নীলফামারী ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
নীলফামারীতে আজ মঙ্গলবার এবং বাগেরহাটে গতকাল সোমবার দিবাগত গভীর রাতে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। নীলফামারীতে নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন সৈয়দপুরের সুমন (২৪)। আর বাগেরহাটে দুজন নিহতের পরিচয় পাওয়া গেছে। এঁরা হলেন—বেসরকারি এশিয়ান বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র সজীব (২৪) ও বাসের সুপারভাইজার রবিউল ইসলাম (৩২)। রবিউলের বাড়ি মোল্লাহাট উপজেলার ঘোষগাঁতি গ্রামে এবং সজীবের বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলায়।নীলফামারী: প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল সাড়ে সাতটার দিকে নীলফামারী সদর উপজেলার ঢেলাপীরের অদূরে ঢাকা থেকে ছেড়ে আসা বিকে পরিবহনের একটি বাসের সঙ্গে নীলফামারী থেকে সৈয়দপুরগামী মেরুন পরিবহনের আরেকটি বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে বিকে পরিবহনের চালক ও তাঁর সহযোগী ঘটনাস্থলে নিহত হন। আহত হয় ২০ জন। আহতদের সৈয়দপুর ও নীলফামারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সৈয়দপুর উপজেলা হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান মেরুন পরিবহন বাসের চালকের সহযোগী সুমন। বাগেরহাট: হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোস্তাফিজুর রহমান ও মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন রাত সোয়া একটায় ঘটনাস্থল থেকে প্রথম আলোকে জানান, সুন্দরবন পরিবহনের একটি বাস গতকাল রাত পৌনে ১২টার দিকে খুলনা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। বাসটি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মেঝের গাওলা সোহেল ফিলিং স্টেশনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে তিনজন নিহত ও ১৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।