বোরো মৌসুমের শুরুতেই বিদ্যুতের সংকটে পড়েছে জেলার বোরো চাষিরা। পাশাপাশি ঘনঘন লোডশেডিং ও লো-ভোল্টেজের কারণে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। কমপক্ষে ৭০ মেগাওয়াট চাহিদার বিপরীতে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ায় বেকায়দায় পড়েছে বিদ্যুৎ বিভাগও।এ বছর জেলায় মোট ৮০ হাজার ৩৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এর মধ্যে তিস্তা সেচ ক্যানেলের মাধ্যমে ১২ হাজার ৫০০ হেক্টর এবং বিদ্যুৎচালিত যন্ত্রের মাধ্যমে ৪১ হাজার হেক্টর জমিতে সেচ দেওয়া হচ্ছে। বাকি ৬১ হাজার ৫০০ হেক্টর জমিতে ব্যবহার হবে ডিজেলচালিত সেচযন্ত্র। ৪১ হাজার হেক্টর জমিতে সেচ দেওয়ার জন্য এরই মধ্যে বিদ্যুৎচালিত ১০৫টি গভীর এবং ২৫ হাজার ৯০০ অগভীর নলকূপ চালু করা হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ।পার্শ্ববর্তী পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলাসহ সৈয়দপুর গ্রিডের আওতায় এ জেলায় বিদ্যুতের স্বাভাবিক চাহিদা ৩৫ থেকে ৪০ মেগাওয়াট। চলতি বোরো মৌসুমে সেচ কার্যক্রম যুক্ত হওয়ায় এ চাহিদা বেড়ে দাঁড়িয়েছে ৭০ থেকে ৮০ মেগাওয়াটে। কিন্তু চাহিদার বিপরীতে সৈয়দপুর গ্রিডে পাওয়া যাচ্ছে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ। এর মধ্য নীলফামারী আরইবিকে ছয় থেকে আট মেগাওয়াট, নীলফামারী পিডিবিকে পাঁচ থেকে আট মেগাওয়াট, সৈয়দপুর পিডিবিকে তিন থেকে ছয় মেগাওয়াট ও দিনাজপুর আরইবিকে ছয় থেকে সাত মেগাওয়াট করে বিদ্যুৎ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে।নীলফামারী জেলার কৃষকেরা জানিয়েছেন, এ এলাকার কয়েক শ বিঘা জমির রোপা ধানের খেত পানির অভাবে নষ্ট হয়ে গেছে। কৃষক মাহবুবুর রহমান জানান, লোডশেডিং তো আছেই, তার ওপর লো-ভোল্টেজের কারণে সেচযন্ত্র চালানো যাচ্ছে না। এ ব্যাপারে আবাসিক প্রকৌশলীকে বারবার অবহিত করেছি। কাজ না হওয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও এমপিকে বলেছি। তাও সমস্যার সমাধান হচ্ছে না।কৃষকেরা জানান, ২৪ ঘণ্টার মধ্যে গড়ে চার-পাঁচ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছেন তাঁরা। এতে করে প্রয়োজনীয় সেচ দেওয়া যাচ্ছে না জমিতে।নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার কামাল হোসেন মোল্লা জানান, দিনের বেলা অফ-পিক আওয়ারে আমাদের চাহিদা থাকে ২১ মেগাওয়াটের। আর রাতে পিক-আওয়ারে ২৪ মেগাওয়াট। কিন্তু এর বিপরীতে দিনের বেলা ছয় থেকে সাত মেগাওয়াট আর রাতে পাওয়া যাচ্ছে সাড়ে পাঁচ থেকে ছয় মেগাওয়াট। তিনি আরও জানান, ১৪টি লাইনের মধ্যে গড়ে তিন ঘণ্টা করে বিদ্যুৎ দেওয়া হচ্ছে।পিডিবির কর্মকর্তা নির্মল কুমার রায় বলেন, ‘এখনই যে অবস্থা, আর কয়েক দিন বাদে চাহিদা আরও বেড়ে গেলে অফিস ছেড়ে পালিয়ে যাওয়া ছাড়া উপায় থাকবে না।’ পিডিবি ও আরইবি কর্তৃপক্ষ জানিয়েছে, চাহিদামতো বিদ্যুৎ না পাওয়ার কারণে লোড ম্যানেজমেন্টের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করতে হচ্ছে। এতে করে গড়ে তিন-চার ঘণ্টার বেশি বিদ্যুৎ পাচ্ছেন না একেকজন কৃষক।