নীলফামারীতে ছাত্রলীগের সঙ্গে শিবিরের সংঘর্ষে আহত ৭০ জন
নীলফামারীতে আজ শনিবার ছাত্রলীগ ও শিবিরের পাল্টাপাল্টি হামলায় পুলিশসহ উভয় পক্ষের ৭০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের নীলফামারী সদর আধুনিক হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেলে মিছিল বের করার প্রস্তুতি হিসেবে স্থানীয় জামায়াত-শিবিরের কার্যালয় আল হেলাল একাডেমিতে সকাল থেকে নেতা-কর্মীরা সমবেত হতে থাকেন। বিকেল পাঁচটার দিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা একটি মিছিল বের করলে পুলিশের বাধায় মিছিলটি আল হেলাল একাডেমিতে ফিরে যায়। এর কিছুক্ষণ পর ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি মিছিল আল হেলাল একাডেমির সামনে দিয়ে যাওয়ার সময় একাডেমির ভেতর থেকে শিবিরের নেত-কর্মীরা মিছিল লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হলে তাঁরাও পাল্টা ইটপাটকেল ছোড়েন। এ সময় এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ পরিস্থিতি সামাল দিতে ১০-১২টি টিয়ার সেল নিক্ষেপ করে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।এ সময় নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) সাহাবুদ্দিন, কনস্টেবল আশরাফ আলীসহ ১০ পুলিশ সদস্য ও নীলফামারী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমানসহ ছাত্রলীগের প্রায় অর্ধশত নেতা-কর্মী এবং জেলা জামায়াতের আমীর শাহ মুজাম্মিল হকসহ জামায়াত-শিবিরের ১০-১২ জন নেতা-কর্মী আহত হন।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক বলেন, জামায়াত-শিবির মিছিল বের করলে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা এর প্রতিবাদে মিছিল বের করেন। মিছিলটি শহর প্রদক্ষিণ করে আল হেলাল একাডেমির সামনে দিয়ে যাওয়ার সময় তারা তাঁদের মিছিল লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি দাবি করেন, তাঁদের ৫০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।জামায়াতের নেতা-কর্মীদের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার রশিদুল হক বলেন, ‘এ ঘটনায় ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং জামায়াত-শিবিরের চার-পাঁচজন কর্মী আহত হওয়ার কথা শুনেছি।’ পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করেছে বলে তিনি স্বীকার করেছেন।