নীলফামারীতে ফল ঘোষণার পর পুলিশ-জনতা সংঘর্ষ, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে পুলিশ ও জনতার সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫৩ রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। গতকাল রোববার রাতে উপজেলার কৈমারী ইউনিয়নের মৌয়ামারী রেজিস্টার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।আহতদের সাতজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে একজন নারীসহ তিনজন রাবার বুলেটবিদ্ধ হয়েছেন। আহত অন্যদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে রাত আটটার দিকে কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা আবদুল মান্নান ফলাফল ঘোষণা করেন।এলাকাবাসী অভিযোগ করেছেন, আপেল প্রতীকের সদস্য প্রার্থী হাফিজুর জয়লাভ করলেও প্রিসাইডিং কর্মকর্তা ফল পাল্টে ফুটবল প্রতীকের রুবেলকে বিজয়ী ঘোষণা করেন। এতে আপেল প্রতীকের সমর্থকেরা ফল প্রত্যাখ্যান করে ভোট কেন্দ্রে বিক্ষোভ করে এবং পুনরায় ভোট গণনার দাবি জানায়। এরপর তারা প্রিসাইডিং কর্মকর্তাসহ কেন্দ্রটিতে দায়িত্বে থাকা সবাইকে ঘেরাও করে রাখে। নীলফামারী সদর সার্কেলের এএসপি সাহাবুদ্দিন জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ছুটে গেলে বিক্ষোভরত জনতার সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২ রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ও ৪১ রাউন্ড রাবার বুলেট ছুড়ে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাসহ অন্যদের উদ্ধার করে।