নীলফামারীর পল্লিতে কুপিয়ে কৃষক হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তরা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গতকাল বৃহস্পতিবার রাতে সীতানাথ রায় (৫০) নামের একজন কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে । উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড় ডুমুরিয়া চাঁদুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের স্ত্রী বিনা রানী রায় দাবি করেন, গতকাল দিবাগত রাত তিনটার দিকে একদল লোক এসে তাঁর স্বামী সীতানাথের নাম ধরে ডাকতে থাকে। একপর্যায়ে সীতানাথ বাইরে বের হন। এর কিছুক্ষণ পর স্বামীর ‘বাঁচাও, বাঁচাও’ চিত্কার শুনে বাড়ির বাইরে এসে দেখেন একদল দুর্বৃত্ত তাঁর স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যাচ্ছে। এলাকাবাসীর সহায়তার তিনি তাঁর স্বামীকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু নাসের রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের স্ত্রী বিনা রানী বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।