নীলফামারীতে বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
নীলফামারীর জলঢাকা সড়কের সিংদই ময়দান এলাকায় আজ বুধবার দুপুরে যাত্রীবাহী একটি বাসের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে এক পথচারী। নিহত ব্যক্তিরা হলেন তাজুল ইসলাম (৪৩), তাঁর শ্যালিকা সাবিনা ইয়াসমিন (২৫) ও সাবিনার মেয়ে মম (৮)।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে নীলফামারী-জলঢাকা সড়কের সিংদই ময়দানের পাড় নামক স্থানে যাত্রীবাহী একটি বাস সামনা-সামনি একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাজুলের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে সাবিনা মারা যান। নীলফামারী সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পর সাবিনার মেয়ে মম মারা যায়।দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক পালানোর সময় সিংদই গ্রামের মফিজুল ইসলাম নামের এক পথচারীকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা সড়কটি অবরোধ করে রাখে।ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাবুল হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, বাসটিকে জব্দ করা হয়েছে। চালক ও সহকারী পলাতক।