নীলফামারীতে জেএমবির ৮ সদস্যের যাবজ্জীবন ও ২০ বছর করে কারাদণ্ড
নীলফামারীতে পৃথক দুটি মামলায় জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আটজন সদস্যকে যাবজ্জীবন এবং ২০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে নীলফামারীর যুগ্ম জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-৩-এর বিচারক আবদুর রশিদ মিয়া এ রায় ঘোষণা করেন।জেএমবির আট সদস্যকে অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ২০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।মামলার সাজা পাওয়া আসামিরা হলেন বগুড়ার গাবতলী থানার চক সাধু গ্রামের আবদুর রশিদ ওরফে আসিফ (২২), ঠাকুরগাঁওয়ের রানীশৈংকল উপজেলার ধর্মগড় বেতবাড়ী গ্রামের মো. ওয়াহেদুল ইসলাম ওরফে আল-মামুন ওরফে আবু সায়েম ওরফে সাজ্জাদ (২৪), ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কাসুয়া গ্রামের মনিরুজ্জামান ওরফে ইকবাল ওরফে সেলিম (২৫), দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছোট সুলতানপুর গ্রামের এহসানুল হক ওরফে মেজবা (১৯), নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর তিতপাড়া গ্রামের রবিউল ইসলাম ওরফে কামাল হোসেন (১৯), একই গ্রামের মো. ফারুক হোসেন ওরফে আমজাদ (৩২), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাননগর গ্রামের আবু বক্কর সিদ্দিক ওরফে নাহিদ (৩২), লালমনিরহাটের কালমাটি গ্রামের সাহাবুদ্দিন ওরফে আহম্মেদ মুসা ওরফে মুসা (১৯)। মামলার অন্য দুই আসামির একজন রংপুরের গঙ্গাচড়া উপজেলার সিট কুতুব গ্রামের মাহফুজুর রহমান ওরফে ইব্রাহিম (২৬) মারা গেছেন। আর পিরোজপুরের গোয়ালতা হাজিবাড়ীর মো. ফারুক হোসেন ওরফে খালিদ সাইফুল্লাহর (৩৫) ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।প্রসঙ্গত, ২০০৬ সালের ৬ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০-এর সদস্যরা নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে দেশি অস্ত্র, পাইপগান, গুলিসহ বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়। পরে তাঁদের সৈয়দপুর থানায় সোপর্দ করে র্যাব-১০-এর উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে দুটি মামলা করেন।তদন্ত শেষে ২০০৬ সালের ১৯ মার্চ জেএমবির ১০ সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। তাঁদের মধ্যে একজনের অন্য মামলায় ফাঁসি হওয়ায় এবং একজন মারা যাওয়ায় বাকি আটজনের বিরুদ্ধে আজ আদালত এ রায় দেন।