নীলফামারীতে কৃষিশ্রমিক সংকটে আমন আবাদ
চলতি রোপা আমন মৌসুমে অনুকূল আবহাওয়ার কারণে নীলফামারীতে কৃষিশ্রমিকের সংকট দেখা দিয়েছে। জেলায় এবার বীজ-বৃষ্টি বা সার নিয়ে কোনো সমস্যা না থাকলেও সমস্যা দেখা দিয়েছে কৃষিশ্রমিকের। উচ্চ মজুরিতেও শ্রমিক না পেয়ে অনেক গৃহস্থ্য নিজেই মাঠে কাজ করছেন। আবার দুই-একজন শ্রমিক পাওয়া গেলেও বাড়তি মজুরি গুনতে হচ্ছে গৃহস্থ্যের। এতে একদিকে যেমন উৎপাদন খরচ বাড়ছে, তেমনি পিছিয়ে যাচ্ছে আমনের আবাদ। দল বেঁধে আমন চারা রোপণের দৃশ্য খুব একটা চোখে পড়ছে না এবার। কৃষিশ্রমিক না পেয়ে অনেকে নিজেই জমিতে নেমে পড়েছেন।জেলার জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের শালন গ্রামের মোনায়েম হোসেন সাত-আট বিঘা জমি চাষ করেন। পাশাপাশি ভুট্টার ব্যবসাও করেন। তিনি জানান, শ্রমিক দিয়ে চাষাবাদ করলেও এবার শ্রমিকসংকটে অনুকূল আবহাওয়া থাকা সত্ত্বেও তিনি রোপা আমনের চারা লাগাতে পারছেন না। তিনি বলেন, এখন ভুট্টার ব্যবসা বন্ধ করে বাধ্য হয়ে জমিতে কাজ করতে হচ্ছে। তিনি আরও বলেন, কয়েক দিন আগে প্রতি বিঘা জমিতে ৪০০ টাকায় রোপা আমনের চারা লাগানো গেলেও এখন ৫০০ টাকায়ও শ্রমিক পাওয়া যাচ্ছে না। এ ছাড়া দুই-একজন শ্রমিক তো পাওয়া আরও দুস্কর। এসব শ্রমিক ২৫/৩০ জনের দল বেঁধে একসঙ্গে ১৫/২০ বিঘা করে জমি চুক্তি নিয়ে কাজ করছে। এ ছাড়া এ অঞ্চলের শ্রমিকেরা বাইরে গিয়ে বেশি মজুরি পাচ্ছে। অনেকে গরু-ছাগল পালন করে স্বাবলম্বী হওয়ায় এ অঞ্চলে এখন শ্রমিকসংকট দেখা দিয়েছে।একই উপজেলার গোলনা ইউনিয়নের কৃষক রাজ্জাকুল (৩৭) বলেন, ‘আমি নিজে ৩৫ বিঘা জমি চাষ করি। পাশাপাশি ভুট্টারও ব্যবসা করি। এবার শ্রমিকসংকটে বেশি দামে ২০ বিঘার মতো জমি গাড়তে পেরেছি, এখন দাম বেশি দিয়েও শ্রমিক পাচ্ছি না। তাই ব্যবসা ছেড়ে জমিতে নামতে হয়েছে।’ তিনি বলেন, ‘এবার আগাম বৃষ্টি হওয়ায় এ অঞ্চলের কৃষকেরা তাদের জমি সময়মতো তৈরি করতে পেরেছে। আর একসঙ্গে রোয়া লাগানোরও হিড়িক পড়ে গেছে। এখন বীজ তোলার বয়স বাড়ছে, সারসংকট নেই, তাই জমি যাতে পতিত না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। কিন্তু শ্রমিক না পাওয়ায় কিছুই করতে পারছি না।’ তিনি বলেন, ‘আমার মতো অবস্থা এখন এ অঞ্চলের প্রায় প্রতিটি কৃষকের।’জলঢাকা উপজেলার বিজলীর ডাঙ্গা মাদ্রাসার পাশে ২৫/৩০ জন শ্রমিক দল বেঁধে রোপা আমনের চারা রোপণ করছিলেন। এ সময় কথা হয় কৃষিশ্রমিক অলিয়ার রহমানের (৩৫) সঙ্গে। তিনি বলেন, ‘আমরা বড় দল বেঁধে একসঙ্গে বেশি জমি চুক্তি নিয়ে কাজ করলে কাজও বেশি করা যায়, মজুরিও বেশি আসে।’ তিনি বলেন, ‘তিনজনে মিলে দিনে এক বিঘা জমি লাগানো সম্ভব, আর বড় দলে কাজ করলে দুইজনে মিলে এক বিঘা জমি গাড়া সম্ভব। আর এত বড় দল নিয়ে দুই-চার বিঘা জমি গাড়লে মজুরিতে পোষায় না।’ কৃষিশ্রমিক আবদুস সামাদ বলেন, ‘এখন কাজ আছে, আমাদের কদর আছে। রোয়া গাড়া শেষ হলে আমাদের খোঁজ আর কেউ নিতে আসবে না। তখন আমাদের বসে বসে আধপেটা খাওয়ার লাগবে।’ তিনি বলেন, ‘এখন কাজ করে দিনে দুই আড়াই শ টাকা আয় করলেও তাতে কোনো সঞ্চয় থাকে না। কয়েক দিন পর ১০০ টাকার হাজিরাও মিলবে না।’জেলা সদরের মধ্য হরোয়া গ্রামের অরবিন্দ রায় শহরে রেডিও-টিভির ম্যাকানিক্স। নিজে কিছু জমিও আবাদ করেন। জমি তৈরির জন্য লোক খুঁজে না পেয়ে কোদাল হাতে নিজেই নেমে পড়েছেন জমিতে। তিনি বলেন, ‘পাঁচ দিন ধরে অনেক খুঁজেও লোক পেলাম না। বীজতলা বড় হয়ে যাচ্ছে। তাই দোকান বন্ধ রেখে নিজেই নেমে পড়েছি।’ এই অঞ্চলে এবার বীজ-বৃষ্টি বা সারের কোনো সংকট নেই। পরিমিত বৃষ্টিপাত হয়েছে এবার। আবহাওয়াও অনুকূলে। বীজতলার অবস্থাও ভালো বলে জানিয়েছেন কৃষকেরা। কিন্তু বাড়তি মজুরি দিয়েও কৃষিশ্রমিক না পাওয়ায় আমন আবাদে সময় লাগছে। এত কিছুর পরও আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদনের যে লক্ষ্যমাত্রা তা অর্জন করা সম্ভব হবে হবে বলে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, নীলফামারী জেলায় এবার আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ১৫ হাজার হেক্টর জমিতে। পর্যাপ্ত বৃষ্টিপাত আর বীজ-সারের পর্যাপ্ততার কারণে এবার ভালো ফলন হবে বলে আমরা আশা করছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মহসীন রেজা বলেন, মজুর সংকটে বিষয়টি নতুন কিছু নয়। এখন পাট ধোয়া-চিলায় কিছুটা শ্রমিকসংকট চলছে। সপ্তাহ খানেকের মধ্যে পাট ধোয়া শেষ হলে শ্রমিক সংকট কেটে যাবে। এ ছাড়া আমাদের লক্ষ্যমাত্রার ৮০ শতাংশ জমির রোপণ কাজই শেষ। আগামী ১৫ আগস্টের মধ্যে লক্ষ্যমাত্রা অতিক্রম হয়ে যাবে। তিনি বলেন, এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন লাখ ২০ হাজার মেট্রিক টন চাল, কিন্তু অনুকূল আবহাওয়ার কারণে উৎপাদন লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাবে বলে আমরা আশা করছি।