নীলফামারীতে তিন দফা দাবিতে সার উত্তোলন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সার ব্যবসায়ীরা চীন থেকে আমদানি করা নিম্নমানের ইউরিয়া সার পার্বতীপুরের বাফার গুদাম থেকে সরবরাহ বন্ধ করাসহ তিন দফা দাবিতে আজ মঙ্গলবার থেকে ইউরিয়া সার উত্তোলন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। সার ব্যবসায়ীদের অন্য দাবিগুলো হলো নীলফামারীতে বাফার গুদাম স্থাপন এবং যমুনা সার কারখানা থেকে নীলফামারীর ব্যবসায়ীদের ইউরিয়া সার সরবরাহ দেওয়া।জেলা সার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল ওয়াহেদ সরকার বলেন, পার্বতীপুরের গুদাম থেকে অনেক দিন ধরেই চীন থেকে আনা নিম্নমানের ইউরিয়া সার সরবরাহ করা হচ্ছিল। এ বিষয়টিসহ তিন দফা দাবির কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়। কিন্তু নিম্নমানের সার সরবরাহ অব্যাহত থাকায় গতকাল সোমবার রাতে জেলার ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। তিনি বলেন, ‘নীলফামারীর জেলা প্রশাসকের অনুপস্থিতিতে আমাদের এ সিদ্ধান্ত আজ ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম আমিনুর রহমানকে জানানো হয়েছে।’এদিকে ব্যবসায়ীদের এ সিদ্ধান্তের কারণে চলতি রোপা আমন মৌসুমে সার সংকট দেখা দিতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা করছেন।