নীল অঞ্জনঘন পুঞ্জছায়ায়...
ফুল থেকে ফল—চক্রের সব স্তরে রং বদলায় অঞ্জন। ফুল ফোটার সময় রং থাকে আকাশের মতো নীল। ঝরে পড়ার দিকে এগোতে থাকলে দিনে দিনে সে রং বেগুনি হতে থাকে। তখন বুনো কুলের আকারের মতো ছোট্ট সবুজ গুটি বের হয়। আর পাকলে এই ফলের রং হয়ে যায় কালো। এই অঞ্জন দেখতে ডাকলেন গণপূর্ত অধিদপ্তরের উদ্যানতত্ত্ব (আরবরি কালচার) বিভাগের জিয়াউল হাসান। রমনা উদ্যানে বহুদিন কাজ করেছেন তিনি। গাছপালা সব তাঁর নখদর্পণে। উদ্যানের সেগুনতলা মাঠে তিনি নিয়ে গেলেন অঞ্জনের ঝাড়ের সামনে। সেদিকে তাকিয়ে মনে পড়ল রবীন্দ্রনাথের গান—‘নীল অঞ্জনঘন পুঞ্জছায়ায় সম্বৃত অম্বর...’। ‘অঞ্জন’ অর্থ কাজল। যেমন তার নাম, তেমনি মায়াবি তার ফুল। ছবিতেই দেখুন, কেমন নরম-কোমল, যেন স্পর্শমাত্র ঝরে যাবে। বাস্তবেও তা-ই। এমনভাবে ফোটে যে শাখা ভেঙে নেওয়া ছাড়া শুধু ফুলটি চয়ন করা যায় না। আর এত বিপুল পরিমাণে ফুটেছে যে পাতা প্রায় ঢাকা পড়ে গেছে ফুলে ফুলে। ফুল ফোটে সরু শাখার পর্বের পাশ দিয়ে স্তরে স্তরে। ফলে পুরো শাখাকেই মনে হয় যেন ফুলে ফুলে গাঁথা। এমনকি কাণ্ডের বাকল ফেটেও ফোটে অঞ্জনের নীল গুচ্ছ। ফুলে মৃদু সৌরভ আছে। বসন্তে ফুল ফোটা শুরু হয়, গ্রীষ্মজুড়ে ফুটতে থাকে। একটু দূর থেকে দেখলে সবুজ ছোপলাগা নীল-বেগুনি এক বিশাল বলের মতো দেখায় অঞ্জনের ঝাড়।অঞ্জন বীরুধ শ্রেণীর উদ্ভিদ। কাণ্ড সরল নয়; অনেকগুলো যূথবদ্ধ লতার মতো, তবে দৃঢ়। শাখা সরু, লতানো। ফলে ইচ্ছেমতো আকার দেওয়া যায়। কাণ্ডের ওপর সরু শাখাগুলো ঘন ঝোপের মতো হয়ে ওঠে। পাতা ছোট, ডিম্বাকৃতির; অনেকটা ফাইকাসের পাতার গড়ন। সেগুনতলা ছাড়াও অঞ্জনের তিনটি ঝোপ আছে রমনা উদ্যানের দক্ষিণ-পূর্ব ধারে গুদামের পাশে। জিয়াউল হাসান জানালেন, আগারগাঁওয়ের বিজ্ঞান জাদুঘরের সামনেও আছে অঞ্জনের একটি চমত্কার ঝাড়। আমাদের দেশে নীল রঙের ফুলের সংখ্যা খুব বেশি নয়। অঞ্জন ছাড়া নীল ফুলের মধ্যে আছে অপরাজিতা, ঝুমকোলতা, নীল পারুল, মর্নিং গ্লোরি, নীল মণিলতা, জারুল প্রভৃতি। অঞ্জনের আদি নিবাস দক্ষিণ-পশ্চিম ভারত ও মিয়ানমার। আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশীই বলা যায় তাকে। বৈজ্ঞানিক নাম Memeculon edule. আমাদের আবহাওয়ায় জান্মায়ও ভালো। বীজ থেকে সহজেই চারা হয়। অঞ্জন তিন মিটার পর্যন্ত উচুঁ হয়ে থাকে; কেটে ছোট করেও রাখা যায়। সে কারণে বাড়ির আঙিনা বা বাগানের জন্য এটি উপযোগী।