নীলফামারীতে জেএমবির ৮ সদস্যের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক মামলায় জেএমবির আট সদস্যকে যাবজ্জীবন ও ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল মঙ্গলবার সকালে নীলফামারীর স্পেশাল ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আবদুর রশিদ মিয়া এ রায় দেন।এদিকে শরীয়তপুরে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার নয় যুবককে গতকাল মঙ্গলবার চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সদর থানার পুলিশ গত সোমবার সন্ধ্যায় জেলা স্টেডিয়াম থেকে তাঁদের গ্রেপ্তার করে। আটজনের যাবজ্জীবন: সাজা পাওয়া আসামিরা হলেন বগুড়ার গাবতলী থানার চক সাধু গ্রামের আবদুর রশিদ ওরফে আসিফ (২২), ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় বেতবাড়ী গ্রামের মো. ওয়াহেদুল ইসলাম ওরফে আল মামুন (২৪), একই জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কাসুয়া গ্রামের মনিরুজ্জামান ওরফে ইকবাল ওরফে সেলিম (২৫), দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছোট সুলতানপুর গ্রামের এহসানুল হক ওরফে মেজবা (১৯), নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর তিতপাড়া গ্রামের রবিউল ইসলাম ওরফে কামাল হোসেন (১৯), একই গ্রামের মো. ফারুক হোসেন ওরফে আমজাদ (৩২), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাননগর গ্রামের আবু বক্কর সিদ্দিক ওরফে নাহিদ (৩২) ও লালমনিরহাটের কালমাটি গ্রামের সাহাবুদ্দিন ওরফে আহম্মেদ মুসা ওরফে মুসা (১৯)। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, র‌্যাব-১০-এর সদস্যরা ২০০৬ সালের ৬ ফেব্রুয়ারি রাতে নীলফামারীর সৈয়দপুর উপজেলা সদরে অভিযান চালিয়ে জেএমবির নীলফামারী জেলা কমান্ডার ওয়াহেদুল ইসলাম ওরফে আল মামুন, ঠাকুরগাঁও জেলা কমান্ডার মো. ফারুক হোসেন ওরফে আমজাদ এবং সৈয়দপুর ও পার্বতীপুর থানা কমান্ডার রবিউল ইসলাম ওরফে কামাল হোসেনকে আটক করে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, র‌্যাব সৈয়দপুর সদরের কাজী পাড়ার আবদুল গনির বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াটিয়া আবদুর রশিদ ওরফে আসিফের ঘরে বৈঠকরত অবস্থায় জেএমবির সদস্য আবদুর রশিদ ওরফে আসিফ, মাহফুজুর রহমান ওরফে ইব্রাহিম, মনিরুজ্জামান ওরফে ইকবাল, আবু বক্কর সিদ্দিক ওরফে নাহিদ এহসানুল হককে আটক করে। তাঁদের কাছে থাকা দেশীয় পাইপগান, আগ্নেয়াস্ত্র, গুলি, ৮০টি ডেটোনেটর, চার প্যাকেট পাওয়ার জেলসহ বিস্ফোরক দ্রব্য ও সরঞ্জামাদি এবং নগদ অর্থ উদ্ধার করে র‌্যাব। আটক ব্যক্তিদের পরে সৈয়দপুর থানায় সোপর্দ করা হয়। র‌্যাব-১০-এর উপপরিদর্শক মো. কামরুল ইসলাম বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করেন। তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে ২০০৬ সালের ১৯ মার্চ জেএমবির ১০ সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। তাঁদের মধ্যে একজনের অন্য একটি মামলায় ফাঁসি হয় এবং একজন মারা যান। বাকি আটজনের বিরুদ্ধে গতকাল ওই রায় দেওয়া হয়।নয়জন গ্রেপ্তারের পর রিমান্ডে: শরীয়তপুর সদর থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাতটার দিকে শরীয়তপুর জেলা স্টেডিয়াম ঘেরাও করে পুলিশ। স্টেডিয়ামের দক্ষিণ পাশে গোপনে বৈঠকরত নয়জন যুবককে আটক করা হয়। পুলিশ তাঁদের কাছ থেকে প্রচারপত্র, জঙ্গি প্রশিক্ষণের বিভিন্ন বই ও তাঁদের কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা-সংবলিত ডায়েরি উদ্ধার করে। গতকাল বিকেলে তাঁদের শরীয়তপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। হাকিম অশোক দত্ত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।যাঁদের রিমান্ডে নেওয়া হয়েছে তাঁরা হলেন পাবনার আটঘরিয়ার শফিকুল ইসলাম, রাধানগর গ্রামের জিয়াউল করিম, বরিশালের ষোলক গ্রামের ইমদাদুল তালুকদার, মাদারীপুরের জায়গির গ্রামের সিহাবউদ্দিন, শরীয়তপুর সদর উপজেলার চরচটাং গ্রামের আবিদ আহম্মেদ, রুদ্রকর গ্রামের জাহিদুল ইসলাম, চর যাদবপুর গ্রামের মো. সাগর সরদার, চরকাশাভোগ গ্রামের শাকিবুজ্জামান ও ডামুড্যা উপজেলার কুতুবপুর গ্রামের সাইদুল ইসলাম। থানা হাজতে পাবনার আটঘরিয়ার শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমি এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছি। স্টেডিয়ামের কাছে ঘোরাঘুরি করার সময় পুলিশ আমাকে আটক করে। আমি কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত নই। আটক অন্যরা আমার পরিচিত নয়।’ শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নেওয়ার অভিযোগে ওই যুবকদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে।