নীলফামারীর ছিটমহলবাসী আশায় বুক বেঁধে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলার ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নে ভারতীয় ছিটমহল জিগাবাড়ী। সম্প্রতি দুই দেশের উদ্যোগে জনগণনা হওয়ায় কিছুটা আশার আলো দেখছেন ছিটমহলের অতুল চন্দ্র রায়। তাঁদের ধারণা, এবার একটা সমাধান হবে। নীলফামারী জেলা সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে ডিমলা উপজেলায় অবস্থিত চারটি ভারতীয় ছিটমহলে গেলে সেখানকার অনেকে এই আশাবাদের কথা বলেন। তাঁরা বাংলাদেশের নাগরিক হতে চান। জিগাবাড়ী ছিটমহলের জয়নাল আবেদীন (৬২) বলেন, ছিটমহলের বেশির ভাগ মানুষ গরিব। প্রায় সবাই কৃষিশ্রমিক। তিনি বলেন, ডিমলার সবগুলো ছিটমহলের প্রাপ্তবয়স্ক প্রায় সবাই বাংলাদেশের ভোটার তালিকায় নাম তুলেছেন। অনেকে তাঁদের ভোটার পরিচয়পত্রও দেখিয়েছেন। গয়াবাড়ী ইউনিয়নের বড়খানকি গিদালদহ ছিটমহলের বাসিন্দা চাতালশ্রমিক নূর হোসেন (৪০) বলেন, ‘হামরা বাংলাদেশে বাস করি, ভোট দেই, বাংলাদেশে কাম-কাজ করি খাই। আর কাগজে-কলমে হামরা নাকি ইন্ডিয়ার।’একই ইউনিয়নের বড়খানকি খারিজা গিদালদহ ছিটমহলটি সবচেয়ে ছোট। এখানে মাত্র আটটি পরিবারের বাস। চলাচলের জন্য কোনো রাস্তা নেই। তাঁরা জমির আল বেয়ে হাঁটেন। ওই ছিটমহলের বাচ্চু (৪০) ও মোজাম্মেল (৪৫) বলেন, তাঁদের সবার বাংলাদেশি ভোটার পরিচয়পত্র আছে। জানতে চাইলে টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন প্রথম আলোকে বলেন, ভোটার তালিকা করার সময় তাঁরা খাসজমিতে এসে ভোটার হয়েছেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বাংলাদেশ সরকারের অন্যান্য সুযোগ-সুবিধাও পাচ্ছে ছিটমহলবাসী। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ছিটমহলের কোনো মামলা নেওয়ার আইনগত কোনো সুযোগ বাংলাদেশ পুলিশের নেই। তাই সেখানে কোনো সমস্যা হলে স্থানীয়ভাবে সমাধান করা হয়। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, নীলফামারীর একমাত্র ডিমলা উপজেলায় ভারতীয় ছিটমহল রয়েছে। এই চারটি ছিটমহলে মোট জমির পরিমাণ ৯৩ একর। সর্বশেষ জনগণনা অনুসারে চারটি ছিটমহলে মোট ১১৯টি পরিবার বাস করে। জনসংখ্যা ৪৯৬ জন। এর মধ্যে পুরুষ ২৫৮ ও মহিলা ২৪৮ জন।