নীলফামারীতে সবজি চাষে সচ্ছলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের বার মাস সবজি চাষ করে সচ্ছলতা এনেছে নীলফামারী জেলা সদরের সংগলশী ইউনিয়নের বালাপাড়া বোচাপাড়া, বড় সংগলশী, বাড়নীর ডাঙ্গা, ডাঙ্গাপাড়াসহ কয়েকটি গ্রামের অধিবাসীরা। এ অঞ্চলের তুলনামূলক উঁচু ও অনুর্বর জমিতে ধান-পাটের তেমন একটা আবাদ হতো না বলে এখানকার মানুষ চির অভাবী ছিল। কাজের সন্ধানে এসব গ্রামের মানুষকে ছুটতে হতো দেশের বিভিন্ন প্রান্তে। আশ্বিন-কার্ত্তিক মাসে ত্রাণের জন্য ধরনা দিতে হতো চেয়ারম্যান-মেম্বারদের দ্বারে। কিন্তু এখন দিন বদলে গেছে। প্রতিদিন সকাল হওয়ার আগেই বিভিন্ন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমিকদের এ গ্রামের দিকে আসতে দেখা যায়। ব্যবসায়ীরা এখান থেকে সবজি নিয়ে বিভিন্ন হাটবাজারে বিক্রি করেন আর শ্রমিকেরা সবজি খেতে কাজ করেন। সরজমিনে দেখা যায়, ক্ষুদ্র সবজি ব্যবসায়ীরা সাইকেলে করে সবজি নিয়ে গ্রাম থেকে বেরিয়ে আসছেন। গ্রামে ঢুকে দেখা গেল চারদিকে সবুজের সমারোহ। পুকুরগুলোয় দল বেঁধে নারী-পুরুষেরা ক্ষেতের মুলা পরিষ্কার করছেন। এ সময় সবজি ব্যবসায়ী জেলা সদরের রামনগর গ্রামের রশিদুল ইসলাম জানান, তিনি ভোরে তাঁর বাড়ি থেকে প্রায় ২০ কিলোমিটার পথ সাইকেলে চেপে এসেছেন সবজি নিতে। তিনি বলেন, ‘আমি প্রায় প্রতিদিন এ গ্রাম থেকে সবজি নিয়ে বিক্রি করি। এখানে ১২ মাসই সবজি পাওয়া যায়।সৈয়দপুর উপজেলার হাজারী গ্রামের সবজি ব্যবসায়ী মকবুল হোসেন (৬৫) বলেন, ‘এই গ্রামত প্রথম শীতের সবজি পাওয়া যায়।’ বৃদ্ধ মকবুলের পুঁজি কম। তাই তিনি অল্প পয়সায় মুলা শাক নিয়ে যাচ্ছেন। তিনি সাইকেলে ঝুলানো শাকগুলো দেখিয়ে বলেন, ‘এই পাতা গুলোন ১০ টাকায় নিছি, ৯০ থে ১০০ টাকায় বেচমু।’ মকবুল আরও জানান, এখানে থেকে ঢাকা, চট্টগ্রামের ব্যবসায়ীরাও ট্রাকযোগে এসে সবজি নিয়ে যান।মুলার খেতে কাজ করছিলেন আম্বিয়া, শেফালী, রহিম, মান্নানসহ অনেকে। আম্বিয়া (৫০) বলেন, ‘শীতের সবজি জ্যৈষ্ঠ মাস থাকি ফেলা শুরু হইছে, ভাদ্র মাস থাকি বিক্রি শুরু হইছে। এই গ্রামত ধান-পাট হয় না। ঘরে ঘরে সবজির আবাদ হয়। আর ধান-পাটের চায় সবজিত সময় কম লাগে, লাভও বেশি।’দক্ষিণ বালাপাড়া গ্রামের কৃষক আবদুর রহিম (৪০) জানান, এ বছর তিনি ১৬ বিঘা জমিতে নানা জাতের সবজি চাষ করেছেন। ধান-পাট করেছেন আট বিঘায়। তিনি বলেন, এখানকার জমিগুলো ডাঙ্গা হওয়ায় ধান ভালো হয় না। তাই সবজিই চাষ করতে হয়। তিনি বলেন, ‘আগে আমাদের গ্রামে অভাব লেগেই থাকত। এখানকার শ্রমিকেরা কাজের খোঁজে বিভিন্ন জায়গাত ছুটত। আর এখন আমাগো এখানে কাজের জন্য অন্য গ্রামের মানুষ আসে।’ তিনি বলেন, ‘প্রতিদিন আমার খেতে ১৫-২০ জন শ্রমিক কাজ করে। মহিলারা পায় ৭০-৮০ টাকা আর পুরুষেরা ১২০ থেকে ১৪০ টাকা করে। এখন গ্রামটিতে আগের মতো আশ্বিন-কার্তিকের মঙ্গাও হয় না বলে জানান আবদুর রহিম।শ্রমিক হাচেন আলী বলেন, ‘এখন বাজারে যে জিনিসের দাম, তাতে অভাব তো থাকবই। তবে না খায়া থাকা লাগে না। এখন প্রতিদিন কাজ পাওয়া যায়। সাত-আট বছর আগে আমাগো কাজের জন্য অন্য এলাকায় যাওয়া লাগত। ঢাকা-চট্টগ্রামে যায়া রিকশা চালান নাইগতো। এখন গ্রামতে অনেক কাজ। বউ-বাচ্চা মিলে কাজ করলে তিন বেলা খাওন জোটে। রিলিফের জন্যি চেয়ারম্যান-মেম্বারের বাড়িতও যাবার নাগে না।’একই গ্রামের কৃষক নজরুল ইসলাম (৬০) বলেন, ‘এখানে ধানের চাষ করি পোষায় না। কারণ, ধান উঠতে লাগে ছয় মাস। তার পরও ফলন হয় না, আপদবালাই আছে। আর লাউশাক করলে ২৫ দিনে বিক্রি করা যায়। এক কেজি লাউপাতা ১০ টাকায় বিক্রি হয়। এ কারণে এ গ্রামে ধানের আবাদ খুব কম।’ তিনি এক বিঘা জমিতে কপি, আধা বিঘা জমিতে আদা, আধা বিঘা জমিতে লাউশাকসহ বিভিন্ন শীতকালীন সবজি চাষ করেছেন বলে জানান। কৃষকেরা জানান, তাঁদের সবজি দেশের বিভিন্ন প্রান্তে গেলেও কৃষি অফিস থেকে তাঁরা তেমন একটা সহযোগিতা বা পরামর্শ পান না। এ ছাড়া অনেক কৃষক মূলধনের অভাবে ভালোভাবে আবাদও করতে পারেন না। সংগলশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান টিকেন্দ্রজিৎ রায় বলেন, আগে বালাপাড়া ও বারনীর ডাঙ্গার ৯০ শতাংশ মানুষ গরিব ছিল। বালাপাড়াকে সরকারিভাবে আদর্শ গ্রাম ঘোষণা করা হয়েছে। ওই দুই গ্রামে এখনো গরিব থাকলেও আগের মতো আর নেই। এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ারুল হক বলেন, ‘আমার কর্ম এলাকায় প্রায় ৫০ হেক্টর জমিতে সবজি চাষ হয়। এখানকার দোআঁশ মাটি সবজি চাষের অনুকূল। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, সংগলশীতে অন্য যেকোনো এলাকার চেয়ে বেশি সবজি পাওয়া যায়। তিনি বলেন, এখানে সবজি সংরক্ষণে সরকারি বা বেসরকারি উদ্যোগে একটি হিমাগার করা গেলে কৃষকেরা কাঁচামাল সংরক্ষণ করে সময়মতো বাজারজাত করতে পারতেন। প্রয়োজনীয় হিমাগারের অভাবে মৌসুম শেষে বাঁধাকপি, ফুলকপির মতো সবজি গরুকে খাওয়াতে বাধ্য হন কৃষকেরা। তিনি বলেন, ‘গত বছর আমাদের জেলায় সাড়ে তিন লাখ টন আলু উৎপাদিত হয়। কিন্তু জেলায় নয়টি হিমাগারের ধারণক্ষমতা ছিল মাত্র ৬৮ হাজার ৫০০ মেট্রিক টন।