নীলফামারীতে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর চৌরঙ্গী মোড় এলাকায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে চার পুলিশ ও বিএনপির নেতা-কর্মীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ রোববার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় বিএনপি পুলিশি বাধা অতিক্রম করে আওয়ামী লীগের কার্যালয়ের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে এ সংঘর্ষ বাধে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, বিএনপির নেতা-কর্মীরা আজ বেলা সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে বড় বাজার এলাকা ঘুরে চৌরঙ্গী মোড়ে আওয়ামী লীগের কার্যালয়ের দিকে যাচ্ছিল। এ সময় পুলিশ বাধা দিলে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশও পাল্টা কাঁদানে গ্যাসের দুটি সেল নিক্ষেপ করে এবং নেতা-কর্মীদের লাঠিপেটা করে। উভয় পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় নীলফামারী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু হানিফ ও মাহবুব এবং কনস্টেবল সাদিয়া আহত হন। এ ছাড়া পুলিশের লাঠিপেটায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ রুবেলসহ অন্তত ২১ জন আহত হন।দুপুর সাড়ে ১২টার দিকে নীলফামারী হাসপাতালে আহত নেতা-কর্মীদের দেখতে গেলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর সেলিম ফারুক, যুবদলের নেতা রায়হান কালু ও ছাত্রদলের নেতা মো. হাসুকে গ্রেপ্তার করে পুলিশ।নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাবুল হোসেন তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে বলেন, বিএনপির মিছিল থেকে নেতা-কর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়লে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ ছাড়া সংঘর্ষে পুলিশের চারজন সদস্য আহত হয়েছেন।