নীলফামারীতে নতুন দুই এলাকায় ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির দুই পক্ষের সভাকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নীলফামারী জেলার জলঢাকায় আজ শনিবার ১৪৪ ধারা জারি করেও শেষ রক্ষা হলো না। উপজেলার টেঙ্গনমাড়ি ও বড়ঘাটে আজ আবার ১৪৪ ধারা জারি করতে হয়েছে প্রশাসনকে। স্থানীয় ও বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, নীলফামারীর জলঢাকা উপজেলার ট্রাফিক মোড়ে বিএনপির দুটি পক্ষ আজ শনিবার সকাল ১০টায় সভা ডাকে। উভয় অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর উপস্থিত থাকার কথা ছিল। এ নিয়ে উপজেলা বিএনপির একটি কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন ও অপর কমিটির সভাপতি হামিদুর রহমানের পক্ষের লোকজনের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়।এ অবস্থায় জাহাঙ্গীরের পক্ষের লোকজন আজ কৈমারী ইউনিয়নের বড়ঘাটে সভা ডাকে। আর হামিদুলের সমর্থকেরা খোটামারা ইউনিয়নের টেঙ্গনমাড়ি বাজারে সভা ডাকে। মিজানুর রহমান মিনু নীলফামারী থেকে টেঙ্গনমাড়ি হয়ে বড়ঘাটে জাহাঙ্গীরের পক্ষের লোকজনের ডাকা সভায় যোগ দেবে—এমন খবর শুনে হামিদুলের সমর্থকেরা টেঙ্গনমাড়ি বাজারে জড়ো হয়।জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারোয়ার হোসেন জানান, এমন পরিস্থিতিতে প্রশাসন সোয়া ১১টার দিকে টেঙ্গনমাড়িতে এবং সোয়া ১২টার দিকে বড়ঘাটে ১৪৪ ধারা জারি করে।