নেতা-কর্মীদের মুক্তির দাবিতে রংপুর ও রাজশাহী বিভাগে বিএনপির ডাকা গতকাল শনিবার সকাল-সন্ধ্যার হরতাল রংপুর ও নীলফামারীতে পালিত হয়েছে ঢিলেঢালাভাবে। হরতালের সমর্থনে নেতা-কর্মীদের কোনো তৎপরতা দেখা যায়নি।এদিকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় আজ সোমবার সকাল ছয়টা থেকে বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা ৬০ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির। জয়পুরহাটেও আজ সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে ১৮-দলীয় জোট। জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই হরতাল ডাকা হয়েছে।ঢাকার বাইরে থেকে নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রংপুর: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিএনপির রংপুর বিভাগে ডাকা হরতালে গতকাল রংপুরের কোথাও কোনো পিকেটিং করতে দেখা যায়নি। রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন চলাচল করেছে। ব্যাংক-বিমায় স্বাভাবিক লেনদেন হয়েছে। স্কুল-কলেজসহ সরকারি-বেসরকারি অফিস খোলা ছিল। শহরের বড় কয়েকটি বিপণিবিতান বন্ধ থাকলেও অধিকাংশ দোকানপাট খোলা ছিল। তবে আন্তজেলাসহ দূরপাল্লার বাস চলাচল করেনি। হরতালের আগে গত শনিবার রাতে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা।পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম চৌধুরী জানান, উপজেলা বাজারে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে কে বা কারা আগুন দেয়। এতে কয়েকটি টেবিল-চেয়ার পুড়ে গেছে।নীলফামারী: নীলফামারীতে গতকাল ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়েছে। ভারী যানবাহন চলাচল বন্ধ থাকলেও চলেছে রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেলের মতো হালকা যানবাহন। খোলা ছিল শহরের অধিকাংশ দোকানপাট। ১৮-দলীয় জোটের কোনো নেতা-কর্মীদের হরতালের সমর্থনে রাস্তায় নামতে দেখা যায়নি।জয়পুরহাট: জেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলামকে অপহরণের প্রতিবাদে ১৮-দলীয় জোট আজ সোমবার জয়পুরহাট জেলায় সকাল-সন্ধ্যার হরতাল ডেকেছে। নজরুল ইসলামকে ১১ এপ্রিল রাতে সাদা পোশাকধারী লোকজন শহরের সাহেবপাড়া আব্বাস আলী খান ফাউন্ডেশনের তৃতীয় তলার বাসা থেকে তুলে নিয়ে যায়। ১৮-দলীয় জোটের জেলা আহ্বায়ক ও জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি সাংসদ মোজাহার আলী প্রধান জানান, নজরুল ইসলামকে প্রশাসন উদ্ধার করতে না পারায় হরতালের কর্মসূচি দেওয়া হয়েছে।রাজশাহী: রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় আজ সকাল ছয়টা থেকে বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা ৬০ ঘণ্টার হরতাল ডেকেছে ছাত্রশিবির। তবে এইচএসসি ও আলীম পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে।রাজশাহী মহানগর ছাত্রশিবিরের অফিস সম্পাদক আনোয়ারুল ইসলামকে আদালতে হাজির ও মুক্তির দাবিতে এই হরতাল ডেকেছে সংগঠনটি।গতকাল রাজশাহী মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমানের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ৪ এপ্রিল রাতে আনোয়ারুল ইসলামকে ধরে নিয়ে যায় র্যাব। এরপর ১৬ দিন পেরিয়ে গেলেও তাঁকে আদালতে হাজির করা হয়নি।তবে র্যাব জানিয়েছে আনোয়ারুল ইসলামকে তুলে নিয়ে যাওয়ার ব্যাপারে তারা কিছু জানে না।