মাদ্রিদ ওপেনের লাল মাটির কোর্ট এবার হয়েছে নীল। শুধু কি রংটাই বদলেছে? আরও অভিযোগ খেলোয়াড়দের। লিখেছেন রাজীব হাসানপ্রথম ম্যাচটা খেলার পর নোভাক জোকোভিচের প্রতিক্রিয়া ছিল, এমন আকস্মিক পরিবর্তনের পর নীল মাটির কোর্টে টেনিস খেলা কেবল চাক নরিসের পক্ষেই সম্ভব।চাক নরিস কে? যদি প্রশ্নটা আপনার হয়ে থাকে, তবে মহান এই কিংবদন্তি সম্পর্কে কিছু তথ্য জেনে নিন— চাক নরিস নিজে তাঁর বাবা-মায়ের নাম দিয়েছেন। চাক নরিস নিউইয়র্কে বোস্টন ম্যারাথন জিততে পারেন। গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কারের পরপরই চাক নরিসের কাছ থেকে তিনটা মিসকল পেয়েছিলেন। ২০ বছর আগেই মারা গিয়েও চাক নরিস এখনো বেঁচে আছেন কীভাবে? মৃত্যু সাহসই পাচ্ছে না নরিসকে ব্যাপারটা জানাতে।এতক্ষণে চাক নরিসকে নিশ্চয়ই চিনে গেছেন। চাক নরিস সেই কিংবদন্তি ‘গুগলে চাক নরিস পারেন না’ লিখে সার্চ দিলে কোনো ফলাফলই দেখায় না। কারণ, চাক নরিস বাঙালি হলে বাংলা অভিধান শুরুই হতো ‘আ’ থেকে, কারণ ‘অসম্ভব’ লিখতে ‘অ’ লাগে। চাক নরিসের পৃথিবীতে ‘অসম্ভব’ বলে কিছু নেই। এবারের মাদ্রিদ ওপেনের শুরু থেকেই চলছে নীল কোর্ট নিয়ে বিতর্ক। হুট করে প্রথাগত লাল বা গাঢ় কমলা রঙের বদলে এই টুর্নামেন্টে খেলা হচ্ছে নীল মাটির কোর্টে। এ নিয়ে নিজেদের অসন্তোষের কথা লুকানোর কোনো চেষ্টাই করেননি জোকোভিচ বা মাটির কোর্টের রাজা রাফায়েল নাদাল। জোকোভিচের দাবি, মাটির কোর্টের রং গাঢ় কমলা থেকে নীল করে ফেলার পর কেবল নরিসের পক্ষেই তাতে খেলা সম্ভব! শুধু অসন্তোষই নয়, কোর্টের রং আগের অবস্থায় ফিরিয়ে না আনা হলে আগামী বছর থেকে টুর্নামেন্ট বয়কটের হুমকিও দিয়েছেন নাদাল-জোকোভিচ।এই কোর্টে কীভাবে খেলতে হয়, সেই পরামর্শ জোকোভিচ চাক নরিসের কাছেই চান, ‘আমার দৃষ্টিতে এটা টেনিস নয়। এই কোর্টে খেলতে হলে হয় আমাকে ফুটবলের জুতা পরে আসতে হবে, নয়তো কীভাবে খেলা উচিত সেই পরামর্শ নিতে চাক নরিসের কাছে যেতে হবে। সেন্টার কোর্টে নড়াচড়া করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। পুরো ম্যাচে আমি সব মিলে পাঁচটি বলই মেরেছি। বাকিটা সময় শুধু চেষ্টা করে গেছি বলটাকে কোর্টের মধ্যেই রাখার।’প্রশ্ন করতে পারেন, নীল কোর্টে কি জোকোভিচরা আগে খেলেননি। অস্ট্রেলিয়ান ওপেনও তো নীল কোর্টে হয়েছে। প্রথাগত লাল বা গাঢ় কমলা কোর্টের বদলে নীল রং করায় আসলে কী সমস্যা হচ্ছে? জোকোভিচের কাছে উত্তরও আছে, ‘লাল মাটির কোর্টে আপনি যখন স্লাইড করবেন, আপনার মধ্যে সেই অনুভূতি থাকবে যে আপনি আটকে যাবেন, পড়ে যাবেন না। কিন্তু এখানে, আপনি যা-ই করুন না কেন, মনে হবে আপনি পিছলে পড়ে যাচ্ছেন। পুরুষ বা মহিলা কোনো খেলোয়াড়কেই বলতে শুনলাম না, আমি নীল কোর্টে খেলতে চাই।’কঠোর ভাষায় সমালোচনা করেছেন নাদালও। এ মাসের শেষে শুরু হচ্ছে ফ্রেঞ্চ ওপেন। মাদ্রিদ ওপেন তাই খেলোয়াড়দের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতি এখান থেকেই নেন খেলোয়াড়েরা। এখন কোর্টের রং পাল্টালে সেটি তাঁদের প্রস্তুতিতে ব্যাঘাত তো ঘটাবেই। নাদালও বলেছেন, ‘এই কোর্টের আড়াইটা সমস্যা আছে।’ সবচেয়ে বড় হতাশার ব্যাপারটি হলো, এই পরিবর্তনের ব্যাপারে খেলোয়াড়দের পরামর্শ আমলে নেওয়া হয়নি। ‘খেলোয়াড়দের অধিকার সংরক্ষণের ব্যাপারে এটিপি আরও সক্রিয় ভূমিকা রাখবে বলেই আশা করি’—বলেছেন নাদাল।কেন এই পরিবর্তন? কী দরকার ছিল এই বিতর্ককে আমন্ত্রণ জানিয়ে ঘরে ডেকে আনার। মাদ্রিদ ওপেনের অধিকর্তা আয়ন টিরিয়াকের দাবি, নীল কোর্ট টিভি দর্শকদের জন্য দৃষ্টিসহায়ক। খেলোয়াড়েরাও এতে বল ভালোভাবে দেখতে পাবেন বলে তাঁর দাবি। তবে নিন্দুকেরা বলছে অন্য কথা। বলা হচ্ছে, এই পরিবর্তনের পেছনে কলকাঠি নেড়েছে স্পন্সর। মাদ্রিদ ওপেনের মূল স্পন্সর মুতুয়া মাদ্রিলেনা। স্পেনের এই প্রধান বিমা প্রতিষ্ঠানের ‘ব্র্যান্ড কালার’ নীল। আর এ কারণেই কোর্টের রংও হয়েছে নীল!