নীলুর মুখোশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাভলী মেহের নীলুর বয়স ১০ বছর। সে গোপীবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ে। তার গ্রামের বাড়ি কুমিল্লার নবীনগরের পরানপুরে। নীলু দুই বছর ধরে বাবা মফিজ মিঞার সঙ্গে ঢাকায় আছে। তার মা বড় দুই বোনকে নিয়ে থাকেন পরানপুরে। বড় বোন জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী।নীলুরা থাকে গোপীবাগে। ঘর ভাড়া দুই হাজার টাকা। পয়লা বৈশাখ উপলক্ষে কাগজের মুখোশ তৈরি করছে নীলু ও তার বাবা। তারা এ কাজ করছে দুই বছর ধরে। নীলু জানায়, এবার ২৫টির মতো মুখোশ তৈরি করেছে। প্রতিটি মুখোশ বিক্রি করছে ১২৫ টাকার মধ্যে।চার বছর আগে নীলুর বাবা রাজশাহীর পবায় গিয়েছিলেন কাজ করতে। সেখানে পালবাড়িতে মুখোশ তৈরি করতে দেখেন। চার-পাঁচ দিনেই মফিজ মিঞা মুখোশ তৈরির প্রক্রিয়াটা শিখে ফেলেন। গত বছর পয়লা বৈশাখে তাঁরা ১০টার মতো মুখোশ তৈরি করে বিক্রি করেছেন।নীলু জানায়, মাস ছয়েক আগে থেকে নিলু আর তার বাবা কাজের ফাঁকে ফাঁকে মুখোশ তৈরি করছে। নীলু প্রতিদিন সকালে কাগজ কুড়ানো অন্য মেয়েদের সঙ্গে ভোরে উঠে কাগজ কুড়াতে বের হয়। সকাল সাড়ে সাতটার মধ্যে বাসায় ফিরে রান্না করে। খেয়েদেয়ে স্কুলে যায়।নীলুর কুড়ানো কাগজ দিয়ে তারা মুখোশ তৈরি করছে। সে জানায়, একটি বুটিকের দোকান তাদের তৈরি মুখোশ কিনে নেয়। প্রতি মাসে তারা ১০টি মুখোশ বিক্রি করছে। নীলুর বাবা মফিজ মিঞা রিকশাভ্যানে করে তরকারি বিক্রি করেন। সকালে পান্তাভাত খেয়ে বেরিয়ে যান। বেলা তিনটার দিকে তিনি বাসায় ফেরেন। বাবার সঙ্গে নীলু দুপুরের খাবার খায়। বিকেলের দিকে দুজনে কাগজে আঠা লাগিয়ে মুখোশ তৈরি শুরু করে।নীলু জানায়, তাদের মাটির একটি ডাইস তৈরি করা আছে। তার ওপর কাগজ রেখে আঠা দিয়ে মুখোশ তৈরি করে। নববর্ষের সময় তারা কিছু মুখোশ বিক্রি করবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। বৈশাখের পর নীলু গ্রামের বাড়ি যাবে। মা-বোনের জন্য তখন নতুন পোশাক কিনে নিয়ে যাবে।