘর, নয়াগাঙেরপাড়, ঢালারপাড়, দক্ষিণ ঢালারপাড়, মস্তফানগরের অবস্থা রীতিমতো বছরের বারো মাস দুর্যোগকবলিত। নীরবে চলে ভাঙন। তবে এই পরিস্থিতি সবচেয়ে নাজুক হয় বর্ষাকালীন পাহাড়ি ঢল নামলে।ঢালারপাড়ের প্রবীণ ব্যক্তি দারু মিয়া নদের তীরে বসবাসকারী লোকজনের ভাঙন প্রতিরোধব্যবস্থা বাঁশের আড় দেখিয়ে বলেন, ঢল নামলেই ধলাইয়ের অবস্থা বড় অচেনা হয়ে দাঁড়ায়। মানুষের জন্য তখন ধলাই হয়ে পড়ে বিপদকাল। কোম্পানীগঞ্জ বিআরডিবির সমবায় সমিতির চেয়ারম্যান মোহাম্মদ জামালউদ্দিন জানান, ধলাই শুরু থেকে তীব্র স্রোতের সীমান্ত নদ। সবচেয়ে বড় ঢল নামে এই নদে। কিন্তু খনন না হওয়ায় পাহাড়ি ঢলের তোড়ে ভাঙনের ভয়াবহতা বেড়েছে। পাঁচটি এলাকা ভাঙনকবলিত হলেও বুধবারিবাজারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রতিরক্ষার ব্যবস্থা নিলেও বৃহৎ অংশ অরক্ষিত রয়ে গেছে।লোভাছড়ার ছোবল: কানাইঘাট উপজেলা দিয়ে প্রবাহিত সীমান্ত নদী লোভাছড়া সুরমার সঙ্গে মিলিত হয়েছে। ভারতের পূর্ব খাড়াবাল্লা এলাকা থেকে এই নদী বাংলাদেশে নেমে এসেছে। বেশির ভাগ জনবসতিহীন এলাকা দিয়ে প্রবহমান এই নদীর ভাঙন জনমানুষের হাহাকারের বাইরে রয়ে গেছে বলে জানান স্থানীয় ব্যক্তিরা। তবে একের পর এক ফসলি জমি নদীগর্ভে চলে যাওয়ায় লোভাছড়া নদীর ছোবল ক্রমে ভয়াবহ হয়ে উঠছে। কানাইঘাটের মুলাগুলবাজার, ছারপাড়া, পূর্বখাড়াবাল্লা, নালুহাট, লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের উজানফৌজ গ্রামের বিস্তীর্ণ ফসলি জমি চলে যাচ্ছে নদীর বুকে। লোভাছড়ার ভাঙনে উজানফৌজের কাছে নদীর দুটি রূপের একই সঙ্গে দেখা মেলে। একদিকে গ্রাস, অন্যদিকে পলি পড়ে বোরো ও আমনের জমির প্রকৃতি বদলের চিত্রে এক ধরনের সংকটাপন্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, এক পাড়ের ভাঙনে অন্য পাড়ে সৃষ্টি হওয়া তীর অপসারণ করতে এলাকাবাসী নিজ থেকে মাটি সরানোর কাজে ব্যস্ত।নদীর তীরের ফসলি জামির মালিক উজানফৌজের আবু আহমদ জানান, লোভছাড়ার দুই তীরে তাঁর জমি ছিল। এক তীরের জমি নদীগর্ভে চলে যাওয়ার পর অন্য তীরে পলি অপসারণ করে ফসল ফলানোর কাজ করছেন। ছোট নদী বলে ভাঙন মোকাবিলায় সরকারি কোনো সহায়তা নেই।পিয়াইন-সারি একাকার: পর্যটন এলাকা হিসেবে খ্যাত জাফলং। ভারতের ডাউকি থেকে পিয়াইন নদ নেমে এসেছে। গোয়াইনঘাট উপজেলা হয়ে পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলায় পিয়াইনের শাখা হয়ে প্রবহমান সারি ও পিয়ান নদ গিয়ে মিলেছে সালুটিকরের কাছে চেঙেরখাল ও সুরমা নদীতে। ভাঙনের দৃশ্যপটে পিয়াইন ও সারি নদ দুটির একাকার অবস্থা। বালু অববাহিকা হওয়ায় জাফলং থেকে শুরু করে গোয়াইনঘাটের অভ্যন্তরীণ এলাকায় পিয়াইন নদের ভাঙন রয়েছে। জাফলংয়ের পানপুঞ্জি, বাউরবাগ, লুনিপুঞ্জি, পান্থুনাই, নিজপাট, বিছনাকান্দি এবং গোয়াইনঘাটের টিঅ্যান্ডটি ও লেংগুরা ইউনিয়ন কমপ্লেক্স ভাঙনের মুখে রয়েছে। সব মিলিয়ে পিয়াইন ও সারি নদের বক্ষে ২১ হেক্টর ভূমি নিঃশেষ হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।সীমান্তে উৎসমুখে ভাঙন: কুশিয়ারা নদীর উৎসমুখ ধরা হয় সিলেটের জকিগঞ্জ উপজেলার অমলশীদ। সেখানে বরাকের সঙ্গে মিলন ঘটেছে সুরমা-কুশিয়ারার। সীমান্তে নদীর এই উৎসমুখের ভয়াবহতা আরও করুণ। কুশিয়ারার ভাঙন সীমান্ত ছাপিয়ে জকিগঞ্জ পৌর এলাকায় গিয়ে ঠেকেছে। জকিগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কেচরি গ্রামের নদীতীরবর্তী অর্ধশতাধিক ঘরবাড়ি নদীগর্ভে চলে গেছে। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কেচরি ও ৭ নম্বর ওয়ার্ডের পালবাড়ী নদীভাঙনের মুখে। এসব এলাকার বেশ কয়েকটি বাড়ি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব বাড়ির বেশ অংশ এবং যাতায়াতের পথঘাট একটু একটু করে তলিয়ে যাচ্ছে। মাটিতে ফাটল ধরে ভেঙে পড়ছে নদীতে। এসব এলাকার ক্ষতিগ্রস্ত অসহায় মানুষ এখন ক্ষোভে-দুঃখে দিশেহারা হয়ে পড়েছে।পাউবোর পর্যবেক্ষণে জকিগঞ্জের অমলশীদ, লক্ষ্মীবাজার, হায়দ্রাবন্দ, জকিগঞ্জ, ভক্তিপুর ও ভুঁইয়ামারা গ্রামের আশপাশ নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। এসব গ্রামের পার্শ্ববর্তী নদীর ভাঙন রোধে তীর সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিন বছরের মধ্যে পর্যায়ক্রমে এসব কাজ শেষ হওয়ার কথা। এই প্রকল্পের আওতায় প্রায় ১৮ কোটি টাকা খরচ হবে। তবে প্রকল্পের মেয়াদ তিন বছর থাকলেও ইতিমধ্যে এক বছর চলে গেছে। এ জন্য প্রকল্প বাস্তবায়নে পরিকল্পনা ও বন্যার সমস্যাকে দায়ী করেছেন পাউবোর কর্মকর্তারা।পাউবো কী বলে: পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, সিলেটের জকিগঞ্জ ছাড়া সীমান্ত নদীর অন্য সব এলাকা ততটা ভাঙনকবলিত নয়। এ জন্য জকিগঞ্জকেন্দ্রিক ভাঙন মোকাবিলায় প্রকল্প রয়েছে। পাউবো সিলেটের নির্বাহী প্রকৌশলী এ কে এম শফিকুল হক জানান, সিলেটের সীমান্ত নদীগুলোর মধ্যে কেবল জকিগঞ্জের অবস্থা বিশেষ বিবেচনায় রয়েছে।শফিকুল হক প্রথম আলোকে বলেন, ‘সীমান্ত তীরবর্তী জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা নদীগর্ভে ভেঙে যাচ্ছে। এই উপজেলার অনেক জমি ও বাড়িঘর ইতিমধ্যে আমরা হারিয়েছি। এসব নদীর তীর সংরক্ষণে ইতিমধ্যে একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। এটির কাজ শেষ হলে অন্য নদীগুলোর ভাঙন রোধ হবে বলে ধারণা আমাদের।’ সীমান্তবর্তী জকিগঞ্জ ছাড়া অন্য উপজেলায় নদীগুলোর ভাঙন পাউবোর পর্যবেক্ষণে নেই বলে তিনি জানান।যৌথ নদী কমিশনের বৈঠক: জকিগঞ্জ উপজেলা পাউবোর বিশ্রামাগারে গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের পাউবোর পক্ষে প্রধান প্রকৌশলী শেখ নুরুল আলা ও ভারতের পক্ষে হাইলকান্দি আসামের প্রধান প্রকৌশলী রবীন্দ্র কুমার শর্মা নেতৃত্ব দেন। উভয় দেশের ১৬ জন কর্মকর্তার সমন্বয়ে বৈঠকে ভারত ও বাংলাদেশের সীমান্ত নদীর ভাঙন মোকাবিলায় আগামী শুষ্ক মৌসুমে জকিগঞ্জের অমলসীদে সুরমার উৎসমুখ থেকে কানাইঘাটের লোভাছড়া নদী পর্যন্ত যৌথভাবে জরিপ প্রক্রিয়ার সিদ্ধান্ত হয়। পাউবো সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ আহসান আলী বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘দুই দেশের সীমান্ত নদীর তীর সংরক্ষণে যৌথ নীতির ক্ষেত্রে আর কোনো বাধা থাকল না। আগামী শুষ্ক মৌসুমে বিশেষ জরিপের মাধ্যমে যৌথ নদী কমিশনের কার্যক্রম শুরু হবে এবং এর মধ্য দিয়ে সুফলও আসবে।’