নীলফামারী বসুনিয়ার হাটে টোল আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের বসুনিয়ার হাটে সরকারের নির্ধারিত মূল্যের চার গুণ অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এতে করে এলাকার ক্ষুদ্র ও মাঝারি কৃষকেরা প্রতারিত হচ্ছেন। সরকারি নিয়ম অনুযায়ী টোল আদায়ের মূল্যতালিকা হাটে প্রদর্শনের নিয়ম থাকলেও তা মানছেন না ইজারাদার। অতিরিক্ত টোল আদায়ের সত্যতা অস্বীকার না করলেও এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি নন ইজারাদার।সরেজমিনে গিয়ে দেখা গেছে, সকাল থেকে কেনাবেচা হচ্ছে মরিচ, পেঁয়াজ, আদা, হলুদ, ধান, গরু, ছাগলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। প্রতি হাটে এখানে দুই হাজার মণ কাঁচামরিচ, ৫০০ মণ পেঁয়াজ, এক থেকে দেড় হাজার মণ ধান, সহস্রাধিক গরু-ছাগল কেনাবেচা হয় বলে জানান সংশ্লিষ্ট লোকজন।হাটে কাঁচামরিচ বেচতে আসা ওই ইউনিয়নের জমিরবাড়ী গ্রামের নিভাষচন্দ্র রায় (২০) জানান, তিনি এবার এক বিঘা জমিতে মরিচের চাষ করেছেন। এতে তাঁর খরচ হয়েছে তিন হাজার টাকা। এই হাটে এ পর্যন্ত সাত মণ মরিচ বিক্রি করেছেন। প্রথম দিকে এক হাজার ২০০ টাকা মণ বিক্রি হলেও এখন তা ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু সরকারিভাবে প্রতি মণ কাঁচামরিচের টোল পাঁচ টাকা নির্ধারণ করা হলেও ইজারাদার টোল নিচ্ছেন প্রতি মণে ২০ টাকা করে।কাঁচামরিচ বিক্রেতা বসুনিয়াপাড়া গ্রামের কৃষক আকবর আলী (৪০) জানান, তিনি দেড় বিঘা জমিতে মরিচের চাষ করেছেন। এখন পর্যন্ত বিক্রি করেছেন ৮০ হাজার টাকা। জ্যৈষ্ঠ মাস পর্যন্ত মরিচ বিক্রি করা যাবে বলে আসা করেন তিনি। তিনি অভিযোগ করে বলেন, ‘আমরা কষ্ট করে আবাদ করি আর ঘাটে ঘাটে পয়সা দিতেই সব শেষ হয়।’ মরিচের বাজারের সাব-ইজারাদার ফেরদৌস বলেন, ‘হাটের মূল ইজারাদার মনিরুল ইসলাম। সরকারি রেট পাঁচ টাকা হলেও আমরা তাঁর নির্দেশে ২০ টাকা করে নেই। কেউ কেউ আবার দিতে চান না।’ হাটে প্রতি মণ পেঁয়াজের টোল আদায় করা হচ্ছে ১০ টাকা। অথচ প্রতি মণ পেঁয়াজের সরকারি টোলের রেট পাঁচ টাকা।সোনারায় ইউনিয়নের বগুড়াপাড়া গ্রামের কৃষক তরুণ অধিকারী (৩৫) চার মণ এবং একই গ্রামের রবিউল ইসলাম ছয় মণ পেঁয়াজ এনেছেন। তাঁরা জানান, ‘আমরা সরকারি দর জানি না। মণপ্রতি ১০ টাকা করে টোল দিতে হয়।’ তাঁরা জানান, ‘হাটের কোথাও চার্ট দেওয়া নেই, আমরা জানব কীভাবে।’ পেঁয়াজের টোল আদায়কারী জাহাঙ্গীর আলম (৪০) বলেন, ‘আমরা প্রতি মণে ১০ টাকা করে নেই, সরকারি দর কত তা জানি না।’এখানে প্রতি মণ ধানের সরকারি টোল চার টাকা নির্ধারণ করা হলেও আদায় করা হচ্ছে ১০ টাকা করে। কৃষক ইলিয়াস হোসেন (৩০) বলেন, এক মণ ধানের ১০ টাকা গান্ডি (টোল) দিবার নাগে, এঁরা কঠিন বেশি গান্ডি নেন, কম দিতে চাইলে নির্যাতন করেন।’ এ সময় ধান বেচতে আসা পশ্চিম চিকনমাটি গ্রামের বুলবুল ইসলাম বলেন, ‘আমরা চার্ট চাই, তাঁরা চার্ট দেন না।’ধানের টোল আদায়কারী অহিদুল ইসলাম বলেন, ‘আমরা এক মণ ধানের টোল ১০ টাকা চাই, মানুষ কম দেয়।’কাঁচামরিচের ব্যবসায়ী আবদুর রজ্জাক (৪০) বলেন, তিনি যশোর থেকে এখানে এসে মরিচ কিনছেন। তাঁর মতো এখানে আরও ২০-২৫ জন এভাবে মরিচ-পেঁয়াজসহ বিভিন্ন মালামাল কিনে ট্রাকযোগে দেশের বিভিন্ন প্রান্তে পাঠান। হাটের মূল ইজারাদার মনিরুল ইসলাম বলেন, এ বছর তিনি হাটটি ৩১ লাখ ৭৫ হাজার টাকায় ডাক পেয়েছেন, যা ভ্যাটসহ ৪১ লাখ টাকা পরিশোধ করতে হবে। হাটে চার্ট টাঙানো হয়নি কেন জানতে চাইলে তিনি বলেন, ‘চার্ট টাঙানোর দায়িত্ব ইউপি চেয়ারম্যানের, ইউএনও সাহেব বললে আমরা টাঙাব।’ সরকারি দরের চেয়ে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে কেন জানতে চাইলে এর সত্যতা স্বীকার-অস্বীকার কোনোটাই না করে তিনি বলেন, ‘আপনি অভিযোগ পাইছেন রিপোর্ট লিখে দেন, আমার কোনো বক্তব্য নাই।’ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান মিঞা প্রথম আলোকে বলেন, ‘এ রকম কোনো অভিযোগ কেউ আমার কাছে করেনি। তাঁরা সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত টোল আদায় করতে পারেন না। করলে সেটা বেআইনি। আর টোল আদায়ের মূল্যতালিকা তাঁরাই টাঙিয়ে দেবেন, সেটা তাঁদের শর্তেও বলা আছে। এরপরও বিষয়টি দেখা হবে।’