নীলফামারীতে মানবেতর পরিস্থিতিতে বন্যা-দুর্গতরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে তিস্তা নদীর পানি বৃদ্ধিতে সৃষ্ট বন্যার কারণে মানবেতর জীবন কাটাচ্ছে দুর্গত মানুষ। আজ মঙ্গলবার ডিমলা উপজেলার ডালিয়ায় অবস্থিত সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি কিছুটা কমলেও তা বিপত্সীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।গত তিন দিনে বন্যায় তিস্তা নদীর তীরবর্তী ডিমলা ও জলঢাকা উপজেলার ১০টি ইউনিয়নের বন্যাকবলিত ১০ হাজারেরও বেশি মানুষ মানবেতর জীবন কাটাচ্ছে। গতকাল সোমবার বিকেলে নীলফামারীর জেলা প্রশাসক আবদুল মজিদ বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ২৩ মেট্রিক টন চাল ও ৫০ হাজার টাকা বরাদ্দ দেন। তবে আজ সকাল নয়টা পর্যন্ত তা বিতরণ করা হয়নি।ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন প্রথম আলো ডটকমকে বলেন, পরিবারপ্রতি এক কেজি চাল ও শুকনা খাবারের জন্য নগদ ১০০ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। তবে তা এখনো পাওয়া যায়নি। তিনি বলেন, বন্যায় রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে। অনেকে ঘরবাড়ি হারিয়ে রাস্তায়, বাঁধে ও অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে পরিবার-পরিজনসহ মানবেতর জীবনযাপন করছে। তবে সরকারিভাবে যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে তিনি জানান।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডালিয়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, আজ সকালে পানি বিপত্সীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।