গোলগাল ধরনের তুলতুলে সুন্দর পাখি। স্বভাবে নিরীহ। দক্ষ লম্ফবিদ, পিলপিল পায়ে হাঁটতেও পারে অতি দ্রুতবেগে। মূলত এরা খোলা মাঠের পাখি।ঘাসবন বেশি পছন্দ নীলাভ বুক বটেরার। বিপদ বুঝলে মাটিতে বুক-পেট ঠেকিয়ে স্থির বসে থাকবে। শত্রু একেবারে কাছে এলে তাকে চমকে দিয়ে ফুড়ুৎ করে খাড়া লাফ দেবে, তারপর দ্রুত হেঁটে পালিয়ে যাবে। পারিপার্শ্বিকতার সঙ্গে মিলেমিশে ক্যামোফ্লেজ হয়ে যায় পাখিটি, অর্থাৎ কিনা আলাদা করে চোখে পড়ে না।নীলাভ বুক বটেরাকে নীল বুক কোয়েলও বলা চলে।খুব সুন্দর এক বনকোয়েল এই বটেরা। খুব চালাক পাখিটি দুর্লভও বটে। বাংলাদেশে আছে কি নেই অবস্থা। দেশের অন্য বনকোয়েলের মতো এদেরও লেজ নেই বলতে গেলে। অন্যান্য বনকোয়েলের পায়ে আঙুল তিনটি হওয়ায় এরা গাছের ডালে বসতে পারে না জুতসইভাবে। চার আঙুলের বদৌলতে এরা তা পারে। উড়তেও পারে ভালো। আর খাঁচাবন্দী অবস্থায়ও ডাকে।পারতপক্ষে ওড়ে না নীলাভ বুক বটেরা। খাদ্য নানা রকম শস্যদানা, পোকা-পতঙ্গ, উইপোকা, পিঁপড়ার ডিম। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী ত্রিপুরাপারের ঢাল থেকে একটি পাখি ধরেছিল আমার এক সহকর্মী বন্ধু। পাখিটা সে দিয়েছিল আমাকে। পুরুষ ওই বটেরা আমি ১০ দিন পুষেছিলাম। মাণ্ডা বিল থেকে একটি ছেলে আমাকে ঘাসফড়িং ধরে এনে দিত। পাখিটি আমার হাত থেকেই সেগুলো খেত খাঁচার ফাঁক দিয়ে। প্রতিদিন দুপুরবেলায় বিষণ্ন গলায় ডাকত। হয়তো তখন প্রজনন মৌসুম ছিল ওদের! সেটা ১৯৮৩ সালের কথা।২০০২ সালের ১১ এপ্রিল আমার কর্মস্থল ৫৪, পুরানা পল্টনের আঙিনায় ভাগ্যগুণে আমি আরও একটি পুরুষ বটেরা পেয়ে গিয়েছিলাম। অফিসের ঝাড়ুদার মেয়েটি পাখিটাকে আমার কাছে আনে। কাকের আক্রমণে আহত ও দিশেহারা পাখিটাকে রক্ষা করেছিল সে। ওকেও বাসায় নিয়ে গিয়ে যথাসম্ভব চিকিৎসা করিয়ে সুস্থ করেছিলাম। পাখিটা আমার হাত থেকে ছোঁ মেরে ঘাসফড়িং খেত। ওকে দেখতে ও ছবি তুলতে বাসায় এসেছিলেন বন্য প্রাণী আলোকচিত্রী ও কোয়েল গবেষক আ ন ম আমিনুর রহমান। পাখিটা ডাকত খুব ভোরবেলায়।এই পাখির কপাল নীলচে-ধূসর। মাথা বাদামি, তাতে কালো ও খয়েরি ছিট আছে। পিঠ-ডানা বাদামি, তার ওপরে কালো টান ও ছিট-ছোপ। বুকের উপরিভাগ ও ডানার নিচটা ধাতব নীলচে-ধূসর। বুকের নিচের দিক, পেট ও লেজের নিচটা লালচে-খয়েরি। তুলোট সাদা গলায় একটা আড়াআড়ি কালো টান আছে। পা হলুদ। চোখ লাল, মণিটা কালো। ঠোঁট কালচে। আমার পাওয়া পাখি দুটির মধ্যে প্রথমটির পেটের দুপাশ ও লেজের তলাটা ছিল গাঢ় খয়েরি।নীলাভ বুক বটেরার ইংরেজি নাম এর চেহারা থেকেই—Blue-breasted quail। বৈজ্ঞানিক নাম Coturnix Chinensis। হাতে পাওয়া দুটি পাখিরই কিছু তথ্য আমি টুকে নিয়েছিলাম। প্রথমটির মাপ ছিল ১৩ সেন্টিমিটার প্রায়, ওজন ৪০ গ্রাম। দ্বিতীয়টি ১২ সেন্টিমিটার, ওজন ৩৫ গ্রাম।