নীলফামারীতে উন্নত মানের কয়লার সন্ধান
নীলফামারীতে উন্নতমানের বিটুমিনাস কয়লার সন্ধান পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (জিএসবি) সহকারী পরিচালক মোহাম্মদ মাসুম এলাকাটি পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেন। এখানকার কয়লাও বড়পুকুরিয়া ও ফুলবাড়ী খনির কয়লার মতোই অতি উন্নতমানের।মোহাম্মদ মাসুম বলেন, এখানে প্রাথমিকভাবে কয়লার অবস্থান নিশ্চিত হওয়ার পর মজুদের পরিমাণ ও কয়লার মান নির্ণয়সহ আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। এ ব্যাপারে এলাকাবাসীর সহযোগিতা দরকার হবে।এ ব্যাপারে পরিদর্শন দলের সঙ্গে থাকা নীলফামারী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুর রফিক প্রথম আলোকে বলেন, এলাকা পরিদর্শন করে জিএসবির কর্মকর্তা নিশ্চিত হয়েছেন যে এখানে মোটামুটি উন্নত জাতের কয়লা আছে। তবে এটি কোনো স্থায়ী খনি, নাকি ভেসে আসা (ট্রান্সপোর্টেড), তা পরীক্ষা করে দেখতে হবে। সে কারণে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে আশপাশে টিউবওয়েল বসানোর কাজ বাধাগ্রস্ত হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ রাখতে। তিনি বলেন, জিএসবির কর্মকর্তা পরীক্ষা করে দেখার জন্য নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন।নীলফামারী জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের কিত্তনিয়া পাড়ার কৃষক মো. হাসান ২৫ মার্চ সকালে তাঁর বাড়ির পাশে পুকুর খননের সময় মাটির ছয়-সাত ফুট নিচে কয়লার মতো বস্তু দেখতে পান। এগুলো ছিল অত্যন্ত শক্ত ও ভারী। কোদাল দিয়ে কাটা সম্ভব না হওয়ায় পুকুর খনন বন্ধ রাখেন তিনি।মাটির নিচ থেকে কয়লার মতো বস্তু বের হওয়ার খবর ছড়িয়ে পড়লে একনজর দেখার জন্য সে দিন সেখানে মানুষের ঢল নামে। খবর পেয়ে জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান এলাকা পরিদর্শন করে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খনিজ সম্পদ মন্ত্রণালয়ে পাঠান। এর ভিত্তিতে জিএসবি সরেজমিন দেখতে মোহাম্মদ মাসুমকে পাঠায়।ঢাকায় জিএসবির পরিচালক (পরিকল্পনা) নেহাল উদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, একটি প্রতিবেদনের ভিত্তিতে তাঁরা বিষয়টি পরীক্ষা করে দেখার উদ্যোগ নিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তা এখনো ঢাকায় ফেরেননি। ফিরে প্রতিবেদন দেওয়ার পর এ সম্পর্কে মন্তব্য করা যাবে।