নীলফামারীর আদাচাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে পৃষ্ঠপোষকতার অভাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলার প্রধান অর্থকরী ফসল আদা। বালু মিশ্রিত দোআঁশ মাটি আদা চাষের জন্য উপযোগী হওয়ায় নীলফামারীর মাটি আদা চাষের জন্য উত্কৃষ্ট। কিন্তু বীজ ও চাষাবাদের পদ্ধতি পুরোনো হওয়ায় আশানুরূপ ফলন থেকে বঞ্চিত হচ্ছেন এ অঞ্চলের কৃষকেরা। আদার সঙ্গে একাধিক সাথি ফসল করা যায় বলে স্থানীয় কৃষক ও কৃষি সম্প্রসারণ বিভাগ মনে করে। অন্য যেকোনো ফসলের তুলনায় আদা চাষে লাভ বেশি। জেলার জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের শালনগ্রামের আদাচাষি মোনায়েম হোসেন জানান, যেসব জমিতে ধান-পাট চাষ করা যায় না, ওই সব জমিতে আদার সঙ্গে বেগুন, মরিচ, লাউ, ঝিঙাসহ নানা রকম সবজি চাষ করা যায়। এ ছাড়া আদা লাগানোর পর গাছ বড় হওয়ার সঙ্গে আড়াই মাস পর লাগানো বীজ আদা তুলে বিক্রি করা যায়। সেচ দিতে হয় না বলে উত্পাদন খরচও তুলনামূলক অন্য যেকোনো ফসলের তুলনায় কম হয়। প্রতিবছরই তিনি আদা চাষ করেন বলে জানান।জেলা সদরের কচুকাটা গ্রামের আদাচাষি ওসমান গণি বলেন, ‘আমাদের বাপ-দাদার প্রধান আবাদ ছিল আদা। আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসে এখান থেকে আদা নিয়ে যেত। এখন কোনো বছর দাম পাই আবার কোনো বছর দাম থাকে না। দামের বিষয়টা যদি সরকারিভাবে নির্ধারণ করা হতো তাহলে আগের মতো আবারও আদার চাষ বৃদ্ধি পেত।’ বালাগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তহিদুল ইসলাম বলেন, ‘এ অঞ্চলের প্রায় প্রত্যেকটি কৃষক কিছু না কিছু জমিতে আদার চাষ করেন। আগের তুলনায় এখন আদার আবাদ কমে গেছে।’ কৃষি বিভাগের তথ্যমতে, অন্য বছরের তুলনায় এ বছর জেলায় বেশি আদা চাষ করেছেন কৃষকেরা। গত বছর আদা চাষের লক্ষ্যমাত্রা ছিল দুই হাজার হেক্টর জমিতে, কিন্তু অর্জিত হয়েছে এক হাজার ৮৫০ হেক্টর জমি। এ বছর জেলায় এক হাজার ৮৫০ হেক্টর জমিতে আদা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও কৃষকেরা আবাদ করেছেন দুই হাজার ৩৩০ হেক্টর জমিতে। অথচ কৃষি বিভাগের আবাদি জমির লক্ষ্যমাত্রার ওপরই সার-বীজের সরবরাহ দেওয়া হয় কি না তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। জেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা শামসুল হুদা বলেন, ‘২০০৫-০৬ অর্থবছরে জেলায় আদা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল দুই হাজার ২৫০ হেক্টর, অর্জিত হয়েছে এক হাজার ৮২০ হেক্টর, সে সময় প্রতি হেক্টর জমিতে উত্পাদন হয়েছে ৮ দশমিক ৭৮ মেট্রিক টন। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহসীন রেজা জানান, আদা শুধু মসলার কাজেই ব্যবহার হয় না, এটি ওষুধশিল্পেও ব্যবহূত হয়। এ ছাড়া বাংলাদেশের আদা রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আসে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য উত্পাদন বিশেষজ্ঞ আখতারুজ্জামান জানান, অন্য ফসলের ওপর যেমন গবেষণা হয়েছে, আদার ওপর সেভাবে হয়নি। তবে মসলা ফসল হিসেবে আদা-হলুদ নিয়ে এখন জয়দেবপুরের বারীতে গবেষণা শুরু হয়েছে।