নীলনকশা ব্যর্থ হওয়ায় ফখরুদ্দীন-মইনের বিষোদগার
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিএনপির উদ্দেশে বলেছেন, নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য ভালো কোনো প্রস্তাব থাকলে সেটা গ্রহণ করা হবে। তবে তা পল্টনে না বলে সংসদে এসে বলতে হবে।আজ সোমবার বিএনপির মহাসমাবেশ শেষে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে এক সংবাদ ব্রিফিংয়ে মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন।হানিফ বলেন, ‘চারদলীয় জোটের মহাসমাবেশে জনসমাগম কম হওয়ায় এবং মানুষ আনতে ব্যর্থ হওয়ায় বিরোধীদলীয় নেতা বেসামাল হয়ে অসত্য তথ্য দিয়েছেন। আমরা তাঁর মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ জানাই।’তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে বিরোধী দলের আল্টিমেটাম এবং ২৯ মার্চের হরতাল আহ্বান সম্পর্কে হানিফ বলেন, ‘সংবিধানে তত্ত্বাবধায়ক পদ্ধতি ফিরিয়ে আনার কোনো সুযোগ নাই। নির্দলীয় সরকার সম্পর্কে অন্য কোনো প্রস্তাব থাকলে সংসদে এসে তুলে ধরতে হবে। আওয়ামী লীগ তা গ্রহণ করবে। কারণ আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী।’হানিফ আরও বলেন, কার জন্য এই হরতাল? জনগণ তা জানতে চায়। আজ সমাবেশ করেছে যুদ্ধাপরাধীদের বাঁচাতে। এই সমাবেশ জনগণ প্রত্যাখ্যান করেছে। ভবিষ্যতে যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য কোনো হরতাল এ দেশের জনগণ পালন করতে দেবে না। সুতরাং এজেন্টদের টাকা নিয়ে জনবিরোধী হরতাল না করে সংসদে যেতে হবে।বিরোধী দলের ডাকা ২৯ মার্চের হরতাল সম্পর্কে তিনি বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল। ভয় দেখিয়ে কোনো দাবি আদায় করা যাবে না।ফখরুদ্দীন-মইনুদ্দিন কী তাহলে শেখ হাসিনাকে ২০০৮ সালে ক্ষমতায় বসিয়েছিলেন—সমাবেশে খালেদা জিয়ার দেওয়া এমন বক্তব্যের প্রতিবাদ করে হানিফ বলেন, নয়জনকে ডিঙিয়ে খালেদা জিয়া মইন উ আহমেদকে সেনাপ্রধান করেছিলেন। আর বিশ্বব্যাংক থেকে ফখরুদ্দীনকে এনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করেছিলেন। খালেদা জিয়া নীলনকশা বাস্তবায়নের জন্য এ কাজ করেছিলেন। কিন্তু তাঁর নীল নকশা ব্যর্থ হওয়ায় তিনি ফখরুদ্দীন ও মইন উ আহমেদের বিরুদ্ধে বিষোদগার করছেন।আওয়ামী লীগ জনগণের রায় নিয়ে ক্ষমতায় যেতে বিশ্বাসী উল্লেখ করে হানিফ বলেন, আওয়ামী লীগ কারও এজেন্ট নয়। কারও টাকায় নির্বাচন করেনি। জনগণের ভোটে ২০০৮ সালে সরকার গঠন করেছে। আওয়ামী লীগ কোনো অশুভ পন্থায় ক্ষমতা দখলে বিশ্বাস করে না। কিন্তু খালেদা জিয়া ৯১ সালে একাত্তরের পরাজিত শক্তির টাকা নিয়ে নির্বাচন করে ক্ষমতায় গিয়েছিলেন। ৯১-পরবর্তী সময়ে তিনি আর কার কাছ থেকে কত টাকা নিয়ে এ দেশকে বিদেশিদের তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন, জাতি তা জানতে চায়।বিএনপির সমাবেশ চলাকালে তিনটি চ্যানেলের সম্প্রচার সাময়িকভাবে বন্ধ হওয়ার বিষয়ে হানিফ বলেন, সরকার কোনো চ্যানেলের সম্প্রচার বন্ধ করেনি। সরকারি কোনো নিষেধাজ্ঞাও ছিল না। এটা সম্পূর্ণ চ্যানেলগুলোর নিজেদের নীতি-কৌশলের ব্যাপার।ব্রিফিংয়ে আওয়ামী লীগের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ জাহিদ আহসান, বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।