নীলফামারীতে জামায়াত-শিবিরের লাঠি মিছিল
নীলফামারী শহরে আজ মঙ্গলবার সকালে হরতালের সমর্থনে জামায়াত-শিবির লাঠিসোঁটা নিয়ে ঝটিকা মিছিল বের করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সেখান থেকে দুই শিবিরকর্মীকে আটক করে পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তা থেকে জামায়াত-শিবিরের একটি ঝটিকা মিছিল লাঠিসোঁটা নিয়ে আনন্দবাবুর পুলের দিকে এগোতে থাকলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।পিটিআই মোড়ে পুলিশ মিছিলটিতে বাধা দিলে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে শুরু করেন। পুলিশ কাঁদানে গ্যাসের একটি শেল ও তিনটি রাবার বুলেট ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।এ সময় আরমান আলী (১৮) ও আবু সায়েম (১৬) নামের দুই শিবিরকর্মীকে আটক করে পুলিশ। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমেদ জানান, আটক করা দুজন শিবিরের সক্রিয় কর্মী।