নীলফামারীতে ১৪৪ ধারা ভেঙে জামায়াতের মিছিল, বিজিবির গুলিতে নিহত ১
নীলফামারী শহরের জলঢাকা উপজেলার রাজারহাট এলাকায় ১৪৪ ধারা ভেঙে ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে মিছিল বের করে জামায়াত-শিবির। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে বিজিবি গুলি ছোড়ে। এতে আতিকুল ইসলাম (১৮) নামের এক যুবক নিহত হন। নিহত আতিকুল ইসলামের বাড়ি জলঢাকার খুটামারা ইউনিয়নে। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস কুমার পণ্ডিত প্রথম আলো ডটকমকে জানান, তিনি শিবিরকর্মী। ওসি আরও জানান, জামায়াত-শিবিরের হামলায় বিজিবির চারজন সদস্য আহত হয়েছেন। তাঁদের জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জলঢাকায় জামায়াত-শিবির সংগঠিত হয়েছে, এমন খবর পেয়ে আজ বেলা আড়াইটা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকানুল হাসান বেলা আড়াইটায় এই ঘোষণা দেন। পরে বিকেল সোয়া তিনটার দিকে ১৪৪ ধারা ভেঙে জেলা শহরে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। তাঁরা শহরের গাছবাড়ি থেকে মিছিল বের করেন। পুলিশ বাধা দিলে মিছিলটি কালিবাড়ি মোড় হয়ে আনন্দবাবুর পুলের দিকে যায়। এ সময় মিছিল থেকে শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালান জামায়াত-শিবিরের কর্মীরা। তাঁরা সবুজপাড়ায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি চিকিত্সক মমতাজুল ইসলামের বাড়িতে ইটপাটকেল ছোড়েন ও জানালার কাচ ভাঙচুর করেন। আনন্দবাবুর পুল এলাকায় নীলফামারী ক্লিনিকের জানালার কাচও ভাঙচুর করেন তাঁরা। এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়। একপর্যায়ে মিছিল থেকে জামায়াত-শিবিরের কর্মীরা বিজিবির ওপর হামলা চালান। এতে বিজিবির চার সদস্য আহত হন। একপর্যায়ে বিজিবির সদস্যরা গুলি ছোড়েন। এতে আতিকুল ইসলাম মারা যান। আহত বিজিবি সদস্যদের জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।