ভোলা-৩ আসনের (লালমোহন-তজুমদ্দিন) উপনির্বাচনে বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহম্মেদের পক্ষে এখানে চারদলীয় জোটের সবাই এককাট্টা হয়েছে।অন্যদিকে নুরনবী চৌধুরী আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অন্য শরিক দলের কাউকে এখন পর্যন্ত পাশে পাননি। এর ওপর নিজ দলে বিভক্তি থাকায় তিনি আওয়ামী লীগের সব নেতা-কর্মীকেও পাশে পাচ্ছেন না।আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নুরনবী চৌধুরীর মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর একই দল থেকে মনোনয়ন জমা দেওয়া জসিমউদ্দিন চুপ হয়ে গেছেন। তিনি দলীয় সিদ্ধান্ত মেনে নিলেও তাঁর অনুসারীদের এখনো পাশে পাননি নুরনবী চৌধুরী। এরই মধ্যে গতকাল শুক্রবার সন্ধ্যায় জসিমউদ্দিনের সমর্থক আওয়ামী লীগের স্থানীয় নেতা আবুল কাশেমের নেতৃত্বে লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ১৬ জন দলীয় কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।দুই প্রার্থীর প্রচার কর্মসূচি: দলীয় সূত্রগুলো জানায়, প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর নির্বাচনী প্রচার কর্মসূচি আজ শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। এর মধ্যে আওয়ামী লীগ গ্রাম পর্যায় থেকে দলীয় প্রার্থী নুরনবীর পক্ষে প্রচার ও জনসংযোগ শুরু করবে। একই সঙ্গে কয়েকটি বড় সমাবেশ করারও সিদ্ধান্ত নিয়েছে তারা। আওয়ামী লীগের নেতৃত্বে দলের অন্যান্য সংগঠনের সব নেতা-কর্মীকে মাঠে নামাতে গ্রাম পর্যায়ে সমন্বয়কারীও ঠিক করা হয়েছে, পাশাপাশি জসিমউদ্দিনের সমর্থকদের একত্র করারও উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম প্রথম আলোকে জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে চার সদস্যের একটি প্রতিনিধিদল স্থানীয় নেতাদের নিয়ে নির্বাচনী কৌশল ঠিক করে দিয়েছে।অন্যদিকে বিএনপির প্রার্থী হাফিজউদ্দিনের প্রচার কর্মসূচি শুরু হবে বিভিন্ন এলাকায় ছোট ছোট সভা-সমাবেশের মধ্য দিয়ে। প্রতিটি গ্রাম ও ইউনিয়নে এককভাবে এবং চারদলীয় নেতা-কর্মীদের সমন্বয়ে নির্বাচনী প্রচার কর্মসূচি চালানো হবে।বিএনপির ভোলা জেলা সভাপতি গোলাম নবী জানান, এখানকার প্রায় ৮৫ ভাগ মানুষ মুসলমান। তাই ধর্মীয় অনুভূতি কাজে লাগানো হবে।বিএনপির নির্বাচন সমন্বয়কারী ও উপজেলা বিএনপির আহ্বায়ক এনায়েত কবির বলেন, ‘আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাব। বড় ধরনের সভা-সমাবেশ করা হবে না।’বিভক্ত আওয়ামী লীগ, নেই মহাজোট: আওয়ামী লীগের প্রার্থী নুরনবী চৌধুরী প্রথম আলোকে বলেছিলেন, তিনি উপনির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী। এখানে মহাজোটের কোনো ভূমিকা নেই।লালমোহন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জানান, মহাজোটের শরিকদের কোনো কর্মকাণ্ড এখানে নেই।উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী জসিমউদ্দিনের সমর্থকেরা এখনো নুরনবীর পক্ষে কাজ শুরু করেননি। বৃহস্পতিবার সকালে লালমোহন বাজারে এবং রাতে বদরহাটে নুরনবী ও জসিমের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে।জসিমউদ্দিন অবশ্য প্রথম আলোকে বলেছেন, তাঁর সমর্থকদের সঙ্গে নুরনবীর একটা সমঝোতা করানো হবে। অবশ্য জসিমউদ্দিন বৃহস্পতিবার নির্বাচনী এলাকা ছেড়ে ঢাকায় চলে গেছেন।জসিমউদ্দিনের সমর্থক লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মিয়া বলেন, ‘আওয়ামী লীগ এখনো সব ইউনিয়নে বিভক্তি কাটিয়ে উঠতে পারেনি। জসিম ভাই এলাকায় থাকলে এটা কাটানো সম্ভব হতো।’ছাত্রলীগের স্থানীয় এক নেতা বলেন, ‘গায়ে পড়ে তো আর কাজে নামতে পারি না। তিনি (নুরনবী) না ডাকলে কীভাবে যাই।’হাফিজের পাশে শরিকেরা: বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিক দলের স্থানীয় নেতারা হাফিজউদ্দিনের পক্ষে নামার সিদ্ধান্ত নিয়েছেন।জেলা বিএনপির সভাপতি গোলাম নবী বলেন, চারদলীয় জোটের শরিকদের নিয়ে তাঁর বাড়িতে বৈঠক হয়েছে। সেখানে সবাই ঐক্যবদ্ধভাবে হাফিজউদ্দিনের পক্ষে কাজ করার অঙ্গীকার করেছেন।জামায়াতের আমির ফজলুল করিম প্রথম আলোকে বলেন, যদিও জোট থেকে প্রার্থী ঘোষণা করা হয়নি, তার পরও জামায়াত নৈতিক কারণে নির্বাচনে হাফিজউদ্দিনের পক্ষে কাজ করবে।বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বলেন, বিজেপির নেতা-কর্মীরা হাফিজউদ্দিনের পক্ষে কাজ করবেন। বৃহস্পতিবার বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান লালমোহনে বিএনপির প্রার্থীর সঙ্গে বৈঠক করেন।হাফিজের প্রতিবাদ: গতকাল এক প্রতিবাদপত্রে হাফিজউদ্দিন আহম্মেদ বলেছেন, গত বৃহস্পতিবার ‘আওয়ামী লীগের প্রার্থী নুরনবী, “সব” প্রস্তুতি বিএনপির’ শিরোনামে প্রথম আলোতে প্রকাশিত সংবাদে তাঁর বক্তব্য সঠিকভাবে প্রকাশিত হয়নি। প্রতিবাদপত্রে বলা হয়, ‘আমি কখনো বলিনি যে আওয়ামী লীগের প্রার্থী জনাব নুরনবী দীর্ঘদিন ধরে ঢাকা সিটি করপোরেশনে চাঁদাবাজি করছেন। আমার ২৫ বছরের রাজনৈতিক কর্মকাণ্ডে আমি কখনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ব্যক্তিগত আক্রমণ করিনি। এ ছাড়া অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হলে নিরস্ত্র বিএনপির নেতা-কর্মীরা কীভাবে ক্যাডারদের মোকাবিলা করবে, তা আমারও বোধগম্য নয়।’