নীলাম্বরী অপরাজিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অপরাজিতা’ নামটির মধ্যেই রয়েছে এ উদ্ভিদের পরিচয়। অপ্রতিরোধ্য এর বৃদ্ধি। তাই সে অপরাজিতা। এটি একটি বহুবর্ষজীবী লতা। যে গাছের পাশেই এটি থাকুক না কেন, এর বৃদ্ধিতে তা বাধা হয়ে উঠতে পারে না; বরং অনায়াসে গাছ বেয়ে পত্রপুষ্পে বিকশিত হয়ে ওঠে দৃষ্টিনন্দন অপরাজিতা লতা। অপরাজিতা লম্বায় হয় ১৫ থেকে ২০ ফুট। বিজোড়পত্রী। প্রতিটি পাতা পাঁচটি বা সাতটি ডিম্বাকৃতির পত্রে বিভক্ত। শীর্ষপত্র বড়। পাতার রং হালকা সবুজ, দেখে চোখ জুড়িয়ে যায়। এই লতায় যদি ফুল নাও ফুটত, তবু পাতার বাহারেই আদরণীয় হয়ে বাগানে বাগানে নিজের আবাস স্থায়ী করে নিতে মোটেই অসুবিধা হতো না। উপরন্তু ফুলের শোভা একে সৌন্দর্যেও করেছে অনন্য। অপরাজিতা ফুলের প্রসঙ্গ উঠলে সবুজ পাতার মধ্যে গাঢ় নীল রঙের চোখজুড়ানো ফুলটির কথাই সাধারণত মনে পড়ে। আরও দুটি রং আছে অপরাজিতা ফুলের—ফিকে নীল ও সাদা। ফুলটি বৃতি থেকে এক পাশে বিস্তৃত। দল অর্ধবৃত্তাকার। নীল রঙের অপরাজিতা ফুলের দ্বৈত পাপড়িও দেখা যায়। ফুল লম্বায় দুই থেকে আড়াই ইঞ্চি, চওড়া পৌনে এক ইঞ্চি। গাঢ় নীল ফুলটির আরও একটি নাম আছে—নীলকণ্ঠ। গাঢ় নীল রঙের ফুলটি দেখলে মনে হয়, নীলাম্বরী সাজে সেজে সে যেন তার প্রেমিকের জন্য অপেক্ষমাণ। ফুলে কোনো গন্ধ নেই। প্রায় ১২ মাস ফুল ফোটে। অপরাজিতা ফুলের ইংরেজি নাম Clitoria, বৈজ্ঞানিক নাম Clitoria ternatea। এই উপমহাদেশেই এই ফুলের বিস্তার। ফল হয় শিমের মতো, তিন-চার ইঞ্চি লম্বা। ফল পরিপক্ব হলে শুকিয়ে যায়। প্রতিটি ফলে পাঁচ থেকে আটটি কালো রঙের বীজ থাকে। বীজ নরম মাটিতে রোপণ করলে ৭ থেকে ১০ দিনের মধ্যে চারা গজায়। টবেও অপরাজিতা লাগানো যায় এবং বছরের পর বছর বেঁচে থেকে সৌন্দর্য বিলাতে পারে। একবার এ লতা বেড়ে উঠলে প্রতিদিন গোড়ায় একটু পানি দেওয়া ছাড়া বিশেষ যত্নের প্রয়োজন হয় না। সনাতন ধর্মানুসারীদের কাছে অপরাজিতা পবিত্র উদ্ভিদ। পৌরাণিক কাহিনিতে আছে, অপরাজিতা লতা বা শেকড় হাতে বাঁধলে অপরাজেয় থাকা যায়। তাই দেবরাজ ইন্দ্র অসুরদের দমনের জন্য অপরাজিতা হস্তে ধারণ করেছিলেন। শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠীতে বোধনের পর নবপত্রিকাকে সাদা অপরাজিতার লতা দিয়ে বাঁধতে হয়। বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের পর কুলপ্রথা অনুসারে পূজামণ্ডপে ভক্তদের বিজয় কামনায় অপরাজিতা পূজার প্রচলন আছে। অপরাজিতা পূজার পর লতাকে দেবীরূপে চিন্তা করে অভিলাষিত ফল কামনায় ডান হাতে এই লতা ধারণ করা হয়। হিন্দু সম্প্রদায়ের সব পূজায় এ ফুল ব্যবহার করা যায়।চমৎকার ভেষজগুণ রয়েছে অপরাজিতার। ব্রণ, আমাশয়, মূত্ররোগের চিকিৎসায় এ ফুল ব্যবহার করা হয়। সাদা অপরাজিতার শেকড় সাপের বিষনাশক এবং প্রসবব্যথা নিবারণে কার্যকর। নীল অপরাজিতার শেকড়ে বাতব্যথার উপশম হয়। রূপে-গুণে অনন্য এই লতাটি পুষ্পানুরাগীরা রোপণ করতে পারেন বাড়ির বাগানে। লেখক : সহযোগী অধ্যাপকদিনাজপুর মেডিকেল কলেজ[email protected]