নীল বিচ্ছু, রোমশ মাকড়সাসহ নতুন ২০ প্রজাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীল রঙা এক বিচ্ছু। দেখলে গা শিউরে উঠবে। রোমশ এক মাকড়সা। আকারে প্রায় হাতের তালুর সমান। এটিও দেখতে সুবিধার নয়। ভয় নেই, চোখ জুড়ানোর মতো মাছ ও পাখিও আছে। এসব মিলিয়ে বিভিন্ন ধরনের নতুন ২০টি প্রজাতির সচিত্র তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা।২০ বছর মাঠ পর্যায়ে কাজ করে বিজ্ঞানীরা এ রকম প্রায় এক হাজার ৩০০ প্রজাতির নতুন প্রাণীর সন্ধান পেয়েছেন। এর মধ্যে আনুষ্ঠানিকভাবে ৫০০ প্রজাতির নামকরণ ও শ্রেণীবিন্যাস করা গেছে। প্রজাতির শ্রেণীবিন্যাসকরণ কাজের ২০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিজ্ঞানীরা তাঁদের প্রিয় ও পছন্দের ২০ প্রজাতির প্রাণীর সচিত্র তথ্য প্রকাশ করেছেন।র‌্যাপিড অ্যাসেসমেন্ট প্রোগ্রামের (আরএপি) এসব অর্জন লিঅ্যান আলনসো সম্পাদিত তাদের নতুন বই ‘স্টিল কাউন্টিং’-এ প্রকাশিত হয়েছে। তিনি কনজারভেশন ইন্টারন্যাশনালের পরিচালক। তাঁর সঙ্গে এ কাজে অভিজ্ঞ অন্যান্য বিজ্ঞানীরাও ছিলেন। কিছু স্মৃতিকথা, কিছু ঐতিহাসিক ও কিছু পদ্ধতিগত নির্দেশনা-সংবলিত স্টিল কাউন্টিং বইটিতে পৃথিবীর দূরতম ও অত্যন্ত অপরিচিত অঞ্চলে আরএপির বিজ্ঞানীদের অভিযানের কথা তুলে ধরা হয়েছে। সঙ্গে আছে দুর্লভ ও বিলুপ্তপ্রায় প্রাণীর চার শতাধিক রঙিন ছবি। ১৩ বছর ধরে এ জরিপ অভিযানের নেতৃত্ব দেওয়া আলনসো বলেন, ‘এটি ছিল বিস্ময়কর এক অভিযান।’১৯৯০ সালে প্রতিষ্ঠার পর থেকে গত ২০ বছরে আরএপির অর্জনের ঝুলিতে পুরেছে ২৭ দেশের প্রাণীদের ওপর ৮০টি গবেষণামূলক জরিপ। এর মধ্যে ভূচর প্রাণীদের নিয়ে ৫১টি, সামুদ্রিক প্রাণীর ওপর ১৫টি ও মিঠাপানির প্রাণী নিয়ে ১৩টি জরিপ রয়েছে। ২০ বছর ধরে বিজ্ঞানীরা ‘কনজারভেশন ইন্টারন্যাশনাল’ নামের একটি সংস্থার সঙ্গে মাঠ পর্যায়ে কাজ করে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এমন কিছু নতুন প্রজাতির প্রাণীর সন্ধান পেয়েছেন, এসব প্রাণীর মধ্যে কিছু দেখতে যেমন ভারি সুন্দর, তেমনি কিছু ভয়াল প্রাণীও আছে। এক ধরনের মাছ আছে, যার পিঠ ও লেজের প্রান্তে আলোর ঝলকানি খেলে। তীক্ষ কাঁটার মতো হুল আছে—এমন এক ধরনের পিঁপড়ের খোঁজও মিলেছে। যাদের মাকড়সা-ভীতি আছে, তারা একটু সাবধান। এমন মাকড়সা পাওয়া গেছে, যা ট্যারানটিউলা জাতের বিষাক্ত মাকড়সার মধ্যে সবচেয়ে বড় বলে ধারণা করা হচ্ছে। এটি গিরগিটি সাবাড় করে দেয়। এমনকি বড়সড় পাখিও খায় দৈত্যাকার এ মাকড়সা। এদের ওজন ১৭০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। ২০০৬ সালে কনজারভেশন ইন্টারন্যাশনাল সংস্থার র্যাপিড অ্যাসেসমেন্ট প্রোগ্রামের বিজ্ঞানীরা এই মাকড়সা গভীরভাবে পর্যবেক্ষণ করেন। বৃষ্টি-বনের (রেইন ফরেস্ট) নিচু এলাকায় গর্ত করে এরা বাস করে। মূলত অমেরুদণ্ডী প্রাণী খেয়ে বাঁচে এই মাকড়সা। আট ইঞ্চি দীর্ঘ এক ধরনের বিচ্ছু আছে, যারা এম্পেরর স্করপিয়ন বলে পরিচিত। ২০০৬ সালে ঘানা ও কানাডার বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে দেখেন বিশালাকার দেহ হলেও মূলত উইপোকা ও অন্যান্য অমেরুদণ্ডী প্রাণী খেয়েই জীবনধারণ করে এই বিচ্ছু। এই প্রজাতির বিচ্ছুর বিষে এমন যৌগ রয়েছে, যা অ্যারিথমিয়া নামের এক ধরনের হূদরোগের ওষুধ হিসেবে ব্যবহারের জন্য পরীক্ষা করে দেখা হচ্ছে। র‌্যাপিড অ্যাসেসমেন্ট প্রোগ্রাম দলের বিজ্ঞানীরা কম্বোডিয়ার জঙ্গলে মাছ ধরার বড়শিতে ব্যবহার করা হয় এমন এক ধরনের পিঁপড়া খুঁজে পেয়েছেন। সাধারণ পিঁপড়ার চেয়ে অনেক বড় আকারের অদ্ভুত এই পিঁপড়া দেখে বিজ্ঞানীরা এবং পশু-পাখি শিকারিরা অবাক হয়েছেন। তাদের দেহে থাকা বাঁকানো কাঁটা খুব সহজে শত্রুর চামড়া ভেদ করে চলে যেতে পারে।বিপদের সময় পরস্পরের হুলের সঙ্গে যুক্ত হয়ে এসব পিঁপড়া কার্যকর লম্বা প্রতিরক্ষা কৌশল তৈরি করে। আবর্জনাভুক হিসেবে মৃত পোকামাকড় ও পশু-পাখি খেয়ে পিঁপড়া প্রকৃতির বাস্তু-সংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ‘স্ট্রুমিগেনিস টাইগ্রিস’ নামের আরেক ধরনের পিঁপড়া আছে, যারা পাপুয়া নিউগিনির বৃষ্টি-বনের গাছের পাতায় থাকে। মাত্র দুই মিলিমিটারের ক্ষুদ্র এই পিঁপড়ার দেহের রং পাতার সঙ্গে মিশে যেতে সাহায্য করে। নিকটিমিসটেস নামের এক ধরনের বড় গেছো ব্যাঙ আছে। বড় বড় চোখের এই ব্যাঙ প্রায় ১৫ সেন্টিমিটার লম্বা। ২০০৮ সালে পাপুয়া নিউগিনির বনাঞ্চলে পাওয়া যায়। ব্যাঙের মতো উভচর প্রাণীদের প্রাচুর্য থাকাটা প্রতিবেশ ব্যবস্থার জন্য ভালো।মাদাগাস্কার দ্বীপে ১৯৯৮ সালে পাতার মতো লেজবিশিষ্ট বিকট-দর্শন এক টিকটিকির সন্ধান পাওয়া যায়। এ ধরনের প্রায় ১২ প্রজাতির টিকটিকির মতো প্রাণীর মধ্যে এটাই সবচেয়ে ছোট। এই টিকটিকি নিশাচর। ২০০৪ সালে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (ডব্লিউডব্লিউএফ) তাদের শীর্ষ ১০ ‘মোস্ট ওয়ান্টেড’ প্রজাতির তালিকায় এই টিকটিকিকে স্থান দেয়। পেরুর ঐতিহ্যবাহী ইনকা সভ্যতার মাচ্চুপিচ্চুর ধ্বংসাবশেষের কাছে ভিলকাবাম্বা পার্বত্য এলাকায় কাঠবিড়ালির মতো দেখতে এক ধরনের ইঁদুরের দেখা মিলেছে। গাট্টাগোট্টা আকারের ধূসর রঙের এই প্রাণীর তীক্ষ নখযুক্ত পা আছে। মাথায় সাদা ডোরাকাটা রেখা রয়েছে। কঙ্গো নদীর তীরে ২০০৪ সালে এক বিশেষ প্রজাতির ফড়িংয়ের সন্ধান মেলে। এগুলোর হলুদ রঙের পেট। হাঁটু আর পায়ের দিকে লাল ও সাদা রঙের ছোপ। পানির গুণগত মান বোঝার জন্য ফড়িং অত্যন্ত সহায়ক। কারণ, এরা পরিষ্কার পানি ছাড়া চলতে পারে না। মজার ব্যাপার হচ্ছে, এই প্রজাতির পুরুষ ফড়িং স্ত্রী ফড়িংয়ের সঙ্গে প্রেমও করে। প্রতিদিন বিকেলে সূর্যাস্তের এক ঘণ্টা আগে এ ‘প্রেম-নৃত্য’ শুরু হয়। চলে সন্ধ্যা পর্যন্ত। এ ছাড়া বিজ্ঞানীরা এমন এক পোকার সন্ধান পেয়েছে, দেখলে মনে হবে যে একটি ছেড়া পাতা হেঁটে যাচ্ছে। ওয়েবসাইট অবলম্বনে।