নীলফামারীতে ১৪৪ ধারা জারি
নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় একই সময়ে একই স্থানে যুবদলের বিবদমান দুটি গ্রুপের সম্মেলন আহ্বান কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনায় আজ শুক্রবার স্থানীয় প্রশাসন ওই স্থানে ১৪৪ ধারা জারি করেছে। জানা যায়, উপজেলার যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন আজ সকালে কিশোরীগঞ্জ শিশু নিকেতন বিদ্যাপীঠ মাঠে দ্বিবার্ষিক সম্মেলন আহ্বান করেন। অন্যদিকে যুবদলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম ডালিম ও অন্য যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান টিপু একই স্থানে একই সময় সম্মেলনের ডাক দেন। এমতাবস্থায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জিয়া উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের আশঙ্কায় সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তিনি জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতায় তিনি শুক্রবার সকাল নয়টা থেকে রাত ১১টা পর্যন্ত সভাস্থলসহ তিন কিলোমিটার এলাকায় সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছেন।