নীলগিরিতে রাতযাপন বাসররাতের মতো রোমাঞ্চকর
বান্দরবানের অনাবিল প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ স্পিকার আবদুল হামিদ বলেছেন, ‘নীলগিরিতে রাতযাপন বাসররাতের মতো রোমাঞ্চকর। বাসররাতের স্মৃতির মতো এ স্মৃতি আজীবন মনে থাকবে।’ আজ সোমবার সেনাবাহিনীর পরিচালিত অবকাশযাপন কেন্দ্র নীলগিরি থেকে ফিরে বান্দরবান সার্কিট হাউসে তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে এ কথা বলেছেন।স্পিকার আবদুল হামিদ গতকাল রোববার দুই দিনের সফরে বান্দরবানে এসেছেন। এসে তিনি নীলগিরিতে যান। সেখানে তিনি রাতযাপন করেন এবং নীলগিরির দুই হাজার ফুট উঁচু পাহাড়ে বসে সূর্যাস্ত ও সূর্যোদয় উপভোগ করেন। আজ বান্দরবানে ফিরে সার্কিট হাউসে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন।বান্দরবানের সৌন্দর্য অতুলনীয় উল্লেখ করে স্পিকার বলেন, দেশের ভেতর এ রকম অপরূপ সুন্দর জায়গা আছে তা অনেকে জানেন না। তিনি বলেন, এ রকম মনোরম প্রকৃতিকে কাজে লাগিয়ে পর্যটনশিল্পের উন্নয়ন ঘটাতে পারলে এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক জীবনমানের পরিবর্তন হবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়ে বলেন, বিরোধী দল ছাড়া সংসদ প্রাণবন্ত হয় না। দেশের স্বার্থে তাদের সংসদে আসা উচিত। রাজপথে আন্দোলন করে জনগণকে দুর্ভোগে না ফেলে সংসদে কথা বলাই ভালো বলে তিনি মন্তব্য করেন।জেলা আওয়ামী লীগের সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাংসদ বীর বাহাদুর, সাংসদ ফজলে করিম, জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা প্রমুখ।