‘আমি ১৯৮৮ সালে দৌলতপুর (দিবা-নৈশ) কলেজে স্থানীয় ও ব্যাপকভাবে পরিচিত মুখ হিসেবে ছাত্রশিবিরের ব্যানারে ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হই।’গত ২৪ মে খুলনার স্থানীয় একটি দৈনিকে বিজ্ঞাপন দিয়ে এ কথা জানিয়েছেন এস এম নুরুল হক নুরু। এই নুরুল এখন খুলনা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা।১৯৮৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত নুরুলের নেতৃত্বে ইসলামী ছাত্রশিবিরের দাপটে দৌলতপুর কলেজ ও শহরে ছাত্রলীগ ছিল দিশেহারা। এখনো তাঁর দাপটে দৌলতপুর আওয়ামী লীগ ও ছাত্রলীগের পুরোনো নেতারা কোণঠাসা।আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার ক্ষমতায় আসার পরও নুরুলের দাপট কমেনি, বরং বেড়েছে। দৌলতপুরে তাঁর বাসায় খুলনা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা নিয়মিত অতিথি হিসেবে আসেন।শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান ও সাংসদ শেখ হেলালের ছোট ভাই শেখ জুয়েলের সঙ্গে ঘনিষ্ঠতার দাবি করেন নুরুল। এ জন্য অন্য নেতারা নুরুলকে সমীহ করে চলেন।জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন থেকে সরাসরি আওয়ামী লীগে যোগ দিয়ে কেমন লাগছে? এর জবাবে নুরুল বলেন, ‘আমি যখন দৌলতপুর কলেজে ভর্তি হই, তখন বেশ কিছু ভালো ছেলেপেলে শিবির করত। তাদের সঙ্গে নিয়ে কলেজের উন্নতির জন্য শিবিরে যোগ দিই। ছাত্র সংসদ নির্বাচনে দাঁড়ালে জয়লাভ করি। কিন্তু আওয়ামী লীগ অনেক বড় দল। এখানে আস্তে আস্তে ওপরে উঠতে হবে।’দৌলতপুর আওয়ামী লীগের পুরোনো নেতারা জানিয়েছেন, বিরোধী দলে থাকা অবস্থায় নুরুলকে সবাই খুলনার বিএনপি ও জামায়াতের নেতাদের ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে চিনতেন। শিবিরের ভিপি থাকা অবস্থায় নুরুলের দাপটে ছাত্রলীগের কর্মীরা দৌলতপুর কলেজে ঢুকতে পারতেন না।নুরুল হক আরও জানান, সামনে খুলনা আওয়ামী লীগের সম্মেলন। তিনি দৌলতপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনয়ন চাইবেন। তাঁর মন্তব্য, কেউ যখন নতুন ভালো কিছু শুরু করে, তখন সমালোচনা হয়। পরে তার নেতৃত্ব ঠিকই সবাই মেনে নেয়।নুরুলের জাদু: নুরুলের পক্ষে অবশ্য দৌলতপুর আওয়ামী লীগের একাংশ অবস্থান নিয়েছে। গত ২৪ মে দৌলতপুরের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে খুলনার স্থানীয় এক দৈনিকে তাঁর পক্ষে সাফাই গেয়ে একটি বিজ্ঞাপন প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, নুরুল ’৯৬ থেকে এখন পর্যন্ত সব জাতীয় ও স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন।দৌলতপুর থানা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা জানিয়েছেন, নুরুল হক ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দৌলতপুর আসন থেকে নির্বাচিত সাংসদ মন্নুজান সুফিয়ানের নির্বাচনী প্রচারে অর্থ জুগিয়েছেন। প্রতিমন্ত্রীর ছোট ভাই ও সহকারী একান্ত সচিব শাহাবুদ্দিনের সঙ্গে নুরুলের ব্যবসায়িক সম্পর্কের কথা এলাকায় শোনা যায়। তবে শাহাবুদ্দিন এ সম্পর্কের কথা অস্বীকার করেন।খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র তালুকদার আবদুল খালেক প্রথম আলোকে বলেন, নুরুল একসময় ছাত্রশিবির করতেন বলে খারাপ লোক হয়ে যাবেন, এমন কোনো কথা নেই। এখন তিনি মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এটা তো দোষের কিছু না।কর্মীরা ভীত: সাধারণ কর্মীরা নুরুলকে ভয় পেলেও আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা বেশ গুরুত্ব দেন। নুরুলের আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠানে মেয়র আবদুল খালেক, প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ বেশির ভাগ প্রভাবশালী নেতা উপস্থিত ছিলেন।মন্নুজান সুফিয়ান প্রথম আলোকে বলেন, ‘এ বছরের ২ মার্চ নুরুল ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। গুরুত্বপূর্ণ পদ দেওয়ার আগে আমরা দেখব, তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়েছেন কি না।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ কোনো কট্টর বাম দল নয় যে এখানে নতুন কাউকে নেওয়া যাবে না।’১৯৯০ সালে দৌলতপুর কলেজ সংসদের সহসভাপতির পদ ছাড়ার পর নুরুল জামায়াতে ইসলামীর সঙ্গে ঘনিষ্ঠ থাকেন। খুলনা জামায়াতে ইসলামীর তহবিলে অর্থ দিতেন এবং জামায়াতের নেতা মিঞা গোলাম পরওয়ারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি পান।সম্প্রতি খুলনা শহরের রূপসা সেতুর কাছে চার কোটি টাকা দিয়ে নুরুল আট বিঘা জমি কিনেছেন। সেখানে একটি যন্ত্রচালিত ও স্বয়ংক্রিয় চালকল স্থাপনের উদ্যোগ নিয়েছেন। পাট কেনার জন্য দৌলতপুর কলেজ রোড শাখা সোনালী ব্যাংক থেকে নয় কোটি টাকা ঋণ নিয়ে জমি কিনেছেন বলে জানা যায়।এ প্রসঙ্গে নুরুল হক বলেন, ‘গত বছর পাটের ব্যবসা করে ভালো লাভ করেছি। সেই টাকা দিয়ে জমি কিনেছি। দু-এক বছরের মধ্যে সেখানে একটি বড় চালকল স্থাপন করতে চাই।’