নীলফামারীর ১০ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট
নীলফামারী জেলায় বাসের মালিকেরা ১০টি রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। পূর্ববর্তী কোনো ঘোষণা ছাড়াই আজ শনিবার সকালে বাস চলাচল বন্ধ ঘোষণা করেন তাঁরা। এতে সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে। জেলার বাসমালিক সমিতির সভাপতি শাহজাহান আলী চৌধুরী বলেন, নীলফামারী-ঢাকা রুটে দূরপাল্লার যাত্রীবাহী বাসে লোকাল (স্বল্প দূরত্বের যাতায়াতকারী) যাত্রী তোলার প্রতিবাদে তাঁরা বাস চালানো বন্ধ রেখেছেন। তিনি আরও বলেন, আজ বিকেল চারটায় সমিতির সৈয়দপুর কার্যালয়ে এক জরুরি সভা ডাকা হয়েছে। সেখানে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।নীলফামারী থেকে সৈয়দপুর-চিলাহাটি, সৈয়দপুর-ডিমলা, সৈয়দপুর-দেবীগঞ্জ, সৈয়দপুর-ডোমার, সৈয়দপুর-জলঢাকা, নীলফামারী-রংপুর, নীলফামারী-দিনাজপুর, নীলফামারী-গাইবান্ধা, নীলফামারী-বগুড়া ও নীলফামারী-কুড়িগ্রাম রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। যে বাসগুলো নীলফামারী থেকে ঢাকা চলাচল করে সেগুলোও বন্ধ রয়েছে বলে জেলা বাসমালিক সমিতির সভাপতি জানান।