নীলফামারীতে পরিবহন ধর্মঘট চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী-ডোমার সড়ক সংস্কারের দাবিতে পরিবহন ধর্মঘট চলছে। আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে জেলায় ৪৮ ঘণ্টার এ ধর্মঘট শুরু হয়। ফলে দূরপাল্লার গাড়িসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।জেলা বাস, মিনিবাস, ট্রাক-ট্যাংক লরি, মাইক্রোবাস, পিকআপ ভ্যান মালিক সমিতি ও পরিবহন শ্রমিক সংগঠন এ ধর্মঘটের ডাক দেয়।নীলফামারী জেলা বাস মালিক সমিতির সভাপতি শাহজাহান আলী চৌধুরী বলেন, ‘নীলফামারী-ডোমার সড়কের ২২ কিলোমিটার সড়ক চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। ফলে ওই পথে যানবাহন চালাতে গিয়ে যাত্রীদের দুর্ভোগের পাশাপাশি মালিকপক্ষ চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে, ঘটছে দুর্ঘটনা। তাই আমরা সব ধরনের পরিবহন সংগঠন যৌথভাবে ৪৮ ঘণ্টা ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছি।’জেলা সদরের চওড়া গ্রামের নূর ইসলাম (৫০) পরিবহন ধর্মঘটের কারণে প্রায় ১২ কিলোমিটার পথ ভ্যানে করে এসেছেন। এ সময় তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে বলেন, ‘ডোমার-নীলফামারী রাস্তাটা পাঁচ বছর ধরে এত খারাপ যে চলাচলই করা যায় না। ওই রাস্তার জন্য ৪৮ ঘণ্টা কেন ৪৮ দিন কষ্ট করতে রাজি আছি। তাও রাস্তাটা ঠিক হউক।’ রংপুর বিভাগীয় পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক সৈয়দপুর পৌর মেয়র আখতার হোসেন বাদল বলেন, প্রত্যেকটি সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। শ্রমিকেরা মাঠে রয়েছে। জেলায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।এ ব্যাপারে নীলফামারী জেলা প্রশাসক আবদুল মজিদ প্রথম আলো অনলাইনকে বলেন, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলো নীলফামারী-ডোমার ২২ কিলোমিটার সড়ক ছাড়া আরও দুটি সড়ক সংস্কারের দাবি জানিয়েছে। তবে এ রাস্তা দুটি সংস্কারে দরপত্র প্রক্রিয়া শুরু হয়েছে।শাহজাহান বলেন, নীলফামারী থেকে ডোমার, চিলাহাটি, ডিমলা, ডালিয়া, দেবীগঞ্জ, সৈয়দপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, পাটগ্রাম, ঢাকাসহ প্রায় ১৬টি যাত্রাপথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।প্রায় সাড়ে তিন বছর আগে আরএনআই এমপি-২ নীলফামারী প্রকল্পের আওতায় নীলফামারী-ডোমার সড়কের সংস্কারকাজের দরপত্র-প্রক্রিয়া শেষে ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেডকে কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু ভূমি অধিগ্রহণে প্রশাসনিক জটিলতার কারণে কাজ শুরু করতে পারেনি প্রতিষ্ঠানটি। এ সময়ে কোনো সংস্কারকাজ করতে না পারায় সড়কটি চলাচলের আরও অনুপযোগী হয়ে পড়ে। এতে ওই পথের যাত্রীদের চরম ভোগান্তির মধ্যে চলাচল করতে হচ্ছে।