নীল জলে রোমাঞ্চকর পেশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্র কার না ভালো লাগে। সমুদ্রের নীল জল ঘিরেই যদি হয় কাজের সুযোগ, তাহলে অনেকের স্বপ্ন আর বাস্তব দুটোই মিলে যায়। মালবাহী বা যাত্রীবাহী সমুদ্রগামী বাণিজ্যিক জাহাজের একজন কর্মকর্তা হিসেবে যোগদানের মাধ্যমে স্বপ্ন আর বাস্তব একসঙ্গে মিলতে পারে। কাজের পাশাপাশি বিশ্বভ্রমণের সুযোগ আছেএ পেশায়। সাগরজলের পেশা মানেই রোমাঞ্চকর অভিযানে ভরপুর। সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকায় এ বিষয়ে বাংলাদেশ মেরিন একাডেমিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের শেষ তারিখ ১৫ জুলাই। প্রতিষ্ঠানের কার্যক্রম: আমাদের দেশে ১৯৬২ সালে চট্টগ্রামে প্রায় ১০০ একর জমির ওপর মেরিন একাডেমির যাত্রা শুরু হয়। এখানে দুটি বিষয়ে পড়ানো হয়, নটিক্যাল সায়েন্স ও নৌ প্রকৌশল (মেরিন ইঞ্জিনিয়ারিং)। দুই বিষয়ে স্নাতক ডিগ্রি দেওয়া হয়। এই প্রতিষ্ঠান ২০০০ সালে আন্তর্জাতিক মেরিটাইম প্রতিষ্ঠানের (আইএমও) হোয়াইট লিস্টের অন্তর্ভুক্ত হয়।ভর্তির যোগ্যতা: প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে। দুটিতেই আলাদাভাবে ন্যূনতম জিপিএ-২.৫ থাকতে হবে। উচ্চমাধ্যমিক ফলপ্রার্থীরাও আবেদন করতে পারবে। বয়স ২০১০ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে অনূর্ধ্ব ২১ বছর হতে হবে। প্রত্যেক প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে। আবেদন-প্রক্রিয়া টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে সম্পন্ন হবে।আবেদনের ফি ৭০০ টাকা।নির্বাচন-প্রক্রিয়া: মেরিন একাডেমিতে মোট পাঁচটি ধাপে শিক্ষার্থী নির্বাচন করা হয়ে থাকে। প্রথমে লিখিত পরীক্ষায় ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান ও সাধারণ জ্ঞান—এই তিন বিষয় থেকে প্রত্যেক বিষয়ে ১০০ নম্বর করে মোট ৩০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সময় তিন ঘণ্টা। দ্বিতীয় ধাপে শারীরিক যোগ্যতা ও সাঁতার পরীক্ষা। তৃতীয় ধাপে মৌখিক পরীক্ষা। চতুর্থ ধাপে চোখের বিশেষ পরীক্ষা এবং শেষ ধাপে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এসব ধাপে সফলভাবে উত্তীর্ণ হলে মেরিন একাডেমিতে ভর্তির সুযোগ দেওয়া হয়।যা পড়ানো হয়: ক্যাপ্টেন মো. শাহ আলম বলেন, নটিক্যাল সায়েন্স বিষয়ে তিন বছর পড়ানো হয়। এই কোর্সের দুই বছর থাকে তাত্ত্বিক বিষয়।বাকি এক বছর সমুদ্রে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। ক্যাডেটদের নটিক্যাল সায়েন্স, নেভিগেশন ওয়াচ ব্যবস্থাপনা, যাত্রাপদ প্রণয়ন, রাডার ও হাইটেক অনুষঙ্গের ব্যবহার, মেরিটাইম স্যাটেলাইটের সাহায্যে রেডিও যোগাযোগব্যবস্থা, মালামাল ও ক্রু ব্যবস্থাপনা, অগ্নি-প্রতিরোধ, লাইফবোট ব্যবহার এবং চিকিৎসাব্যবস্থা, ব্যবসায় আইন প্রভৃতি বিষয়ে পড়ানো হয়।নৌ প্রকৌশল বিষয়েও তিন বছরের স্নাতক কোর্স,দুই বছর তাত্ত্বিক বিষয় এবং বাকি এক বছরে ছয় মাস করে সমুদ্র ও ওয়ার্কশপ প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে ইঞ্জিনিয়ারিং ওয়াচ ব্যবস্থাপনা, জাহাজের ইঞ্জিন, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, মেরামত ও পুনঃ সংযোজন, বিদ্যুৎ প্রকৌশল, ইলেকট্রনিক প্রকৌশল, কন্ট্রোল, রেফ্রিজারেশন ও অগ্নি-প্রতিরোধ, লাইফবোট ব্যবহার ও চিকিৎসাব্যবস্থা, ব্যবসায় আইন প্রভৃতি বিষয় শেখানো হয়।দায়দায়িত্ব: মো. শাহ আলম আরও জানান, জাহাজে যোগদানকারী কর্মকর্তাকে প্রথম থেকেই নিখুঁতভাবে কাজ করতে হয়। শিক্ষানবিশ ক্যাডেট অফিসার বিশেষায়িত প্রতিষ্ঠানে (মেরিন একাডেমি) এবং জাহাজে তিন বছর সমন্বিত শিক্ষা কার্যক্রমের আওতায় পেশাগত জ্ঞান ও দক্ষতা অর্জন করে। এই পর্বের সমাপ্তির পর সে জাহাজের ‘অপারেশনাল লেভেল’-এর একজন ডেক বা ইঞ্জিনিয়ারিং অফিসার হিসেবে নিয়োগ পাওয়ার সম্ভাবনা থাকে। ‘ম্যানেজমেন্ট লেভেল’ অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তাদের (ক্যাপ্টেন, চিফ ইঞ্জিনিয়ার, সেকেন্ড ইঞ্জিনিয়ার ও চিফ অফিসার) কাছে দায়বদ্ধ থাকেন অপারেশনাল অফিসাররা। তা ছাড়া ‘সাপোর্ট লেভেল’ রেটিং বা ক্রুদের তত্ত্বাবধান করে থাকে। ডেক অফিসাররা প্রথম নেভিগেশন, বিশ্ব যোগাযোগব্যবস্থা এবং আবহাওয়াজনিত পর্যবেক্ষণ ও সমস্যার সমাধানসহ প্রভৃতি বিষয়ে দক্ষতা অর্জন করে থাকে। গভীর সামুদ্রিক পরিবেশে যা অনেক নিবেদিত গবেষকদের কাছেও সহজ নয়। অপরদিকে, নৌ-প্রকৌশলীরা তাঁদের কর্মজীবনের শুরু থেকেই জাহাজের ইঞ্জিন, সূক্ষ্ম উচ্চ প্রযুক্তির যান্ত্রিক, বৈদ্যুতিক, নিউমেটিক, হাইড্রোলিক ও রেফ্রিজারেশন সিস্টেম সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ লাভ করে।সুযোগ-সুবিধা: দেশ-বিদেশের সব জায়গায়ই এ পেশার যথেষ্ট সম্মান ও মূল্যায়ন রয়েছে। এ ছাড়া অন্যান্য পেশার তুলনায় যেমন রয়েছে আকর্ষণীয় বেতন-ভাতা, তেমনই আছে আরামদায়ক জীবনযাপনের সুযোগ। সদ্য যোগদানকারী ওয়াচকিপিং নেভিগেটিং অফিসার বা ওয়াচকিপিং মেরিন ইঞ্জিনিয়ারের বেতনের পরিমাণও অনেক বেশি। অনেক জাহাজেই পরিবারসহ বসবাসের সুযোগ রয়েছে।আর অবস্থানকালে বিনা মূল্যে থাকা, খাওয়া ও চিকিৎসাসুবিধা তো থাকছেই। কর্মদক্ষতা ও পরীক্ষার মাধ্যমে একজন ডেক বা ইঞ্জিনিয়ারিং অফিসার পদোন্নতি পেয়ে জাহাজের ক্যাপ্টন বা চিফ ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ আছে।পেশার চাহিদা: এটি সম্পূর্ণ চাহিদাসম্পন্ন ও আন্তর্জাতিক একটি পেশা। প্রতিবছরই বিশ্ব অর্থনীতি, জনসংখ্যা এবং ব্যবসা বিস্তৃতি—এসব কারণে ক্রমেই বেড়ে চলেছে জাহাজের সংখ্যা, আকার ও প্রযুক্তি। আর এই জন্যই আন্তর্জাতিক জাহাজ চলাচল সংস্থাগুলো মানসম্পন্ন আরও বেশি সংখ্যায় সমুদ্রগামী অফিসার খোঁজ করছে। বাংলাদেশের মতো দেশগুলোতে আগ্রহী মানুষের সুযোগ এখন খুব কাছে। বিভিন্ন ধরনের স্থলভিত্তিক ব্যবস্থাপনার কাজেও নেভিগেশন বা নৌ-প্রকৌশলী সমুদ্র-অভিÁ ব্যক্তিদের চাহিদা বেড়েই চলছে। যেমন দেশের ক্রমবর্ধমান বার্জ-মাউন্টেড পাওয়ার প্ল্যান্টের নাম করা যায়, যেখানে সুনামের সঙ্গে কাজ করছে অসংখ্য বাংলাদেশি নৌ-প্রকৌশলী। এমনকি একজন অফিসার স্থলে, যেমন শিপিং ব্যবস্থাপনা, জাহাজের সার্ভেয়ার, পোর্ট ক্যাপ্টেন, প্রশিক্ষক প্রভৃতি পদে চাকরি করার সুযোগ রয়েছে বলেন মো. শাহ আলম। এর মানে এ পেশা জল ও স্থল—দুই জায়গাতেই।বিস্তারিত জানতে: বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম।মোবাইল: ০১৫৫২৪৬০৬৭৬, ০১৫৫২৪৬০৬৮৬ (সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা)।ওয়েব: http://www.macademy.gov.bd অথবা http://bma.teletalk.com.bd