নীল আকাশে বিলীন নীল লোহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিতার আগুনে নীল আকাশে বিলীন হয়ে গেলেন নীল লোহিত। উপমহাদেশের প্রখ্যাত লেখক ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের কলমসৈনিক সুনীল গঙ্গোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হলো কেওড়াতলা মহাশ্মশানে। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে দুইটায় কলকাতার সাহিত্য একাডেমি থেকে সুনীল গঙ্গোপাধ্যায়ের মরদেহ নিয়ে শোকমিছিল করে কেওড়াতলা মহাশ্মশানে আনা হয়। মিছিলের সামনে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ কলকাতার বিশিষ্টজনেরা। বেলা আড়াইটায় শেষকৃত্য সম্পন্ন হয়। চিতার আগুনে বিলীন হয়ে যায় সুনীল গঙ্গোপাধ্যায়ের নশ্বর দেহ। শেষকৃত্যে উপস্থিত ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের সহধর্মিণী স্বাতী গঙ্গোপাধ্যায়, ছেলে সৌভিক গঙ্গোপাধ্যায়সহ তাঁর পরিবারের সদস্যরা।এর আগে গতকাল সকাল ১০টায় সুনীল গঙ্গোপাধ্যায়ের মরদেহ হিমঘর পিচহ্যাভেন থেকে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য নিয়ে যাওয়া হয় তাঁর দীর্ঘদিনের কর্মস্থল আনন্দবাজার পত্রিকা কার্যালয়ে। এখানে তাঁকে শ্রদ্ধা জানান আনন্দবাজার পত্রিকার প্রধান সম্পাদক অভীক সরকার, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়সহ আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর কর্মীরা। এরপর মরদেহ সাধারণ মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য আনা হয় রবীন্দ্রসদনে। এখানে একটি বিশেষ মঞ্চে রাখা হয় মরদেহ। শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, কবি শঙ্খ ঘোষ, লেখক সমরেশ মজুমদার, সুচিত্রা ভট্টাচার্য, কবি জয় গোস্বামী, চলচ্চিত্রকার মৃণাল সেন, নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র, শাঁওলী মিত্র, চিত্রকর শুভাপ্রসন্ন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকারসহ রাজনৈতিক নেতা, কবি-সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং কলকাতার সাধারণ মানুষ। যদিও সুনীলের মৃত্যুর পরপরই পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, তাঁর ইচ্ছানুযায়ী মরদেহ দান করা হবে। ২০০৩ সালের ৪ এপ্রিল সুনীল গঙ্গোপাধ্যায় কলকাতার ‘গণদর্পণ’কে সস্ত্রীক মরণোত্তর দেহ দান করে যান। কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের একমাত্র ছেলে সৌভিক গঙ্গোপাধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর আগের সিদ্ধান্ত পাল্টানো হয়। পারিবারিক সূত্র থেকে প্রথম আলোকে বলা হয়েছে, সুনীলের ছেলের ইচ্ছানুযায়ী তাঁর দেহ দান না করে সৎকারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে সুনীলের ছেলে সৌভিক গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তিনি তাঁর বাবার মৃত্যুতে কোনো শ্রাদ্ধানুষ্ঠান করবেন না। করবেন স্মরণসভা। বাংলাদেশের শ্রদ্ধা নিবেদনসুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির পক্ষে গতকাল তাঁর মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আবিদা ইসলাম হাইকমিশনের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নিয়ে রবীন্দ্রসদনে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুর পর তাঁর বাসভবনে গিয়েও বাংলাদেশ উপহাইকমিশনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়।এদিকে গতকাল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে সুনীল গঙ্গোপাধ্যায়ের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য লক্ষ্মী চক্রবর্তী। এ ছাড়া ফরিদপুরের সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মভিটার দুই তরুণ এসেও সুনীল গঙ্গোপাধ্যায়ের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করে যান।