নীলগাঁওয়ে নীল ছোবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্ট সুরম্য একটি গ্রাম নীলগাঁও। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে চেঙ্গেরখাল নদী। নদীর দুই কূল এক করেছে বাদাঘাট সেতু। আর এই সেতুর ঠিক পাশেই গ্রাম্য একটি বাজার। সিলেটের সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাদাঘাট বাজারটির অবস্থান। সন্ধ্যার পর এই বাজার আর আশপাশের এলাকায় দামি গাড়ি ও মোটরসাইকেল হাঁকিয়ে জড়ো হন শহুরে সাহেব আর তরুণ-যুবকেরা। সন্ধ্যা থেকে গভীর রাত অবধি চলে মাদক সেবন আর আড্ডা-চিৎকার-হইহুল্লোড়। এভাবেই কয়েক বছর ধরে চলছে নীলগাঁওয়ে মাদকের নীল ছোবল। প্রথম দিকে গ্রামবাসী প্রতিবাদ করলেও এখন অনেকটা গা-সওয়া হয়ে গেছে। বরং এই গ্রামের অনেকেই এখন মাদক বিক্রেতা ও সেবনকারী। আর নীলগাঁওয়ের পার্শ্ববর্তী বাদাঘাট বাজার পরিচিতি পেয়েছে ‘মাদকের হাট’ হিসেবে।৫ জুন সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা যায়, বাদাঘাট বাজারের পার্শ্ববর্তী মূল সড়কে খালি হাতে কিছু লোক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। মোটরসাইকেল দেখেই ওই ব্যক্তিরা মাদকসেবী ভেবে এগিয়ে এসে জিজ্ঞেস করে, ‘কিছু লাগবনি?’ কথা শেষ করেই লুঙ্গি দিয়ে পেঁচিয়ে রাখা ফেনসিডিলের বোতল বের করে এগিয়ে দেয়। প্রয়োজনে আরও সাপ্লাই করা যাবে বলে ওই সব ব্যক্তি জানায়।দেখা যায়, বাদাঘাট বাজার, নীলগাঁও, চেঙ্গেরখাল নদীর তীর ও আশপাশে বিভিন্ন মাদকের খালি বোতল ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। এগুলোর অধিকাংশই ভারত থেকে আমাদানি করা ফেনসিডিল, অফিসার চয়েজ ও বিভিন্ন কফের ওষুধ।নাম প্রকাশে অনিচ্ছুক এক মাদক বিক্রেতা বলেন, শহরের বাইরে হওয়ায় মাদকসেবীদের জন্য নীলগাঁও নিরাপদ জায়গা। প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চলে মাদক কেনাবেচা। আলাপকালে তিনি জানান, নীলগাঁওয়ের প্রায় দেড় শ পরিবারের মধ্যে ২০টি পরিবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে। এ ছাড়া গ্রামের অনেক যুবক-তরুণ মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকাসক্ত হয়ে পড়েছেন।