নীলফামারীর গ্রামে গৃহবধূকে শিকলে বেঁধে নির্যাতন!
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটির প্রগতিপাড়ায় এক গৃহবধূকে শিকল দিয়ে বেঁধে ঘরে আটকে রেখে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ ওই গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করে। অসুস্থ গৃহবধূকে বোড়াগাড়ী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।জানা যায়, ১৯৯৭ সালে প্রগতিপাড়ার গ্রাম্য কবিরাজ জামিল হোসেনের সঙ্গে মুন্সিগঞ্জের শ্রীনগরের আরজু আকতার লতার বিয়ে হয়।আরজুর অভিযোগ, প্রায় দুই বছর আগে তাঁর অনুমতি না নিয়ে একই এলাকার নূরে আশেকাকে বিয়ে করেন জামিল।জানা যায়, জামিল ও আরজু দম্পতির চার সন্তান। তাদের মধ্যে একজন মারা গেছে।আরজু আকতারের (৩৫) অভিযোগ, দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্বামী জামিল হোসেন (৪৩) তাঁর ওপর নির্যাতন শুরু করেন। পায়ে শিকল বেঁধে গত ছয় মাস তাঁকে অন্ধকার ঘরে আটকে রাখা হয়। আরজুর অভিযোগ, সন্তানদেরও তাঁর কাছে আসতে দেওয়া হতো না। স্বামী ও সতিন দুজনে মিলে তাঁর ওপর নির্যাতন চালাতেন। তাঁদের ছোট মেয়েটাকে শুধু ভাতের মাড় খাওয়ানো হতো। এ কারণে সে মারা গেছে। তাঁকেও মেরে ফেলার চেষ্টা করা হয়েছে।প্রতিবেশী রিয়াজুল ইসলাম বলেন, জামিলের স্ত্রী আরজুকে যে বাড়ির ভেতরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, তা গ্রামবাসী জানত না। তবে জামিল হোসেনের দাবি, ‘আরজুর মাথায় সমস্যা আছে। সে বাড়ি থেকে বের হয়ে যেত। তাই এটা করতে বাধ্য হয়েছি।’চিলাহাটি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আমির হামজা বলেন, ‘নীলফামারী ও ডোমারের কয়েকজন সাংবাদিক এলাকায় গিয়ে বিষয়টি জানতে পেরে আমাদের জানান। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি।’ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার মোহন্ত প্রথম আলোকে বলেন, খবর পেয়ে শনিবার রাতে আরজুর স্বামী জামিলকে গ্রেপ্তার করা হয় এবং আরজুকে শিকলে বাঁধা অবস্থায় বাড়ি থেকে উদ্ধার করে বোড়াগাড়ী স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা আরজুর মস্তিষ্ক বিকৃতির কোনো লক্ষণ পাননি। তবে দীর্ঘদিন অনাহারে-অর্ধাহারে থাকার কারণে তিনি পুষ্টিহীনতায় ভুগছেন।ওসি আরও বলেন, আরজু তাঁদের বলেছেন, দ্বিতীয় বিয়ে করার জন্য স্বামী জামিল তাঁর কাছে কাগজে স্বাক্ষর চাইলে তিনি বিষয়টি বুঝতে পেরে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান। এ জন্য তাঁকে পাগল বানানোর চেষ্টা করা হয়। লোকজনের কাছে বিশ্বাসযোগ্য করতে তাঁকে পাবনার মানসিক হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানকার চিকিৎসকেরা তাঁর মধ্যে মস্তিষ্ক বিকৃতির কোনো আলামত না পেয়ে চিকিৎসা না দিয়ে ফেরত পাঠিয়েছেন। এর পর থেকে তাঁকে বাড়িতে শিকল দিয়ে বেঁধে নির্যাতন করা হয়।ওসি জানান, এই ঘটনায় আরজু গতকাল রোববার স্বামী জামিল হোসেন ও সতিন নূরে আশেকাকে আসামি করে একটি মামলা করেছেন।