নীলফামারীতে জেএমবির ২২ সদস্যের বিভিন্ন মেয়াদে সাজা
নীলফামারীতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ২২ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার সকালে নীলফামারীর অতিরিক্ত দায়রা জজ ও সন্ত্রাস বিরোধ দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আনসার আলী এ রায় দেন।মামলার ৩০ জন আসামির মধ্যে আটজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হয়।বাকি ২২ আসামির মধ্যে চারজনকে ১৪ বছর করে, চারজনকে ১৪ বছর ছয় মাস করে এবং তিনজনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য ১১ আসামি পলাতক রয়েছেন। তাঁদের সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জেলার জলঢাকা উপজেলা শহরে একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন স্থানে ভিন্ন নামে জেহাদি সিডি ও লিফলেট বিতরণের অভিযোগে জলঢাকা থানার এসআই সাইদুল আলম ২০০৮ সালের ২ ডিসেম্বর সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। পরে ওই বছরেরই ৪ ডিসেম্বর পুলিশ জলঢাকার শৌলমারী এলাকা থেকে জেএমবির সদস্য নূরে আলম, মামুনুর রশিদ ও গুলজার রহমানকে গ্রেপ্তার করে। আদালতে দেওয়া তাঁদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী আরও ২৭ জনকে আসামি করা হয়। পরে বিভিন্ন সময়ে ওই মামলার ১৯ জন আসামিকে পুলিশ গ্রেপ্তার করে।