নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি
নীলফামারী জেলার জলঢাকা উপজেলা শহরের জিরো পয়েন্টে জাসদ ছাত্রলীগ, ছাত্রসমাজ ও যুবসমাজ এবং যুবলীগ ও ছাত্রলীগ একই সময় সমাবেশ ডাকায় আজ শুক্রবার ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ঘটনার জন্য দুই গ্রুপই পাল্টাপাল্টি অভিযোগ করে।এলাকাবাসী জানায়, কাবিখার ডিও (চাল) কেনা-বেচাকে কেন্দ্র করে জলঢাকা উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে জাসদ ছাত্রলীগ, ছাত্রসমাজ ও জাতীয় যুবসমাজের মধ্যে বিরোধ চলে আসছিল বেশ কিছুদিন ধরে।ওই ঘটনায় জাসদ ছাত্রলীগের এক কর্মীকে মারধর করার অভিযোগে জাসদ ছাত্রলীগ, ছাত্রসমাজ ও যুবসমাজ আজ শুক্রবার বিকেল চারটায় শহরের জিরো পয়েন্টে সমাবেশ ডাকে। একইভাবে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে একই স্থানে যুবলীগ ও ছাত্রলীগ একই সময় সমাবেশের ডাক দিলে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম ভূঞা সেখানে ১৪৪ ধারা জারি করে সভা-সমাবেশ নিষিদ্ধ করেন।জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম ভূঞা প্রথম আলোকে বলেন, এখানে ডিও কেনা-বেচাকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় দুটি পক্ষ একই স্থানে একই সময় সভা-সমাবেশের ডাক দেওয়ায় সংঘাত এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম আলমগীর বলেন, এউএনওর নির্দেশে ১৪৪ ধারা জারি করে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি আবদুল ওয়াহেদ বাহাদুর বলেন, ‘সরকারের কাছে আমাদের দাবি ছিল, সরকারিভাবে যেসব কাবিখার (কাজের বিনিময় খাদ্য) কাজ হবে, তার চাল চেয়ারম্যানরা বিক্রি না করে শ্রমিকদের মাঝে বিতরণ করবেন। কিন্তু উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জাসদের সভাপতি গোলাম আজম পাশা আমাদের বিরুদ্ধে ডিও কেনার মিথ্যা অভিযোগ তোলেন এবং নিজে ডিও কিনতে চান। তাঁর কাছে ডিও বিক্রি করা না হলে জনপ্রতি এক হাজার টাকা চাঁদা দাবি করেন।’এ ব্যাপারে উপজেলা জাসদের সভাপতি গোলাম আজম পাশা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার এক বছরের মধ্যে জলঢাকায় যুবলীগের সভাপতি আবদুল ওয়াহেদ বাহাদুর সন্ত্রাসের রাজত্ব কায়েম, প্রশাসনসহ সবাইকে জিম্মি করেছে। গতকাল বৃহস্পতিবার বাবু নামের জাসদ ছাত্রলীগের এক সদস্যকে মারধর করার প্রতিবাদে আমরা জিরো পয়েন্টে সমাবেশের ডাক দিলে আমাদের সমাবেশ ভণ্ডুল করার জন্য তারাও সেখানে সমাবেশ ডেকেছে।’ তিনি বলেন, যুবলীগ ও ছাত্রলীগ চেয়ারম্যানদের জিম্মি করে ৪৮০ টন চাল তাদের কাছে বিক্রি করতে চাপ সৃষ্টি করেছে।ডিও কেনার ব্যাপারে আবদুল ওয়াহেদ বাহাদুর বলেন, ‘আমরাই ডিও বিক্রি না করার বিরুদ্ধে অবস্থান নিয়ে সভা-সমাবেশ করেছি, এটা জলঢাকার সব সচেতন মহল জানে। আর আমরা ডিও কিনেছি এমন একটি প্রমাণও তারা দিতে পারবে না।’